দৃষ্টিপ্রতিবন্ধী বয়াতি শাহাদত আকালি ঝুমঝুম করে...
‘কানিচাত গাড়িনু আকাশি আকালি, আকালি ঝুমঝুম করে রে বন্ধুয়া, শাইল্লা ধানের ভাতে, আকালি ঝুমঝুম করে’—এই ভাওয়াইয়া গানসহ আরও অনেক ভাওয়াইয়া ও দেহতত্ত্বের গান গেয়ে গ্রাম শহরের হাটে, মাঠে ঘুরে বেড়ান দৃষ্টিপ্রতিবন্ধী বয়াতি শাহাদত হোসেন। শাহাদত হোসেনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মোসলেমবাজার এলাকায়। পথ চলতে গিয়ে একদিন দেখা মোসলেমবাজারের এক চায়ের স্টলে। গ্রামের চায়ের স্টলে বসেই ধরেছেন ভাওয়াইয়া গান। একমনে একে একে অনেকগুলো গান পরিবেশন করেন। এ সময় চায়ের স্টলে জমে যায় ভিড়। এমনি করে কেটে যায় ঘণ্টাখানেক। গান শেষে শাহাদতও চলে যান। যাওয়ার সময় লোকজন কিছু অর্থ তুলে দেয় তাঁর হাতে। কথা হয় বয়াতি শাহাদতের সঙ্গে। বললেন বিয়ে করেছেন। সংসারে দুই বছরের একটি শিশুসন্তান রয়েছে। কথা শুরু না করতেই লোকজন জড়ো হতে থাকে। আবারও দোতারায় গান ধরেন বয়াতি শাহাদত, ‘দেক না মন ঝাক মাড়ি এ দুনিয়াদারি...।’