দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের পরীক্ষা নিচ্ছে পিএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী স্বপন চৌকিদার। সরকারি কর্মকমিশন (পিএসসি) আজ রোববার অনুষ্ঠিত বিসিএসের লিখিত পরীক্ষায় তাঁকে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। স্বপন জানান, পিএসসির পরিচালক (পরীক্ষা) বিবেকানন্দ বিশ্বাস তাঁকে আজ সকাল আটটায় পিএসসিতে যেতে বলেন। তিনি সেখানে গেলে পিএসসি সব কথা শুনে তাঁকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেয়। এরপর সকাল ১০টায় তিনি বাংলা এবং বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পরীক্ষায় অংশ নেন। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা চাই না দৃষ্টিপ্রতিবন্ধী একটি ছেলে এত দূর সংগ্রাম করে এসে চলে যাক। সেদিন যদি কেন্দ্রসচিব আমাদের বিষয়টি জানাতেন, তাহলে সেদিনই আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। যা-ই হোক, আমরা স্বপনের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’পিএসসির এই সিদ্ধান্তে আবেগে আপ্লুত স্বপন আজ বিকেলে পরীক্ষা শেষে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজকের দুটো পরীক্ষাতেই আমি অংশ নিয়েছি এবং খুব ভালো পরীক্ষা দিয়েছি। ইতিমধ্যে আমার শ্রুতিলেখক সেলিম রেজার প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা হয়ে গেছে। সে-ই আজ আমার শ্রুতিলেখক ছিল। “প্রথম আলো”র কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা সংবাদ প্রকাশ না করলে আমার পরীক্ষা দেওয়া হতো না।’ স্বপন আরও বলেন, ‘আমাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় পিএসসিকেও ধন্যবাদ। কিন্তু বৃহস্পতিবার আমাকে বহিষ্কার করা হয়েছিল। সে কারণে সেদিন সকালের বাংলাদেশ বিষয়াবলির পরীক্ষায় আমি মাত্র দুটো প্রশ্নের উত্তর লিখতে পেরেছি। কিন্তু বিকেলে দ্বিতীয় পত্রের পরীক্ষাটা তো আমি দিতেই পারিনি। এখন পিএসসি যদি আমাকে সেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়, তাহলেই আমার সব চেষ্টা সার্থক হবে।’বৃহস্পতিবারের ওই পরীক্ষার বিষয়ে কী হবে, জানতে চাইলে নেছারউদ্দিন বলেন, ‘এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাও আমরা দেখব। আমরা মানবিক দৃষ্টিতেই সব দেখছি।’ প্রসঙ্গত, দৃষ্টিপ্রতিবন্ধী স্বপন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগ পেয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করে অপরাধ মনোবিজ্ঞান বিষয়ে তিনি আবার স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তিনি চেষ্টা করলেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিসিএস পরীক্ষার কোনো সুযোগ ছিল না। অতঃপর তিনি আদালতে গেলে আদালত তাঁর বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে পিএসসিকে নির্দেশনা দেয়। এরপর ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। কিন্তু শ্রুতিলেখক জটিলতার কারণে গত বৃহস্পতিবার তাঁকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিয়ে গতকাল শনিবার ‘প্রথম আলো’য় ‘দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের স্বপ্নভঙ্গ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আর আজ এ নিয়ে সম্পাদকীয় প্রকাশ করে ‘প্রথম আলো’।