দূরের পথে নামতে রং করা হচ্ছে ভাঙাচোরা বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে পুরোনো লক্কড় ঝক্কড় বাস রং করা চলছে। রাজধানীর কাজলা, সাভারের বলিয়ারপুর ও গাজীপুরের মৃধাবাড়ী এলাকায় এ ধরনের বাস মেরামতের কাজ করতে দেখা গেছে। ঢাকা-আরিচা, ঢাকা-মানিকগঞ্জ ও ঢাকা-নরসিংদীর মতো কাছাকাছি রুট এবং রাজধানীর ভেতর চলাচলকারী ভাঙাচোরা বাস ঈদের ভিড়ের সময় দূরপাল্লার রুটে চালানোর জন্যই রং করে সাজানো হচ্ছে। একজন বাস-মালিক প্রথম আলোকে জানান, ঈদে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দেশের বিভিন্ন জেলায় প্রায় ১৫ হাজার বাস যায়। চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। এ জন্য ঈদের আগের দুই দিন এবং ঈদের দিন এসব বাস রং করে দূরপাল্লার রুটে নামিয়ে দেওয়া হয়। পুরোনো বাসের একজন মালিক জানান, এগুলো সাধারণত ঈদের আগের দিন রিজার্ভ বাস হিসেবে ব্যবহার করা হয়। আসার সময় যাত্রী পাওয়া যায় না বলে যাওয়ার সময় বেশি ভাড়া আদায় করা হয়। সাভারের বলিয়ারপুর এলাকায় পুরোনো বাস রং করার এমন একটি ওয়ার্কশপের ফোরম্যান খোরশেদ জানান, দুই দিনের ফরমায়েশে তাঁরা গাড়ি রং ও ধোয়ামোছার কাজ করেন। অনেক সময় বাসের গায়ে লেখা অনুমোদিত রুটের নাম মুছে নতুন নাম লিখে দেওয়া হয়। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ ধরনের ফরমায়েশ বেড়ে গেছে বলে তিনি জানান। আরেকজন বাস-মালিক জানান, এসব পুরোনো বাসই যত্রযত্র বিকল হয়ে মহাসড়কে যানজট সৃষ্টি করে। কিছু লোকের লোভের শিকার হতে হয় ঘরমুখো হাজার হাজার মানুষকে। দূরপাল্লার রুটের বিলাসবহুল বাস শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, যাঁদের মাত্র একটি বা দুটি বাস আছে, তাঁরা ঈদে এই সুযোগটা নেন। অনেক সময় মালিক নিজেই চালিয়ে নিয়ে যান। কারণ ঈদের আগে চালকের অভাব থাকে।