দূরের মায়ের দুঃখ ঘোচেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হান্ডেড পারসেন সিওর। কুনো মিস নাই। ইনশাল্লাহ, এইডাই হামার ছাওয়া (ছেলে)’।এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সামনে দৃঢ় প্রত্যয়ে বলছিলেন রংপুরের মুনজেলা। সমস্যা হচ্ছে তিনি শতভাগ নিশ্চয়তা দিলেও চিকিৎসকেরা পুরো নিশ্চিত হতে পারছেন না। আইসিইউর ১১ নম্বর বিছানায় গত ২৪ এপ্রিল থেকে যে অজ্ঞাতপরিচয় যুবকটিকে কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে রাখা হয়েছে, গতকাল বুধবার পর্যন্ত তাঁর সংজ্ঞা ফেরেনি। এই যুবকটিকে নিজের ছেলে বলে দাবি করেছিলেন আরও এক মা। মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার থানার বরাইদ গ্রামের শুক্কুরি বেগম। এ নিয়ে প্রথম আলোতে গত ৩০ এপ্রিল ‘কাছের মা, দূরের মা’ নামে একটি সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়। তিন দিন আগে যুবকটির মাথার ব্যান্ডেজ খুলে দেওয়া হলে শুক্কুরি বেগম চেহারা দেখে জানান, যুবকটি তাঁর ছেলে নয়। পুত্রের দাবি ছেড়ে এত দিন অপেক্ষায় থাকার পর তিনি তাঁর আত্মীয়স্বজনকে নিয়ে হাসপাতাল ছেড়ে যান।রানা প্লাজা ধসের পর গুরুতর আহত অবস্থায় আনুমানিক ২০-২২ বছরের এই যুবকটিকে এনাম হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। শুক্কুরি বেগম তাঁর নিখোঁজ ছেলেকে খুঁজতে এসে ২৬ এপ্রিল অজ্ঞাতপরিচয় এই যুবককে তাঁর ছেলে জাহাঙ্গীর বলে দাবি করেন। জাহাঙ্গীর নামটিই তখন হাসপাতালে লিপিবদ্ধ করা হয়।কিন্তু ২৮ এপ্রিল মিঠাপুকুর উপজেলার মুনজেলা তাঁর ছেলে মনোয়ার হোসেনকে খুঁজতে এসে এই সংজ্ঞাহীন যুবককে ছেলে বলে দাবি করেন। তখন বিভ্রান্ত হয়ে পড়েন চিকিৎসকেরাও। অবশেষে তাঁরা সিদ্ধান্ত দেন, সংজ্ঞা ফিরে এলে ছেলে যাকে মা বলে ডাকবে, তিনিই হবেন প্রকৃত মা। আর ‘অন্য কিছু ঘটে গেলে’ ডিএনএ পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।গতকাল ৮ মে আইসিইউতে গিয়ে দেখা গেল, যুবকের সংজ্ঞা ফেরেনি। তবে তাঁর মাথার ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। ব্যান্ডেজ খোলার পর শুক্কুরি বেগম চেহারা দেখে যুবকটি তাঁর ছেলে নয় বলে জানান। গত রাতে সেলফোনে যোগাযোগ করলে শুক্কুরি বেগম প্রথম আলোকে জানান, জাহাঙ্গীরকে তাঁরা এখনো খুঁজে পাননি। কিন্তু এতে সমস্যা যাচ্ছে না আরেক মা মুনজেলার। চিকিৎসকেরা জানিয়েছেন, যুবকটি যতক্ষণ পর্যন্ত নিজে থেকে মুনজেলাকে মা বলে চিনতে পারছেন, ততক্ষণ তাঁরা মুনজেলাকে যুবকের মা বলে মানবেন না। আইসিইউতে কর্তব্যরত সহকারী অধ্যাপক ইয়াসনিম খানম বললেন, ‘পরিচয় নিয়ে যেহেতু সমস্যা দেখা দিয়েছে, তাতে আমরা নিশ্চিত না হয়ে কিছু করতে পারছি না। কারণ, এর মধ্যে সাহায্য হিসেবে কিছু টাকা জমেছে এই রোগীর নামে। লোকজন দেখতে এসে এই অর্থসাহায্য দিয়েছে। এই টাকা আমরা রেখে দিয়েছি। যুবকটির জ্ঞান ফিরে এলে মুনজেলাকেই যদি মা বলেন, তখন ছেলে আর টাকা সবই আপনারা পাবেন।’এই আইসিইউতে আছেন এখন তিনজন রোগী। অজ্ঞাতনামা এই যুবক, শিল্পী ও শাহিনা। যুবকটির অবস্থা সম্পর্কে চিকিৎসক ইয়াসনিম খানম বলেন, এই যুবক ও শিল্পী নামের এক তরুণীর অবস্থা এখনো সংকটাপন্ন। দুজনের এখনো সংজ্ঞা ফেরেনি। তবে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যুবকটি মাঝে মাঝে চোখ মেলছেন। গত মঙ্গলবার তাঁর ভেন্টিলেশন খুলে নেওয়া হয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেননি। এ অবস্থা কত দিন থাকবে, তা নিশ্চিত করে কিছু বলা যায় না।ইয়াসনিম খানম বলেন, একই অবস্থা শিল্পীরও। শিল্পীও মাথায় আঘাত পেয়েছেন। তবে শাহিনার জ্ঞান ফিরেছে। কথাও বলতে পারছেন কিন্তু তাঁর বাঁ পা ভেঙেছে এবং শরীরের ভেতরের অংশে গুরুতর আঘাতজনিত সমস্যা আছে।আইসিইউর সামনের বারান্দাতেই এখন রাত-দিন পড়ে আছেন মুনজেলা, তাঁর স্বামী আবুল হোসেন ও ভাশুর খয়বর হোসেন। আবুল হোসেন নিজেও অসুস্থ। মুনজেলার দুশ্চিন্তা কিছুটা কমেছে ছেলের দাবিদার শুক্কুরি বেগম দাবি ছেড়ে দেওয়ায়। তবে তাঁর বড় দুঃখ, হাসপাতালে ডাক্তার নার্স সবাই এখনো কোনো প্রয়োজন হলেই ভেতর থেকে ডাক দেন, ‘জাহাঙ্গীরের লোক আছেন’ বলেন। মুনজেলা তাঁদের বোঝাতেই পারছেন না, তাঁর ছেলের নাম জাহাঙ্গীর নয়, মনোয়ার। কবে যে এই ভুল ভেঙে দিয়ে ছেলে ‘মা’ বলে ডাকবে, সেই প্রতীক্ষায় আছেন তিনি।