বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলোর যেসব সদস্য জাতিসংঘ শান্তি মিশনে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পান, তাঁরা নিঃসন্দেহে সৌভাগ্যবান। তাঁদের এ সৌভাগ্য দৃশ্যমান: অন্য দেশ দেখার বিরল সুযোগ এবং বাংলাদেশ সরকারের দেওয়া বেতনের তুলনায় কয়েক গুণ বেশি বেতন পান। সে মুদ্রায় তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক সমৃদ্ধি ঘটে, আবার একই সঙ্গে স্বদেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারেও যোগ হয় তাঁদের অবদান। কিন্তু তাঁদের এসব দৃশ্যমান সৌভাগ্যের সঙ্গে যে বেদনা, কষ্ট, দুর্ভোগ ও বিপদ জড়িয়ে থাকে, তা সহজে দৃশ্যমান হয় না।বাংলাদেশ সেনাবাহিনীর একটি মিশন মূল্যায়ন দলের সঙ্গে এক সপ্তাহ লাইবেরিয়ায় থেকে, সেখানে দায়িত্বরত বাংলাদেশি শান্তিরক্ষীদের দেখে ও তাঁদের সঙ্গে কথা বলে আমি তাঁদের বেদনা-দুর্ভোগ-বিপদ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। তাই লাইবেরিয়া থেকে ফিরে যখন সফর-পর্যালোচনা ধরনের একটা লেখা তৈরির কথা ভাবছি, তখন হঠাৎ চোখে ভেসে উঠল জিন্নাত আলী নামের ৩৫ বছর বয়সী এক সুঠাম যুবকের মুখ। লাইবেরিয়ার বং কাউন্টির বাঙ্গায় বাংলাদেশের শান্তিরক্ষী দলের সেনা-প্রকৌশলীদের শিবিরে পেয়েছিলাম তাঁকে। শ্যামল সতেজ মুখখানা চকচক করছে আনন্দে। যেখানে যাচ্ছেন, যা কিছু করছেন, চোখে-মুখে ওই আনন্দের আভাটুকু সব সময় অটুট। কারণটা আবিষ্কার করেছিলাম তাঁর মুখেই: করপোরাল জিন্নাত আলীর ১৩ মাসের লাইবেরিয়া মিশন শেষ: আর মাত্র চার দিন, তিন দিন, দুই দিন...। ২০ জুন মনরোভিয়ার রবার্টস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনি উঠে বসবেন জাতিসংঘের ভাড়া করা একটি বিশেষ উড়োজাহাজে। সেটি তাঁকে উড়িয়ে নিয়ে যাবে ১২ হাজার কিলোমিটার দূরে, হাজির করবে তাঁর একমাত্র সন্তানের সামনে, যাকে সে একটিবারও ছুঁয়ে দেখার সুযোগ পায়নি, মুঠোফোনের মনিটরে যার ছবি নিয়ে, বুকের ওপর সেই ফোনটি রেখে সে পার করেছে ৩৫৩টি রাত।টাঙ্গাইলের সন্তান জিন্নাত আলী গড় গড় করে আমাকে বলেন, ‘২০১২ সালের মে মাসের ১৮ তারিখে আমি লাইবেরিয়া আসছি, আর জুন মাসের ২৮ তারিখে আমার ছেলে হইছে। সেই দিন থিকা অপেক্ষায় আছি, কখন ছেলের মুখ দেখব।’ আনন্দে ছলছল চোখে জিন্নাত যখন আমাকে এ কথাগুলো বলছিলেন আর মুঠোফোনের মনিটরে ছেলের ছবি আমাকে দেখাচ্ছিলেন, তখন ওখানে, তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন করপোরাল মাসুদ, ছলছল করছিল তাঁর চোখ দুটিও। কারণ, তিনি সদ্য দেশে ছেড়ে এসেছেন তাঁর চার বছরের শিশুকন্যাকে। বিদায়ী জিন্নাত আলীর জায়গায় তাঁকে দায়িত্ব পালন করতে হবে আগামী ১২টি মাস। এ দীর্ঘ সময়ে তিনি একটি বারের জন্যও চুমু খেতে পারবেন না তাঁর চার বছরের একমাত্র মেয়েটিকে। প্রতি রাতে তিনি ঘুমাতে যাবেন মুঠোফোনের মনিটরে মেয়ের ছবি নিয়ে; ফোনসেটটি বুকের ওপর রেখে।করপোরাল জিন্নাত কিংবা করপোরাল মাসুদের গল্প বিশেষ গল্প নয়; বিদেশে শান্তি মিশনের শিবিরে শিবিরে করপোরাল থেকে কর্নেল সব শান্তিরক্ষীর গল্পই আসলে জিন্নাত কিংবা মাসুদের গল্প।১৭ জুন সন্ধ্যায় বাঙ্গার বাংলাদেশি শান্তিরক্ষীদের সেনা-চিকিৎসক কনটিনজেন্টের সদস্যদের সঙ্গে চা-চক্রে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন সেনা-চিকিৎসককেও দেখলাম যারপরনাই বিমর্ষ। আড়াই বছর ও চার বছর বয়সী দুই সন্তান ও তাদের মাকে ছেড়ে তাঁকে যেতে হয়েছে লাইবেরিয়ার শান্তি মিশনে। ‘এক বছরের কারাদণ্ড নিয়ে এলাম বলে মনে হচ্ছে,’ হাস্যচ্ছলে বলেছিলেন তিনি। পরিস্থিতিটা জবরদস্তিমূলক নয় বটে, তবু কোথাও যেন একটা বেদনা লুকিয়ে আছে। আবার লাইবেরিয়ায় দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দিতে আমাদের সেনা-চিকিৎসকদের যতটা আন্তরিক দেখেছি, তাতে মনে হয়েছে, স্ত্রী-সন্তানদের ছেড়ে সদ্য আসা ওই লে. কর্নেল চিকিৎসক পরদিন সকালেই কোনো রোগীকে পেলে সব পিছুটান ভুলে গিয়ে মানবতার সেবায় নিমগ্ন হবেন। ম্যালেরিয়া, নানা ধরনের পেটের পীড়া ও অপুষ্টিজনিত নানা রোগ-ব্যাধিতে জর্জরিত লাইবেরিয়ার দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা ও ওষুধপত্র দিয়ে আমাদের সেনা-চিকিৎসকেরা যে পেশাদারির সার্থকতা ও মানবজীবনের অর্থময়তা খুঁজে পান, সেটাই তাঁদের বিদেশ-বিভুঁইয়ের কর্মপ্রেরণার প্রধান উৎস বলে মনে হয়েছে।তবু, জীবিকা অথবা পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বদেশ ও স্বজনদের কাছ থেকে, বিশেষ করে শিশুসন্তানদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাওয়া এবং দীর্ঘ সময় ধরে দূরে থাকার বেদনা আসলে বর্ণনা করার জন্য সহজ বিষয় নয়। কেবল এ রকম কিছু মুহূর্তের কথা বলা যায় যেমন, লাইবেরিয়ায় সেনাবাহিনীর যে মিশন মূল্যায়ন দলের সঙ্গে আমি গিয়েছিলাম, তাঁদের একজন, ধরা যাক মেজর আজহার, অথবা মেজর ইফতেখার, কিংবা মেজর সাইফ, বা মেজর সাইফ (এমআই) কিংবা উল্লিখিত মেজরদের ‘স্যার’ মেজর কালাম বললেন, ‘মিশন অ্যাসেসমেন্ট টিমের সঙ্গে এক সপ্তাহের জন্য যাওয়া আর মিশন করতে যাওয়া এক কথা নয়। যদি মিশন করতে যেতাম, তাহলে এয়ারপোর্টের মাটি থেকে প্লেনের চাকা টেক অফ করার মুহূর্তেই জানালার দিকে চোখ চলে যেত, আর মনে হতো, এখন আর প্লেন থেকে নামতে পারব না।’না, ওই মুহূর্তে সন্তানের কাছে, প্রিয়জনের কাছে, মা-বাবার কাছে ফিরে যাওয়ার কোনো উপায়ই আর থাকে না। এবং ওই মুহূর্তটা হয় বিমানযাত্রার চেয়ে অনেক অনেক বেশি দীর্ঘ: সাধারণত ১২ মাস, কখনো বা ১৩-১৪ মাসও হতে পারে। সম্পূর্ণ বৈরী পরিবেশে এ রকম দীর্ঘ সময় ধরে শান্তি রক্ষার দায়িত্ব পালন কোনোভাবেই স্বদেশে দায়িত্ব পালনের মতো নয়। সম্পূর্ণ অপরিচিত সামাজিক-সাংস্কৃতিক পরিবেশে, অত্যন্ত বিরূপ ও বিপজ্জনক প্রাকৃতিক পরিবেশে স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নিয়ে মাসের পর মাস কঠোর পরিশ্রম ও সীমাহীন মানসিক চাপের মধ্যে জাতিসংঘের নির্ধারিত দায়িত্ব পালন করে যাওয়া সশস্ত্র যুদ্ধের চেয়ে কিছুতেই কম নয়। উপরন্তু বাঙালি শান্তিরক্ষীরা কেবল জাতিসংঘের বেঁধে দেওয়া দায়িত্ব বা ম্যান্ডেটের মধ্যেই সীমাবদ্ধ থেকে তৃপ্ত হন না। বাড়তি মানবিক কর্তব্যবোধে তাড়িত হয়ে তাঁরা অনেক কিছু করেন, যার কিছু দৃষ্টান্ত তুলে ধরেছি এর আগের লেখায়।