দৃষ্টিপ্রতিবন্ধীদের দিকে সরকারের নজর কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী নাজিয়া হোসেন। চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন। প্রথম আলোকে নাজিয়া বলেন, ‘চাকরি চাইতে গেলে প্রথমেই বলে, “তুমি আবার কী কাজ করবা?” তারপর জানতে চায় “প্রশিক্ষণ আছে কি না”।’নাজিয়া সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ পাননি। সরকারিভাবে দৃষ্টিপ্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এনজিও সাইটসেভারসের যৌথভাবে আয়োজিত ২০ দিনের কম্পিউটার কোর্স করার সুযোগ পেয়েছেন। নিজের কম্পিউটার নেই বলে চর্চা করতে পারেন না। এনজিও ইউসেপ থেকে তিন মাসের ব্যাগ ও সোয়েটার তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। এক সপ্তাহের ফটোগ্রাফি প্রশিক্ষণও নেওয়া আছে। তবে নাজিয়া মনে করেন, এসব প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়াটা কঠিন। বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য বড় উদ্যোগ নেই। এনজিওরা ছোট আকারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব উদ্যোগ কাজে আসছে। তবে বড় আকারের উদ্যোগ সরকারকেই নিতে হবে। টঙ্গীতে সরকারের শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে দৃষ্টিপ্রতিবন্ধী পুরুষেরা প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। বর্তমানে পাঁচজন দৃষ্টিপ্রতিবন্ধী প্লাস্টিকের বোনা চেয়ার বানানোর প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীরা বিনা মূল্যে থাকা ও খাওয়ার সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণ শেষে নিজেই যাতে কিছু করতে পারেন, সে জন্য চার হাজার টাকাও তাঁদের দেওয়া হয়। এটা শুরু হয়েছে ১৯৮২ সালে। কেন্দ্রের হোস্টেল সুপার আবু তারেক মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৯৮২ সালে বাঁশ-বেতের চেয়ার বানানোর কর্মসূচি বর্তমানে তেমন একটা কাজে লাগছে না। ছয় মাস এখানে নষ্ট না করে অন্য চাকরির চেষ্টা করাই লাভজনক মনে করেন প্রতিবন্ধীরা। বিজ্ঞপ্তি দিয়ে প্রশিক্ষণার্থী পাওয়া যাচ্ছে না।আবু তারেক জানান, চলতি বছর বিভিন্ন মিল-কারখানায় ৪১ জন প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীর চাকরির ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মধ্যে একজন দৃষ্টিপ্রতিবন্ধী। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রতিষ্ঠান) মাসুমা আখতার প্রথম আলোকে বলেন, সব ধরনের প্রতিবন্ধীর জন্য ছয়টি বিভাগে ছয়টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র তৈরির কাজ চলছে। কাজ শেষ হলে আরও দৃষ্টিপ্রতিবন্ধী প্রশিক্ষণের সুযোগ পাবে। দুটি বিভাগে নারীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা রাখা হচ্ছে। বাংলাদেশ অর্গানাইজেশন ফর ডিজঅ্যাবল অ্যাডভান্সমেন্টের (বোডা) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের অনুমোদন দেয় ২০০৯ সালে। তবে উদ্যোগটিতে ভাটা পড়েছে। তাঁরা চক তৈরি করেন: মিরপুর ১ নম্বরে এনজিও ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্য ব্লাইন্ডের (ভিটিসিবি) কার্যালয়ে গিয়ে দেখা যায়, দৃষ্টিপ্রতিবন্ধীরা চক তৈরি করছেন। ২০ জন দৃষ্টিপ্রতিবন্ধী নারী ও পুরুষ চকের দ্রবণ তৈরি করছেন, দ্রবণ ছাঁচে ঢালছেন, ভালো-মন্দ চক বাছাই করছেন। প্রশিক্ষণার্থীরা মাসে দুই হাজার করে টাকা পান। প্রশিক্ষণ শেষে পুনর্বাসনের জন্য পাবেন পাঁচ হাজার টাকা। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিষ্ঠানের খরচ বাঁচাতে গ্যাসের চুলা বা ইলেকট্রিক ড্রায়ারের পরিবর্তে চক রোদেই শুকানো হচ্ছে। এতে প্রতিবন্ধীদের কাজের চাপ বেড়েছে। প্রশিক্ষণ ও কাজ: কিছু প্রতিষ্ঠান প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কাজও জোগাড় করে দিচ্ছে। বাড্ডার এনজিও বাংলাদেশ ভিজ্যুয়ালি ইমপিয়ার্ড পিপলস সোসাইটি (ভিপ্স) চার মাস থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কম্পিউটার, ব্রেইল ও অঙ্ক করার নিয়ম, চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেকে মানিয়ে নেওয়া, নেতৃত্বের বিকাশসহ বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিচ্ছে। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নিজে দৃষ্টিপ্রতিবন্ধী। প্রথম আলোকে তিনি বলেন, প্রশিক্ষণ পেয়ে বিজিএমইএ, গ্রামীণফোনসহ বিভিন্ন জায়গায় অনেকে চাকরি করছেন। তবে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের দায়িত্বটা সরকারকেই নিতে হবে বলে তিনি মনে করেন।মিরপুরের ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ আছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা এ ব্যাপারে তাদের সহায়তা দিয়েছে। সাভারের এনজিও সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান প্রথম আলোকে বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের চাকরি ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। কিন্তু সব দৃষ্টিপ্রতিবন্ধীকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তাই তাঁরা এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন।