দূরের ছাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঁখি আক্তার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের বাসিন্দা। হেমন্তে খেতের আল ধরে আট কিলোমিটার হেঁটে তাকে বিদ্যালয়ে আসতে হয়। আর বর্ষার সাত মাস আসে নৌকায় শনির হাওর পাড়ি দিয়ে। যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় এবং কাছাকাছি আর কোনো মাধ্যমিক স্তরের বিদ্যালয় না থাকায় এভাবেই কষ্ট করে বিদ্যালয়ে যাতায়াত করছে তাহিরপুর সদর, দক্ষিণ শ্রীপুর ও দক্ষিণ বড়দল ইউনিয়নের ২০ গ্রামের ছাত্রীরা। উপজেলার একমাত্র বালিকা উচ্চবিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হলেও এটির ছাত্রীনিবাস না থাকায় দূরের ছাত্রীদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একাডেমিক ভবনের দোতলায় জেলা পরিষদের অর্থে ছাত্রীনিবাস নির্মাণের কাজ শুরু হয়েছিল সাত বছর আগে। বর্তমানে বরাদ্দ না থাকায় এর কাজ বন্ধ রয়েছে। প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার জানান, তাঁরা বিদ্যালয়ের একটি টিনশেড ঘরে ছাত্রীনিবাস চালুর চেষ্টা করেছিলেন, কিন্তু বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকায় অভিভাবকেরা ছাত্রীদের এখানে দিতে চান না। তাই ছাত্রীনিবাস চালু করা যাচ্ছে না। তবে মূল ছাত্রীনিবাসের কাজ শেষ হলে ছাত্রীদের এ দুর্ভোগ লাঘব হবে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল তালুকদার বলেন, ‘বিদ্যালয়টি উপজেলা সদরের ব্যস্ততম রাস্তার পাশে। তাই সীমানাপ্রাচীর প্রয়োজন। আমরা আবেদন-নিবেদন করেও তা করতে পারছি না।’ সপ্তম শ্রেণীর ছাত্রী সুমাইয়া হোসেন ও তানজুমা বেগম জানায়, সীমানাপ্রাচীর না থাকায় শ্রেণীকক্ষে তাদের মনোযোগ নষ্ট হয়।বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা পূর্ণিমা চৌধুরী জানান, কয়েক দিন আগে বড়দল গ্রাম থেকে সাতজন ছাত্রী নিয়ে বিদ্যালয়ে আসার পথে হাতে বেয়ে নেওয়া একটি নৌকা ডুবে যায়। এলাকাবাসী আধঘণ্টা পর সেটি উদ্ধার করে। এতে অল্পের জন্য তাঁদের সবার প্রাণ রক্ষা পেয়েছে। মাড়ালা গ্রামের মমদোহা আক্তার ও পাটাবুকা গ্রামের নাঈমা আক্তার বলে, ‘আমরা প্রতিদিন নয় কিলোমিটার দূর থেকে হাওর পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসি। এ জন্য কোনো দিনই প্রথম ক্লাসটি করতে পারিনি। বর্ষায় চলাচল করা একমাত্র ইঞ্জিন নৌকাটি নির্দিষ্ট সময়ে ধরতে এবং হেমন্তে হেঁটে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে দুই ক্লাস আগেই আমরা ছুটি নিয়ে থাকি।’বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র দে জানান, দূরের ছাত্রীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ে। আসা-যাওয়া করতেই তারা ক্লান্ত হয়ে পড়ে। বাড়িতে গিয়ে আর লেখাপড়ার শক্তি থাকে না।দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের এক ছাত্রীর অভিভাবক কয়েছ মিয়া জানান, যাতায়াতে মেয়ের কষ্ট দেখে তিনি লজিংয়ের জন্য চেষ্টা করছেন। ছাত্রীনিবাস থাকলে মেয়ের বিদ্যালয়ে যাতায়াতের ব্যাপারে এত দুশ্চিন্তা হতো না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান জানান, সীমানাপ্রাচীর ও ছাত্রীনিবাস খুবই জরুরি। ছাত্রীনিবাস না থাকায় দুর্ভোগ পোহাাচ্ছে দূরের শিক্ষার্থীরা। বর্ষায় বিদ্যালয়টিতে ছাত্রীদের উপস্থিতি কমে যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান জানান, আশপাশে বিদ্যালয় না থাকায় ছাত্রীরা হাওরপাড়ের অনেক দূরের গ্রাম থেকে বিদ্যালয়টিতে আসে। তাই ছাত্রীনিবাসটি দ্রুত নির্মাণ প্রয়োজন।তিনি আরও জানান, ছাত্রীনিবাসের অসম্পন্ন কাজ সম্পন্ন করতে জেলা পরিষদের কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদন করেছেন।