দৃষ্টি ফিরে না পাওয়া ১৮ রোগী জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছানি অপারেশনের পর দৃষ্টিশক্তি ফিরে না পাওয়া ১৮ রোগীকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং থেকে চোখে গুরুতর সংক্রমণ নিয়ে এসেছেন এসব রোগী।হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীরা হলেন মির্জা, আতাবুর, জাহের আলী, শ্রীচরণ, লেচু মিয়া, মণীন্দ্র দাস, এরশাদউল্লাহ, মাস্তুরা ঠাকুর, আলাউদ্দিন, শুকুর চান, পর চান বিবি, আলম চান বিবি, জাহেরা খাতুন, সুধন্য সরকার, মজুমদার বিবি, মুল্লুক বেগম, রাবিয়া ও মরম বিবি। সংক্রমণে আক্রান্ত এই রোগীদের হাসপাতালের আলাদা ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তদের সবাই হবিগঞ্জের জাসপাস আধুনিক চক্ষু হাসপাতালে ছানি কাটান। ভিশন বাংলাদেশ নামের একটি প্রকল্পের আওতায় ব্র্যাক ও সাইটসেভার্স স্থানীয় হাসপাতালগুলোয় ছানি কাটা কর্মসূচি পরিচালনা করছে। এতে সহায়তা দিচ্ছে সরকারের ন্যাশনাল আই কেয়ার কর্মসূচি। ব্র্যাকের স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির সহযোগী পরিচালক মো. আকরামুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছেন। তাঁদের একটি দল এখানে হবিগঞ্জে অবস্থান করছে। কেন, কীভাবে এই সংক্রমণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সাইটসেভার্সের এদেশীয় পরিচালক ওয়াহিদুল ইসলাম বলেন, তাঁরা এ ঘটনায় খুবই উদ্বিগ্ন। সিলেট অঞ্চলে এক লাখ চোখের ছানি কাটার কর্মসূচি আছে তাঁদের। এখন পর্যন্ত ৫৬ হাজার অপারেশন হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল। গতকাল ন্যাশনাল আই কেয়ার কর্মসূচির পরিচালক ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক প্রথম আলোকে বলেন, জাসপাস হাসপাতালের পরিবেশ কেমন ছিল, রোগীদের শারীরিক অবস্থা কী ছিল, বিশেষত ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল কি না, কেন এ ধরনের সংক্রমণ ঘটল তা খতিয়ে দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অধ্যাপক শামসুল হকের নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আক্রান্তদের কারও কারও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।এই হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সংক্রমণের কারণে রোগীদের চোখ ফুলে গেছে, কারও কারও চোখ দিয়ে রক্ত ঝরেছে। চোখে এই মাত্রার সংক্রমণ হলে চোখ তুলে ফেলা ছাড়া সাধারণত অন্য কোনো বিকল্প থাকে না। গতকাল বিকেলে রোগীর স্বজনেরা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এলাকাবাসীকে আমন্ত্রণ করে হাসপাতালে নিয়ে গিয়ে নিতান্ত অবহেলায় ছানি কাটা হয়েছে। তাঁরা জানান, গত ৯ জুন দিনভর বানিয়াচং উপজেলায় মাইকে প্রচার করা হয়, ছানি কাটালে আবার স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়। বিনা মূল্যে ছানি কাটা হবে এবং আবার স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবেন—এই আশায় এলাকার ৫২ জন নারী-পুরুষ নাম লেখান। ১০ জুন বিকেলে মাইক্রোবাসে করে আগ্রহীদের হবিগঞ্জের জাসপাস আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে পরিবারের কাউকে নেওয়া হয়নি। ওই রাতে চিকিৎসক আবু জাফর একাই তাঁদের সবার চোখের ছানি কাটেন। পরদিন সকাল নয়টায় চোখে চশমা পরিয়ে মাইক্রোবাসে করে তাঁদের সবাইকে বানিয়াচং পৌঁছে দেওয়া হয়। জাহেরা বিবি নামের একজন রোগী প্রথম আলোকে বলেন, ‘যেই দিন বাড়িত ফিরছি ওই দিন থাইকায় অশান্তি শুরু হইছে। চোখ খুলতে পারি না। টনটন করে ব্যথায়।’আক্রান্ত কয়েকজন ব্যক্তির স্বজন জানান, অপারেশনের আগে রোগীদের কারও স্বাস্থ্যপরীক্ষা হয়নি। চোখের ছানি কাটিয়েছেন এমন অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। মির্জা (৫০) নামের একজন রোগী চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আসার পর তাঁকে জরুরি ভিত্তিতে জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটে পাঠাতে হয়েছে।