শীতলক্ষ্যা নদীর দূষিত পানি সায়েদাবাদ পানি শোধনাগারে শোধনের আগে প্রাক-শোধনের জন্য যে যন্ত্রটি বসানো হয়েছে, তা সারা বছরে মাত্র তিন মাস চালু থাকবে। বাকি নয় মাসই এটি বন্ধ বা অকেজো থাকবে। অবকাঠামো ব্যয়সহ প্রায় ১০০ কোটি টাকা খরচ করে তৈরি এই প্রাক-শোধনযন্ত্র (প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্ট) সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২০১০ সালের এপ্রিলে।সায়েদাবাদের প্রথম শোধনাগার থেকে সাড়ে ২২ কোটি লিটার পানি উৎপাদিত হয়। দ্বিতীয় পর্যায়ের শোধনাগার থেকে আরও সাড়ে ২২ কোটি লিটার পানি উৎপাদন সম্ভব হবে। শোধনাগারের দ্বিতীয় পর্ব প্রকল্পের সঙ্গে প্রাক-শোধনযন্ত্র স্থাপন প্রকল্প যুক্ত করা হয়। এই যন্ত্র শোধনাগারের দুই পর্বের জন্যই কাজ করবে।শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের কাজের অংশ হিসেবে নতুন ১০ কিলোমিটার পাইপলাইন বসানো হলেও পুরোনো ৩৬ কিলোমিটার পাইপলাইন আগের অবস্থাতেই থাকবে। ফলে শীতলক্ষ্যার পানির দূষণ কমাতে প্রাক-শোধনযন্ত্র বসানো এবং মূল শোধনাগারের শোধন করা পানি পাইপলাইনে এসে আবারও দূষিত হয়ে যেতে পারে বলে ওয়াসার দায়িত্বশীল সূত্র ও বিশেষজ্ঞরা জানিয়েছেন।অনেক সময় পুরোনো পাইপলাইন ফুটো হয়ে ময়লা ঢোকে। আবার অনেক সময় পানির লাইনের পাশের পয়োনিষ্কাশনের লাইন ফুটো হয়ে একাকার হয়ে যায়। এ ছাড়া অনেকে অবৈধ সংযোগ নেওয়ার সময় পাইপ ফেটে যায়। কিছুদিন আগে গেন্ডারিয়া ও সূত্রাপুর এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। এতে ওয়াসাকে বেকায়দায় পড়ে ফুটো পাইপ মেরামত করতে হয়। সূত্রমতে, সায়েদাবাদ প্রথম পর্যায়ের ৩৬ কিলোমিটার পাইপলাইনের প্রায় অর্ধেকই ভালো অবস্থায় নেই।সায়েদাবাদ শোধনাগারের প্রকল্প পরিচালক ও ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সিরাজ উদ্দিন বলেন, ‘শোধনাগারের প্রথম পর্যায়ের পুরোনো লাইন বদলানোর কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে লাইন ভালো আছে বলেই জানি।’ পানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মজিবুর রহমানের মতে, পুরোনো পাইপ পুরোপুরি পুনর্বাসন না করলে শোধনাগারের সুফল পাওয়া যাবে না।শুধু তিন মাস চালু: শুকনো মৌসুমে নদীর পানির বিষাক্ত অণুজীব এত বেশি বেড়ে যায় যে সায়েদাবাদ শোধনাগারের পক্ষে সেই পানি শোধন করা সম্ভব হয় না। এ জন্য সরাসরি নদী থেকে নেওয়া দূষিত পানি শোধন করতে প্রচুর টাকা খরচ করে প্রাক-শোধনযন্ত্র বসানো হয়েছে। কিন্তু এটি ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বছরে মাত্র তিন মাস চালু থাকবে। বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। প্রকল্প পরিচালক মো. সিরাজ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, শোধনযন্ত্র বন্ধ রাখার কারণ শীতলক্ষ্যা নদীর পানি বছরের বাকি সময়ে মোটামুটি বিশুদ্ধ থাকে। তিনি বলেন, প্রাক-শোধনযন্ত্র চালু রাখতে হলে প্রচুর বিদ্যুৎ বিল দিতে হবে। এ ছাড়া আনুষঙ্গিক খরচ আছে।পানি বিশেষজ্ঞ অধ্যাপক মজিবুর রহমান এ বিষয়ে বলেন, শীতলক্ষ্যার পানি সবচেয়ে খারাপ অবস্থার সময় বিবেচনা করে হয়তো তিন মাস চালু রাখার কথা বলা হচ্ছে। তবে তুলনামূলক কম হলেও অন্য সময়েও ওই নদীর পানিতে অ্যামোনিয়া, শেওলা বা অন্য সরল জলজ অণুজীব থাকে, যেগুলো পানিকে দূষিত করে তোলে। প্রয়োজন বুঝে তাই তিন মাসের বাইরের সময়েও প্রাক-শোধনব্যবস্থা চালু রাখা উচিত।নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, কলকারখানা ও মনুষ্যসৃষ্ট আবর্জনার কারণে বছরের বেশির ভাগ সময়ই শীতলক্ষ্যা নদীর পানি দূষিত থাকে। তা প্রমাণিতও হয়েছে।পানির পাইপ বসানো হচ্ছে অসময়ে: ঢাকা সিটি করপোরেশনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, বছরের মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি করা যায় না। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াসা গত অক্টোবর থেকে পাইপলাইনের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শুরু না করে করছে এখন। এ কাজ শেষ হতে সময় লাগবে। যে কারণে প্রাক-শোধনযন্ত্র চালু হলেও নতুন লাইনে বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব হবে না। প্রাক-পরিশোধনযন্ত্র এবং রাস্তার পাইপ বসানো হচ্ছে সায়েদাবাদ শোধনাগার দ্বিতীয় পর্যায়ের বাজেট থেকে। এর মোট বরাদ্দ রয়েছে এক হাজার ৪০০ কোটি টাকা।প্রকল্প পরিচালক মো. সিরাজ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, সায়েদাবাদ শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করে তা আগামী ডিসেম্বরে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নতুন লাইনে পানিপ্রবাহও হবে ওই সময়ে। খোঁড়াখুঁড়ি কেন, কোথায়: মোট ১০ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন পাইপলাইন হচ্ছে তিনটি স্থানে। বসানো হচ্ছে এক হাজার সেন্টিমিটার চওড়া পাইপ। দারুস সালামের টেকনিক্যাল মোড় থেকে মিরপুর রোড হয়ে রাসেল স্কয়ার পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার পাইপলাইনের জন্য রাস্তা খোঁড়া হচ্ছে। বেশির ভাগ কাজ এখনো বাকি। দারুস সালাম এলাকায় অর্ধেকেরও বেশি রাস্তা ঘেরা দিয়ে খোঁড়াখুঁড়ি চলছে। ফলে গাবতলী যাওয়া এবং বিপরীত দিক থেকে আসা যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকছে। এ ছাড়া রামপুরা টেলিভিশন কেন্দ্র থেকে মৌচাক পর্যন্ত এবং বাকি রাস্তা খোঁড়া হচ্ছে তেজগাঁও নাবিস্কো এলাকা থেকে গুলশান সংযোগ সড়ক হয়ে শ্যুটিং ক্লাব পর্যন্ত।