দূষিত পানি রাজধানীবাসীর স্বাস্থ্য-সমস্যার বড় কারণ
রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে প্রতিদিন গড়ে ৮০০ ডায়রিয়া রোগী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) ভর্তি হচ্ছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালের ভেতরে জায়গা হচ্ছে না। কর্তৃপক্ষ হাসপাতালের বাইরে শামিয়ানা টানিয়ে বাড়তি শয্যার ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দিচ্ছে। হাসপাতালের চিকিৎসক শাহাদৎ হোসেন বলেন, বিশুদ্ধ পানির পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে ডায়রিয়ার এই ব্যাপকতা।সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বলেন, দূষিত পানির কারণে রাজধানীর মানুষ স্বাস্থ্য-ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি বলেন, ডায়রিয়া ছাড়াও রাজধানীর মানুষের টাইফয়েড, হেপাটাইটিস এ ও ই-এর মতো জন্ডিস দেখা দিচ্ছে। পানিবাহিত ব্যাকটেরিয়া এসব রোগের কারণ। আইসিডিডিআরবির এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান এম সিরাজুল ইসলাম বলেন, ২০০৪ সালের বন্যার সময় ঢাকা শহরের বিভিন্ন এলাকার পানি পরীক্ষা করেছিল আইসিডিডিআরবি। পরীক্ষার ফলাফলে দেখা গিয়েছিল, নর্দমার পানি এবং ওয়াসার সরবরাহ করা পানির মধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রায় একই রকম ছিল। কখনো কখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ২৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত বেশি ছিল। তিনি বলেন, ছয় বছর পর পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসের মতো রোগ দেখা দিলেই অনেক মানুষ পরীক্ষার জন্য পানির নমুনা নিয়ে হাজির হচ্ছে আইসিডিডিআরবিতে।জানা যায়, রাজধানীতে ওয়াসা যে পানি সরবরাহ করছে তার ৮৭ শতাংশ আসছে গভীর নলকূপ থেকে আর ১৩ শতাংশ নদীর পানি। চাঁদনীঘাট ও সায়েদাবাদ শোধনাগার থেকে সাড়ে ২২ কোটি লিটার পানি শোধন করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। সূত্র জানায়, আগে সায়েদাবাদ শোধনাগারে এক লিটার পানি শোধন করার জন্য ১৬-১৮ মিলিগ্রাম ক্লোরিন ব্যবহার করা হলেও এখন ৩০-৪০ মিলিগ্রাম ক্লোরিন ব্যবহার করেও পানি ব্যাকটেরিয়ামুক্ত করা যাচ্ছে না। শিল্পবর্জ্য শীতলক্ষ্যার পানিদূষণের অন্যতম কারণ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সায়েদাবাদ শোধনাগারে শীতলক্ষ্যা নদীর অত্যন্ত দূষিত পানি ব্যবহার করা হচ্ছে। পৃথিবীর কোথাও পানি শোধনাগারে দূষিত পানি শোধন করে সরবরাহ করা হয় না। নদীর পরিষ্কার পানি আরও পরিস্রুত করে মানুষের পানের উপযুক্ত করে সরবরাহ করা হয়। আইসিডিডিআরবির গবেষক মুনিরুল আলম বলেন, ওয়াসার পানিতে পয়ঃপ্রণালির বর্জ্য ঢুকে পড়ে। ফলে কীটনাশক, মশা মারার ওষুধ, ছোট ছোট শিল্প-কলকারখানার বর্জ্য পানিতে মিশে যায়। পানি ফোটালে ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু ক্ষতিকর সিসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামসহ অদ্রবণীয় অনেক রাসায়নিক উপাদান থেকেই যায়। ক্ষতিকর এসব রাসায়নিক দ্রব্যের কারণে মানুষ হূদরোগ, ক্যানসার ও কিডনির রোগে আক্রান্ত হয়। এ ব্যাপারে ঢাকা ওয়াসার কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী জানান, শোধনাগারে ভারী ধাতব পদার্থসহ কীটনাশক, মশার ওষুধযুক্ত পানি পরিশোধনের ব্যবস্থা নেই। রাজধানীর মানুষ যে পানি ব্যবহার করছে তাতে উচ্চমাত্রায় অ্যামোনিয়া আছে বলে দাবি করছেন মুজিবুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, অ্যামোনিয়ার এই দূষণও ঘটছে পানির সরবরাহ লাইনে পয়ঃপ্রণালির মনুষ্যবর্জ্য ঢুকে পড়ার কারণে। মাত্রাতিরিক্ত অ্যামোনিয়া কিডনি বিকল করে।ওয়াসার পানিদূষণ রোধে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে কর্মকর্তারা বলেন, ঢাকা ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এই প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার কিলোমিটার পানির সরবরাহ লাইন সংস্কার, সম্প্র্রসারণ ও শক্তিশালী করা হবে। তাঁরা দাবি করেন, প্রকল্পে এমন পাইপ ব্যবহার করা হবে, যা ৫০ বছরে নষ্ট হবে না। এই প্রকল্প শুরু হয়েছে ২০০৭ সালে, শেষ হওয়ার কথা ২০১৩ সালে। তবে মানিকদির চার-পাঁচ কিলোমিটার এলাকায় পরীক্ষামূলক কাজ ছাড়া প্রকল্পে আর কিছু হয়নি।বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এস কে রায় মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, পানি ফুটিয়ে ব্যবহার করলে ঝুঁকি অনেক কমবে। পানি ফোটানোর মতো আর্থিক সামর্থ্য বা সময় যাঁদের নেই, তাঁরা ফিটকিরি বা বড়ি (হ্যালোজেন) ব্যবহার করে পানি বিশুদ্ধ করতে পারেন। তিনি খাওয়ার আগে পরিষ্কার পানিতে হাত ধোয়ারও পরামর্শ দেন।