শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং মুখস্থনির্ভরতা কমাতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিজ্ঞান বইয়ের সংস্করণ ও পরিমার্জন করা হয়েছে। কিন্তু প্রতিবারই দৃষ্টিভঙ্গির গলদ থেকে যাচ্ছে। এতে প্রকৃতি জগৎ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক ও খণ্ডিত দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বাড়ছে মুখস্থনির্ভরতাও।তৃতীয় শ্রেণীর পরিবেশ পরিচিত বিজ্ঞানের ‘বায়ু’ অধ্যায়ে বলা হয়েছে, ‘কোনো কোনো রোগ বাতাসের সাহায্যে ছড়ায়। যেমন—বসন্ত, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। এসব রোগীর সংস্পর্শ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে।’ (অধ্যায় চার, পৃষ্ঠা-৩৩)এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাইরাস বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, যথাসম্ভব কথাটি স্পষ্ট নয়। এর মাধ্যমে সুনির্দিষ্ট কোনো দূরত্ব বোঝায় না। শিক্ষার্থী যদি প্রশ্ন করে, যক্ষ্মা রোগী থেকে কত দূরে থাকা উচিত, তখন তার কোনো উত্তর দেওয়া শিক্ষকের পক্ষে সম্ভব হবে না। এ ক্ষেত্রে করণীয় সম্পর্কে সুস্পষ্টভাবে বলতে হবে। একই বইয়ে উন্নত জীবনের জন্য বিজ্ঞান-এর ষষ্ঠ অধ্যায়ে প্রকৃতি সম্পর্কে অবৈজ্ঞানিক ধারণারই জন্ম দেওয়া হয়েছে। এ অধ্যায়ের ৫০ পৃষ্ঠায় বলা হয়েছে, ‘আবহাওয়ার পরিবর্তন, খরা, অতিবৃষ্টি, বন্যা প্রভৃতি পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ।’ জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, ‘বাক্যটি গোলমেলে। আসলে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এর ফল হিসেবে বন্যা, খরা, অতিবৃষ্টি হচ্ছে।’ বইটির নবম অধ্যায় জনসংখ্যা ও পরিবেশ। সেখানে বলা হচ্ছে, জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের দেশে লোকজন চাকরি পায় না (পৃষ্ঠা-৬৪)। কর্মসংস্থান সৃষ্টির সঙ্গেও যে চাকরি পাওয়ার সম্পর্ক রয়েছে, তা এখানে উল্লেখ করা হয়নি। কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার অন্যতম কারণ যে অর্থনৈতিক, তা এখানে স্পষ্ট নয়। অন্য সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলোর সঙ্গেও যে চাকরি পাওয়ার সম্পর্ক রয়েছে, তা-ও উল্লেখ করা হয়নি।বইটির ‘আমাদের বিশ্ব’ অধ্যায়ে বলা হয়েছে, প্রতিদিন ভোরে সূর্য পূর্ব দিকে ওঠে ও পশ্চিম দিকে অস্ত যায়। বস্তুত সূর্য ওঠা বা ডোবার বিষয় নয়। পৃথিবীর আহ্নিক গতির ফলে একই সময়ে পৃথিবীর কোনো অংশে সূর্যের আলো পড়ে না, অন্য অংশে আলো পড়ে। ফলে রাত-দিন হয়।চতুর্থ শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানের নবম অধ্যায় ‘রোগ বিস্তারে কীটপতঙ্গ’-এ বলা হচ্ছে, ‘মশা, মাছি, তেলাপোকা ইত্যাদি কীটপতঙ্গ রোগ ছড়ায়। এগুলো ক্ষতিকর কীটপতঙ্গ।’ (পৃষ্ঠা-৮৮) একই রকম তথ্য রয়েছে পঞ্চম শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের ‘প্রাণী জগতে’। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এসব কীটপতঙ্গের অপকারী দিকটি এতটাই প্রধান যে আমরা তাদের উপকারী দিকটি একেবারেই ভুলে যাই। তথ্য হিসেবে ক্ষতিকর কীটপতঙ্গের বক্তব্য ঠিক হলেও প্রকৃতি জগৎ সম্পর্কে খণ্ডিত দৃষ্টিভঙ্গির জন্ম দেয় এটা। যেমন, মশার শতাধিক প্রজাতি রয়েছে। এর মধ্যে বেশির ভাগই মানুষের জন্য ক্ষতিকর নয়। প্রাণীর মৃতদেহ পচনে মাছি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া প্রাণীর মল রূপান্তর ও মাটিতে গাছপালা পচনে মাছি প্রয়োজনীয়। কিছু মাছি পরাগায়ণে সহায়তা করে। মশার লার্ভা মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর খাদ্য। বিভিন্ন পাখি প্রাপ্তবয়স্ক মশা খায়। তাই মশা-মাছি আমাদের খাদ্যশৃঙ্খলার অংশ। এ ক্ষেত্রে অপকারীর দিকের উল্লেখের পাশাপাশি উপকারী বিষয়টিও যুক্ত করা যেতে পারে।’পঞ্চম শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানের ‘স্বাস্থ্য বিধি’ অধ্যায়ে বলা হয়েছে, ‘আর্সেনিকমুক্ত নলকূপের পানি নিরাপদ।’ (পৃষ্ঠা-৪৮) আর্সেনিক ভূগর্ভস্থ পানির একটি উপাদান। আর্সেনিকের পরিমাণের ওপর নির্ভর করে তা নিরাপদ কি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি লিটার খাবার পানিতে আর্সেনিকের মাত্রা ০.০১ মাইক্রোগ্রাম। নির্দিষ্ট মাত্রার নিচে থাকলেই আর্সেনিক বিষক্রিয়া করে না। আর্সেনিক দূষণমুক্ত লিখলে শিক্ষার্থীদের মধ্যে খণ্ডিত দৃষ্টিভঙ্গি তৈরির সুযোগ থাকে না।একই শ্রেণীর বিজ্ঞান বইয়ে রাসায়নিক সংকেত সম্পর্কে কোনো ধারণা না দিয়ে হঠাৎ করে তা ব্যবহার করা হয়েছে। ৬৯ পৃষ্ঠায় সপ্তম অধ্যায়ের পদার্থ অধ্যায়ে বলা হচ্ছে, ‘বরফ, পানি এবং জলীয় বাষ্প একই পদার্থ H2O (পানি)-এর তিনটি ভিন্ন ভিন্ন অবস্থা।’ তথ্য হিসেবে ঠিক হলেও রাসায়নিক সংকেত সম্পর্কে কোনো ধারণা না দেওয়ায় শিক্ষার্থীরা এটি কেবল মুখস্থ করবে।সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের নবম অধ্যায় অণুজীব জগৎ। এ অধ্যায়ের ৭৬ পৃষ্ঠায় একটি বাক্য এমন, ‘মাটিতে বসবাসকারী বিভিন্ন ছত্রাক মাটির বিভিন্ন জৈব পদার্থ পচিয়ে মাটির উর্বরতা বাড়ায়।’নিসর্গবিদ দ্বিজেন শর্মার মতে, এমন বর্ণনা একটি উদ্দেশ্যকে নির্দেশ করে। কিন্তু প্রকৃতিতে ছত্রাকের গঠনগত বৈশিষ্ট্যের কারণেই জৈব পদার্থের পচন যথেচ্ছভাবে ঘটে। যার ফলে মাটির উর্বরতা বাড়ে। এখানে ছত্রাক সচেতনভাবে এ কাজটি করে না। এখানে কোনো উদ্দেশ্য নেই। তাই বাক্যটি অর্থের দিক থেকে যথাযথ নয়।এমন উদ্দেশ্যবাদী একাধিক বাক্য রয়েছে একই বইয়ে। যেমন, সবুজ উদ্ভিদ সরাসরি বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে (একাদশ অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর পরস্পর নির্ভরশীলতা, পৃষ্ঠা-৯০)। উদ্দেশ্য আরোপ না করে বাক্যটি এভাবে বলা যায়, কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। একই বইয়ের ১৫৪ পৃষ্ঠার কলা বা টিস্যু অধ্যায়ের একটি বাক্য, ‘বহুকোষী প্রাণীতে অনেকগুলো কোষ যখন কোনো একটি নির্দিষ্ট কাজ করার জন্য একত্রে মিলিত হয় তখন ঐ কোষ সমষ্টিকে টিস্যু বা কলা বলে।’ এখানে উদ্দেশ্য আরোপ না করে বাক্যটি এভাবে বলা যায়, টিস্যু বা কলা হলো বহুকোষী প্রাণীর এমন কোষ সমষ্টি, যাদের কাজ ও গঠন অভিন্ন।অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ে শব্দদূষণ সম্পর্কে বলা হয়েছে, ‘...ওয়াকম্যানের ইয়ারফোন সারাদিন কানে লাগিয়ে ঘুরবে না।’ (একাদশ অধ্যায়, শব্দ, পৃষ্ঠা ৯৪) ওয়াকম্যান একটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের একটি পণ্যের বাণিজ্যিক নাম। পাঠ্যপুস্তকে বাণিজ্যিক নাম ব্যবহার না করাই সংগত।একই শ্রেণীর বিজ্ঞান বইয়ে মহাকর্ষ বল সম্পর্কে ধারণা দিতে গিয়ে নিউটন কাহিনির অবতারণা করা হয়েছে। কাহিনিটি এমন, ‘কথিত আছে নিউটন একদিন আপেল বাগানে গাছের নিচে বসে চিন্তা করছিলেন। ভাবছিলেন, সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবী; পৃথিবীর চারদিকে চাঁদ, এর কারণ কী? এমন সময় একটি পাকা আপেল গাছ থেকে খসে মাটিতে পড়ল। অমনি তাঁর মনে প্রশ্ন জাগল, আপেলটি নিচে পড়ল কেন? কেন উপরের দিকে গেল না? কেন স্থির হয়ে থাকল না? এর একটিই কারণ হতে পারে বলে তিনি ভেবে পেলেন, তা হলো, পৃথিবীর আকর্ষণ বল।...এই আকর্ষণ বলের নাম মহাকর্ষ।...’ (অষ্টম অধ্যায়, মহাকর্ষ ও অভিকর্ষ, পৃষ্ঠা-৬৫)ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. আরশাদ মোমেনের মতে, কথিত একটি কাহিনির মাধ্যমে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া ঠিক নয়। গল্পটির মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের ভুল ধারণা তৈরি হতে পারে। কারণ একই অধ্যায়ের সূচনাতে বলা হয়েছে, ডেনমার্কের জ্যোতির্বিদ টাইকো ব্রাহে প্রায় ২০ বছর ধরে সৌরজগতের গ্রহসমূহের গতি পর্যবেক্ষণ করে বহু তথ্য সংগ্রহ করেন। এ তথ্য বিশ্লেষণ করে জার্মান জ্যোতির্বিদ জোহানেস কেপলার প্রথম সূর্যের চারদিকে গ্রহের আবর্তন সম্পর্কে কতগুলো সূত্র আবিষ্কার করেন। এ ক্ষেত্রে আপেল পড়ার গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মনে ধারণা হতে পারে, মহাকর্ষ বলের সূত্রের আবিষ্কার আকস্মিক কোনো ঘটনা।এভাবে বিজ্ঞানের তথ্য উপস্থাপনের কারণে শিক্ষার্থীদের ভেতর যেমন মুখস্থনির্ভরতা বাড়ে, তেমনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরিতে গলদও থেকে যায়। যেমন, মাধ্যমিক রসায়নে পরমাণুর গঠন সম্পর্কে বলা হচ্ছে, ১৯১১ সালে রাদারফোর্ড প্রমাণ করেন, পরমাণুর একটি কেন্দ্র আছে, যার নাম তিনি রাখেন নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।...ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে এবং তার চারদিকে ভ্রমণ করে। (পঞ্চম অধ্যায়, পরমাণুর গঠন, পৃষ্ঠা ৪৭)অষ্টম শ্রেণীতে প্রথম অধ্যায়, পদার্থের গঠন: অণু, পরমাণু অধ্যায়ে শিক্ষার্থীরা ডাল্টনের পরমাণু মডেল সম্পর্কে জেনেছে, পরমাণু অবিভাজ্য। নবম শ্রেণীতে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে সে জানছে, ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব অচল। পরমাণু বিভিন্ন কণিকা দিয়ে গঠিত। (পঞ্চম অধ্যায়, পরমাণুর গঠন, পৃষ্ঠা ৪৭)অধ্যাপক আরশাদ মোমেন বলেন, ডাল্টন পরমাণুর ধারণা দেন ১৮০৩ সালে। আর ১৯১১ সালে রাদারফোর্ড প্রমাণ করেন, পরমাণু অবিভাজ্য নয়। প্রায় ১০০ বছরে পরমাণুর নতুন একটি মডেল আবিষ্কৃত হলেও তা উপস্থাপনে কোনো যুক্তি-তর্ক বিবেচনায় আনা হয়নি। এই ১০০ বছরে রন্টজেনের এক্স-রে, পিয়েরে কুরি ও মাদাম কুরির তেজস্ক্রিয়তা, জে জে থমসনের ইলেকট্রন আবিষ্কারের ঘটনা পদার্থবিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। বলা যায়, এসব আবিষ্কারের ধারাবাহিকতায় রাদারফোর্ডের পরমাণু মডেলের জন্ম।এ ক্ষেত্রে ডাল্টনের পরমাণুবাদকে এককথায় ‘অচল’ বললে শিক্ষার্থীদের মধ্যে পরমাণু বিষয়ে তাঁর অবদান সম্পর্কে ভুল এবং নেতিবাচক ধারণা হতে পারে বলে মনে করেন মো. আরশাদ মোমেন। তিনি বলেন, পরমাণু সম্পর্কে রাদারফোর্ডের আবিষ্কার যে ডাল্টনের কাজেরই ধারাবাহিকতা, তা এখানে স্পষ্ট হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের মৌলিক দিক অনুসন্ধিৎসু মানসিকতা তৈরি ব্যাহত হবে। আর এমন দৃষ্টিভঙ্গির গলদ নিয়ে বিজ্ঞানচর্চা শুরু হলে উচ্চতর শিক্ষায় তার প্রভাব অনেক সময় থেকে যায় বলে মনে করেন তিনি।