দূষিত পরিবেশে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীর চরে খেলার মাঠ নেই বললেই চলে। এলাকার একমাত্র মাঠে গিয়ে দেখা গেল, খালি গায়ে কয়েকটি শিশু খেলা করছে। একজনের ওপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। সবার গায়ে মাঠের ধুলোবালু ভরে রয়েছে। পুরো কামরাঙ্গীর চরের রাস্তাঘাটে, হাটে-মাঠে রাজত্ব করছে ধুলোবালি।রাস্তার যানজট ছাড়াও জায়গায় জায়গা মানুষের জটলা। অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে বসবাস করছে মানুষ। কামরাঙ্গীরচরে নেই কোনো ডাস্টবিন। তাই যেখানে-সেখানে আবর্জনা ফেলা হয়। শৌচাগারের মলমূত্র যাচ্ছে বুড়িগঙ্গা নদীতে। বাসাবাড়ি আর কল-কারখানার দেখা মেলে একই গলিতে। ফলে বায়ু আর শব্দদূষণের মধ্যে বসবাস করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কল-কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে নদী। কামরাঙ্গীরচরের পরিবেশ নিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা ইলিয়াছ বাবুলের সঙ্গে। তিনি বলেন, কামরাঙ্গীরচরে অপরিকল্পিতভাবে নগরায়ণ হচ্ছে। ফলে পুরো এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ছে।কামরাঙ্গীরচরের পরিবেশ উন্নয়নে কী করা হচ্ছে, জানতে চাইলে সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশীদ সরকার বলেন, ‘কামরাঙ্গীরচরের অর্ধেক অংশ ঢাকা সিটি করপোরেশনের অধীনে চলে গেছে। তাই ওই এলাকাগুলোর উন্নয়ন করবে ডিসিসি। আর আমাদের এলাকাগুলোর পরিবেশ উন্নয়নে আগামী দুই মাসের মধ্যে আমরা বেশ কিছু কাজে হাত দেব।’