দৃষ্টি ভিন্ন খাতে নিতে যুদ্ধাপরাধীদের বিচার: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৪২ বছর পর জাতির সামনে অনেক চ্যালেঞ্জ। কিন্তু এখন এসব বাদ দিয়ে একটি চ্যালেঞ্জই সামনে এসেছে। তা হলো—যুদ্ধাপরাধীদের বিচার। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এটা করা হচ্ছে।আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল দাবি করেন, ‘আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু বিচারের নামে প্রহসন নয়।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, দলীয় স্বার্থ রক্ষা, ক্ষমতায় যাওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দেশে গণহত্যা চলেছিল। ৪২ বছর পর আজ নতুন গণহত্যা শুরু হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘কেন এই গণহত্যা? কেন পাখির মতো নির্বিচারে গুলি করে মানুষ হত্যা?’মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। তা হলো—স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার যুদ্ধ। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার চেতনা নিয়ে এই সরকারকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সূক্ষ্মভাবে জাতিকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করছে। একদিকে ধর্ম, আরেকদিকে স্বাধীনতাকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা তা হতে দেব না।’দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন মির্জা ফখরুল। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই সরকার ছলচাতুরি করে দলীয়ভাবে নির্বাচন করতে চাইছে। ভিন্ন অবয়বে বাকশাল করতে চাইছে। কিন্তু মানুষ তা মেনে নেবে না।আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার প্রমুখ।