‘নিজের খেতে আবাদ করতে পারলে বছরের খোরাকি তুলতে পারতাম। কিন্তু এখন বালু ফেলে মাঠ ভরাট করা হচ্ছে। কারখানার ময়লা-আবর্জনা আবাদি জমি নষ্ট করছে। জমিতে আর ফসল হচ্ছে না। বাধ্য হয়ে জমি বিক্রি করতে হচ্ছে।’৭০ বছর বয়সী গাজী আজমত খান এভাবেই তাঁর কষ্টের কথা জানালেন। টঙ্গীর সাতাইশ গ্রামে তাঁর বাড়ি। একসময় নিজের জমিতে ধান আবাদ করে সংসার চালাতে পারলেও এখন আর সেই সুযোগ নেই। নগরায়ণের কারণে কৃষিজমি হাতছাড়া হয়ে যাচ্ছে। কারখানার আবর্জনা মিশছে কৃষিজমিতে। ফলন কমে যাওয়ায় কৃষি পেশা ছেড়ে দিচ্ছেন অনেকে।একই গ্রামের আবদুল খানের ১৫ কাঠা জমির মধ্যে ১০ কাঠায় আবাদ হতো। কারখানার আবর্জনা জমে এখন তা পতিত পড়ে আছে। বাকি পাঁচ কাঠায় ঘর তুলে ভাড়া দিয়েছেন। পাশের একটি পোশাক কারখানা থেকে দূষিত পানি গিয়ে তাঁর জমি আবাদের অযোগ্য করে তুলেছে। মোসলেম খান (৯০), জয়নাল আবেদিন (৭০), আলমাছ মিয়াসহ (৫৫) অনেকেই জানালেন একই কথা।মোসলেম খান বলেন, ‘আগে আমরা ভালো ছিলাম। এখন তো নগর হইয়া আমাগো সমস্যা বেড়েছে। জমির দাম বাড়ায় জমি হারাইছি। সিটি করপোরেশন হইলে খরচ বাড়বে। ট্যাক্স দিতে হবে বেশি। সুবিধা তো বাড়বে না। আমরা গ্রামেই ভালো ছিলাম।’সরেজমিন ঘুরে জানা গেছে, মাত্র চার-পাঁচ বছর আগেও টঙ্গীর বহু মানুষ কৃষিকাজে জীবিকা নির্বাহ করলেও এখন সেই সুযোগ কমে গেছে। পৌরসভার উত্তর-পশ্চিম সীমান্তে গুটিয়া, বাদাম, সাতাইশ, পূর্ব সীমান্তে সিনমনরেল, দত্তপাড়ার কিছু এলাকায় জমিতে চাষাবাদ হয়। একসময় বিভিন্ন ফসলের আবাদ হলেও পৌর এলাকায় এখন কৃষিজমি খুঁজে পাওয়াই দুষ্কর। কৃষিজমিতে গড়ে উঠেছে কলকারখানা, হাটবাজার। সাতাইশ, গুটিয়াসহ কয়েকটি গ্রামের কৃষিজমিতে দেখা যায় বিভিন্ন আবাসন কোম্পানির সাইনবোর্ড। বালু ফেলে মাটি ভরাট করা হচ্ছে। কোথাও চলছে বাড়ি তৈরির আয়োজন।একাধিক গ্রামের কৃষকেরা জানান, পাঁচ বছর আগে যেসব কৃষক জমি আবাদের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের প্রায় ৫০ শতাংশই এখন অন্য পেশায় চলে গেছেন। এঁদের অনেকে বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজ নিয়েছেন। কেউ কেউ কাজের সন্ধানে এলাকা ছেড়ে অন্যত্র গেছেন। যাঁরা কোথাও যাওয়ার সুযোগ পাননি, তাঁরা স্থানীয় হাটবাজারে ক্ষুদ্র ব্যবসায় জীবিকা নির্বাহ করছেন।চেরাগ আলী বাসস্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের সাতাইশ গ্রাম পর্যন্ত রিকশা কিংবা টেম্পোতে যাওয়ার পথে কৃষিজমির দেখা মেলে সামান্যই। সাতাইশ গ্রামটি পরিণত হয়েছে বাজারে। মাত্র ছয়-সাত বছরের ব্যবধানে ওই গ্রামের চৌরাস্তায় বিশাল এক বাজার গড়ে উঠেছে। এ কথা জানালেন বাজারের ষাটোর্ধ্ব ব্যবসায়ী জয়নাল আবেদিন। দেড় হাজার টাকায় একটি দোকান ভাড়া নিয়ে বাজারে মুদি দোকান দিয়েছেন তিনি। একসময় তাঁর দুই বিঘা জমি থাকলেও এখন আছে মাত্র আধা বিঘা।সাতাইশ গ্রামে শেষ বিকেলে বোরো ধানের চারা তুলছিলেন কৃষক আলমাছ মিয়া (৫৫)। আর কত দিন কৃষি পেশায় টিকতে পারবেন, তা নিয়ে শঙ্কিত তিনি। সাতাইশ মৌজায় একসময় তাঁর সাত বিঘা জমি থাকলেও এখন মাত্র দুই বিঘা জমি চাষ করেন। নগরায়ণের কারণে নিজের জমি আর ধরে রাখতে পারছেন না তাঁরা। জমি বিক্রি করতে হবে কিংবা ফসলি জমিতে ঘর তুলে ভাড়া দিতে হবে—এই প্রস্তুতি নিচ্ছেন তিনি।কৃষিতে নানা সংকটের কথা জানান একই গ্রামের কৃষক শামীম আহমেদ (৩০)। মজুর নিয়ে মাঠে কৃষিকাজ করান তিনি। একসময় সাত-আট বিঘা জমিতে বোরো আবাদ করলেও এখন করেন মাত্র সাড়ে তিন বিঘায়। বীজ, সার আর শ্রমিকদের মজুরির হিসাব দেখিয়ে এই পেশায় না থাকারই ইঙ্গিত দিলেন তিনি। শামীম বলেন, ‘কৃষিজমির দাম বেড়ে যাওয়ায় কৃষিতে এখন আর কারও আগ্রহ নেই। কৃষিকাজের জন্য শ্রমিকও পাওয়া যায় না। দৈনিক ২০০ থেকে ২৫০ টাকা মজুরি নিয়েও সংসার চালাতে পারছেন না কৃষি মজুরেরা।’কৃষি অফিস সূত্র জানায়, গাজীপুর উপজেলা কৃষি অফিসের অধীনে টঙ্গী পৌরসভায় রয়েছে দুটি কৃষি ব্লক। একটি সাতাইশ এলাকা, অপরটি দত্তপাড়া। দুটি ব্লকেই সমান হারে কৃষিজমি কমছে। ১০ বছর আগে সাতাইশ ব্লকে প্রায় এক হাজার ১০০ হেক্টর কৃষিজমি ছিল। এখন আছে ৬৭০ হেক্টর। দত্তপাড়া ব্লকে ১০ বছর আগে ৫১০ হেক্টর জমিতে আবাদ হলেও এখন হয় ৪০০ হেক্টরে।স্থানীয় পর্যায়ের কৃষি জরিপের উদ্ধৃতি দিয়ে গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ছাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ২০০৬ সালে টঙ্গীর দুটি ব্লকে এক হাজার ৪২৭ হেক্টর আবাদি জমি ছিল। ২০১০ সালে তা কমে দাঁড়িয়েছে এক হাজার ২০৭ হেক্টরে। জরিপে দেখা গেছে, টঙ্গী ছাড়াও গাজীপুর সদর, কোনাবাড়ী, কাশিমপুর, মির্জাপুর ও বেলাই বিল এলাকায় কৃষিজমি অনেক কমেছে। নগরায়ণ, ইটভাটা ও কলকারখানার দূষণ এর কারণ।স্থানীয় সূত্রগুলো জানায়, শিল্পনগরী হওয়ার কারণে টঙ্গীর সর্বত্র জমির দাম অত্যধিক বেড়েছে। আবাসন কোম্পানিগুলো বালু ফেলে জমি ভরাট করছে। অন্যদিকে বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশছে কৃষিজমিতে। এ কারণে টঙ্গীতে আবাদ কমে গেছে।সাতাইশ বাজারের খুচরা সার বিক্রেতা এ বি এম মোক্তার হোসেন বলেন, পাঁচ বছর আগে সাতাইশ গ্রামে বিভিন্ন ফসলের আবাদ হতো। এখন তা একেবারেই কমে গেছে। সারের দাম আগের চেয়ে অনেক কমলেও সার বিক্রিও অনেক কমেছে। বর্তমানে ইউরিয়া ১২ টাকা কেজি, টিএসপি ২২ টাকা, এমওপি ১৫ টাকা, ডিএপি (মিশ্র সার) ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সারের দাম কম হলেও ক্রেতা কম।সাতাইশ এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজউদ্দিন প্রথম আলোকে বলেন, এই ব্লকের নিচু এলাকায় বোরো ধানের আবাদ হয়। উঁচু এলাকায় আউশ-আমনের আবাদ অনেক কমেছে। গুটিয়া, রাজনগর, আদারুল, পাকরাল, মুদাপা, দাড়াইল, কাঁঠালদিয়াসহ কিছু এলাকায় বোরোর আবাদ হয়। এই এলাকায় প্রতিবছর গড়ে পাঁচ শতাংশ হারে কৃষিজমি কমছে।দত্তপাড়া এলাকার দায়িত্বে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা লিয়াকত আলী আকন্দ বলেন, এই এলাকায় প্রতিবছর আবাদ কমছে পাঁচ থেকে সাত শতাংশ হারে। আমন ও আউশের আবাদ একেবারেই কমে গেছে। কিছু এলাকায় বোরোর আবাদ হয়। নানা সংকটের কারণে অধিকাংশ কৃষক তাঁদের জমি বর্গা দিচ্ছেন।