দৃষ্টি আকর্ষণে ভারতের রাজনীতিকের কোটি টাকার শার্ট
ভারতের আগামী লোকসভা নির্বাচনে নিজ দলের মনোনয়ন পেতে এবং জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য এক অভিনব উপায় বের করেছেন কোটিপতি রাজনীতিক দত্ত ফুজে। গায়ে চড়িয়েছেন সোয়া কোটি রুপি (প্রায় এক কোটি সাড়ে ৮৩ লাখ টাকা) মূল্যের সাড়ে তিন কেজি ওজনের সোনার শার্ট।আজ মঙ্গলবার এনডিটিভি জানায়, শারদ পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) একজন সদস্য ৩২ বছর বয়সী দত্ত ফুজে। আসছে লোকসভা নির্বাচনে তিনি এনসিপির মনোনয়ন পেতে চান। ওই স্বর্ণখচিত শার্টটি পরার পর ফুজে মহারাষ্ট্রের বিভিন্ন টিভি চ্যানেলের দৃষ্টি আকর্ষণেও সক্ষম হয়েছেন। টিভিতে প্রচারিত অনুষ্ঠানে ফুজে হাতে সোনার বালা ও গলায় সোনার হার পরে উপস্থিত হন। সব মিলিয়ে এসব গয়নার দাম প্রায় সাত কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।এনডিটিভি আরও জানায়, মহারাষ্ট্রে দত্ত ফুজের মতো আরও অনেক ধনী রাজনীতিক আছেন। এমনকি রাজ্যটির আওরঙ্গবাদ, জালনা ও বিদ এলাকায়ও তাঁদের খুঁজে পাওয়া যায়, যেখানে দেনায় জর্জরিত কৃষকেরা পানির জন্য হাহাকার করেন।তবে গায়ে সোনা জড়িয়ে দৃষ্টি আকর্ষণে ফুজেই প্রথম নন। এর আগে জাতীয়তাবাদী দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনার’ রমেশ বাঁজলে সব সময় হাতে সোনার বালা ও গলায় হার পরে এ ধারা তৈরি করেন। পরে তিনি রাজ থ্যাকারের দল থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর নবীন রাজনীতিকদের মধ্যে সোনার হার পরার হিড়িক পড়ে যায়।