দূরে দূরে দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর গত রোববার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এই বৈঠকে ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাফিজ উদ্দিন আহম্মদের নাম চূড়ান্ত হয়। তবে চেয়ারপারসনের সঙ্গে সালাম বিনিময় ছাড়া তাঁর কোনো কথা হয়নি বলে একাধিক নেতা জানান।চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ম্যাডামের সঙ্গে দেলোয়ার সাহেবের দূরত্ব কল্পনার অধিক। কে এই দূরত্ব কমাতে পারবে, আল্লাহ্ ছাড়া কেউ জানে না।’বিএনপির একাধিক সূত্র থেকে জানা যায়, দলের চেয়ারপারসন ও মহাসচিবের মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে কথা হয় না। গত মাসের শুরুর দিকে খোন্দকার দেলোয়ার হঠাত্ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া বা অন্য শীর্ষস্থানীয় নেতাদের কেউই তাঁকে ফোন করে সমবেদনা জানাননি।তবে গতকাল প্রথম আলোর সঙ্গে আলাপকালে খোন্দকার দেলোয়ার বলেন, ‘মিথ্যা কথা বাবা, সব মিথ্যা কথা। মানুষে কত কিছু বানায়! কত কিছু বানাবে! আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন না? মানুষ এর কথা ওর কাছে বলে, ওর কথা এর আছে বলে। খুব খারাপ এরা!’দূরত্বের নানা কারণ: বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, গত সংসদ নির্বাচনে সাভার থেকে ছেলে আবদুল হামিদকে বিএনপির মনোনয়ন পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বিএনপির মহাসচিব। কিন্তু খালেদা জিয়া এতে রাজি হননি। ওই নির্বাচনে আরও কয়েকজন নেতাকে মনোনয়ন দেওয়া নিয়েও খালেদা জিয়ার সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন খোন্দকার দেলোয়ার।হারুনার রশিদ খান, হাফিজ উদ্দিন আহম্মদ, সাদেক হোসেন প্রমুখ যেন মনোনয়ন না পান, সে জন্য দেলোয়ার তদবির করেছিলেন। কিন্তু খালেদা জিয়া তা মানেননি। এরপর দলের সাম্প্রতিক কাউন্সিলের আগে সারা দেশে বিএনপির আহ্বায়ক কমিটি নিয়েও চেয়ারপারসনের সঙ্গে মতবিরোধ হয় দেলোয়ারের। খালেদা জিয়ার কাছে অভিযোগ ছিল, দেলোয়ার নিজের প্রভাব পাকাপোক্ত করতে গিয়ে নিজের ইচ্ছেমতো আহ্বায়ক কমিটি করেছেন।সর্বশেষ বিএনপির ৩৮৩ সদস্যের কমিটি নিয়ে আবারও মতবিরোধ দেখা দেয় এই দুজনের মধ্যে। কমিটি গঠনের একপর্যায়ে দেলোয়ার বৈঠক ছেড়ে বেরিয়ে যান। দেলোয়ার চেয়েছিলেন, সংস্কারপন্থী হিসেবে পরিচিত কেউ যেন কমিটিতে স্থান না পান। কিন্তু দলের ঐক্যের স্বার্থে খালেদা জিয়া সবাইকে নিয়ে কমিটি গঠন করেছেন। এসব বিষয়ে দেলোয়ারের একগুঁয়েমি খালেদা জিয়া ভালোভাবে নেননি। এর আগে খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় সংস্কারপন্থীদের নিয়ে মিলেমিশে দল চালাতে দেলোয়ারকে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দেলোয়ার সে কথা শোনেননি।তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির হাল ধরেছেন—এই যুক্তি দেখিয়ে দেলোয়ার মহাসচিব থাকতে জোর দাবি জানান। এ জন্য তাঁকে আবারও মহাসচিব করে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখন কাগজে-কলমে দেলোয়ার মহাসচিব থাকলেও কার্যত দায়িত্ব পালন করছেন ফখরুল ইসলাম আলমগীর।সব কাজ করছেন মির্জা আলমগীর: সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ দলের গঠনতন্ত্র অনুযায়ী এই অনুমোদন দেওয়ার কথা মহাসচিব দেলোয়ারের। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নানা কর্মসূচিতে আলমগীরই যাচ্ছেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলীয় কর্মকাণ্ড নিয়ে পরামর্শ করতে যুক্তরাজ্যেও গিয়েছেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘ব্যাপারটা হচ্ছে, মহাসচিবের বয়স বেশি, তিনি অসুস্থও। চিকিত্সার জন্য সিঙ্গাপুরেও গেলেন তিনি। মনে হয়, এখনো শরীর অতটা ভালো না। কিন্তু দলের কাজকর্ম তো চালাতে হবে। দলের শৃঙ্খলা অনুযায়ী যুগ্ম মহাসচিবেরা কাজ করবেন। একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আছেন। তিনিই দায়িত্ব পালন করছেন।’দেলোয়ারের খোঁজ নেয়নি কেউ: বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত মাসের শুরুর দিকে মেয়র সাদেক হোসেনের নেতৃত্বে মহানগরে একটি জনসভা করার উদ্যোগ নেওয়ার পরই খোন্দকার দেলোয়ারের অসুস্থতার খবর শোনা যায়। কিন্তু এই অসুস্থতা নিয়ে দলের নেতাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। সাদেক হোসেন ঢাকা মহানগরে সক্রিয় হন, এটা দেলোয়ার চান না। তখন খালেদা জিয়া দেলোয়ারকে দেখতে যাননি।পরে দেলোয়ার চিকিত্সার জন্য সিঙ্গাপুরেও যান। সিঙ্গাপুর থেকে তিনি ফিরেছেন ৯ মার্চ। এরপর দলীয় কর্মকাণ্ড বলতে শুধু ১৬ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় যোগদান। এর পর থেকে তিনি আরমানিটোলার বাসাতেই থাকছেন। বিএনপির চেয়ারপারসন বা শীর্ষস্থানীয় কোনো নেতা তাঁকে দেখতেও যাননি।এ বিষয়ে জানতে চাইলে খোন্দকার দেলোয়ার প্রথম আলোকে বলেন, ‘উনি (চেয়ারপারসন) নিজেই অসুস্থ। আপনি তো এটা জানেন, আমার প্রতি তিনি অসন্তুষ্ট নন। চেয়ারপারসন খুব ভালো মানুষ।’দেলোয়ার দীর্ঘদিন যান না চেয়ারপারসনের কার্যালয়ে: এক মাস আগে সিঙ্গাপুরে চিকিত্সার জন্য যাওয়ার আগে থেকেই দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যাওয়া থেকে বিরত আছেন দেলোয়ার। দলীয় কর্মকাণ্ডেও তিনি অত বেশি সক্রিয় নন।এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, তিনি তো কেবল ফিরলেন। কিন্তু ওভাবে সক্রিয় থাকতে পারছেন না। অথচ বিএনপির তৃণমূল পর্যায়ে অনেক কর্মকাণ্ড। দল পুনর্গঠনের বিষয়ে নানা কাজ চলছে। সারা দেশ সফর করে সরকারের গণবিরোধী কর্মকাণ্ড নিয়ে জনগণের কাছে দলের বক্তব্য তুলে ধরা হচ্ছে। এ ক্ষেত্রে এমন নেতৃত্ব দরকার, যিনি নিয়মিত জনগণের কাছে যেতে পারেন। দলের শীর্ষস্থানীয় নেতারা এমনটিই ভাবছেন।চেয়ারপারসনের কার্যালয়ে খোন্দকার দেলোয়ারের না যাওয়ার বিষয়ে জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের দুটি কার্যালয় আছে। একটি গুলশানে, সেখানে চেয়ারপারসন বসেন; অন্যটি নয়াপল্টনে, সেখানে সবাই যান। গুলশানে যেতে অনেক যানজটে পড়তে হয়, এ কারণে হয়তো তিনি যাচ্ছেন না।’ তবে মাহবুবুর রহমানের অন্য একটি কথায় খোন্দকার দেলোয়ারকে নিয়ে দলের ভেতর উপদলীয় কোন্দলের বিষয়টি স্পষ্ট হয়। তিনি বলেন, ‘বিভিন্ন সংঘাত, দ্বন্দ্ব, ভুল-বোঝাবুঝি আছে। তবে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে সমঝোতা জরুরি। কিছু কিছু জায়গায় সমস্যা আছে। এসবের কারণে দল হিসেবে বিএনপি এখনো ভালোভাবে গুছিয়ে উঠতে পারেনি।’