দূষণের কারণে তেহরানে আজ সরকারি ছুটি
উচ্চমাত্রায় বায়ুদূষণের কারণে ইরান সরকার রাজধানী তেহরানে আজ বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চমাত্রায় বায়ুদূষণের কারণে আজ বুধবার তেহরানের স্কুল, কলেজ ও কারখানাগুলো বন্ধ থাকবে। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দূষিত ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ২৪ ঘণ্টার সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তেহরানে দূষণের মাত্রা বৃদ্ধির জন্য এর ভৌগোলিক অবস্থান এবং পুরোনো মডেলের গাড়ির অধিক ব্যবহারকে সর্বোতভাবে দায়ী করা হয়। সরকারি সূত্রে বলা হয়েছে, এ সপ্তাহের শুরুর দিকে তেহরানে দূষণের মাত্রা বেড়েছে এবং আজ বুধবার দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উপনীত হতে পারে।বায়ুদূষণ এবং বালুঝড়ের কারণে তেহরানে মাঝেমধ্যে সরকারি ছুটি ও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।সরকারের এ ধরনের অতিরিক্ত ছুটি ঘোষণার সমালোচকেরা বলছেন, এতে রোজ প্রায় ১৩ কোটি ডলার ক্ষতি হয়।সাম্প্রতিক দশকগুলোতে তেহরানের জনসংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে এবং প্রচুরসংখ্যক গাড়ি রাস্তায় নেমেছে। গাড়িগুলো বিশেষত পুরোনো মডেলের। এ গাড়িগুলোকেই উচ্চমাত্রার দূষণের জন্য দায়ী করা হয়। অবশ্য তেহরানের ভৌগোলিক অবস্থানকেও উচ্চমাত্রার দূষণের জন্য দায়ী করা হয়। তেহরান পর্বতে এমনভাবে ঘেরা যে সেখানে বায়ু চলাচল ও বৃষ্টিপাত হয় না । ফলে দূষিত বায়ু সরতে পারে না। ইরানের স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, দূষিত ধোঁয়ার কারণে হার্ট অ্যাটার্ক এবং শ্বাস-প্রশ্বাসের জটিলতাসংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর দেশটিতে কয়েক হাজার লোক প্রাণ হারায়। বিবিসি।