দেউলা বাসস্ট্যান্ডের বেহাল অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বাগমারার দেউলার অস্থায়ী বাসস্ট্যান্ডটি দীর্ঘ ২৬ বছরেও স্থায়ী হয়নি। নিজস্ব বাসটার্মিনাল না থাকায় যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহী জেলা শহরের সঙ্গে বাগমারা উপজেলার সড়ক যোগাযোগ ১৯৮৪ সালে শুরু হয়। এর আগে লোকজন নৌকা, ঘোড়ারগাড়ি ও লঞ্চে চলাচল করত। ওই সময় রাজশাহী থেকে বাগমারায় বাস চলাচল শুরু হয়। সইপাড়া-ভবানীগঞ্জ সড়ক দিয়ে শুরু হয় বাস চলাচল। প্রথম দিকে সড়কের বেহাল অবস্থা ও দূরত্বের দিক বিবেচনা করে বাগমারা থানা মোড়ে বাসস্ট্যান্ড হলেও পরে তা স্থানান্তর করে অস্থায়ী হিসেবে দেউলায় নেওয়া হয়। ব্যক্তিমালিকানাধীন জমিতে রয়েছে বাসস্ট্যান্টটি। ওই থেকে দেউলা বাসস্ট্যান্ট থেকে বাস চলাচল করে আসছে। এখান থেকে প্রতিদিন ৫৬টি বাস চলাচল করে। রাতে অবস্থান করে ১১টি বাস। দীর্ঘ ২৬ বছর ধরে দেউলার অস্থায়ী বাসটার্মিনাল থেকে বাস চলাচল করে এলেও স্থায়ীভাবে এখানে স্ট্যান্ড নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেখানে বাস রাখার স্থান সংকুলান না হওয়ায় সড়কের ওপরই রাখতে হয় বাস। এতে করে পথচারী ও অন্যান্য যানবাহনের সমস্যা হয়। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। সরেজমিনে দেউলা বাসস্ট্যান্ডটিতে গিয়ে এর বেহাল অবস্থা দেখা যায়। স্ট্যান্ডের জায়গা ছাড়াও সড়কের একপাশ ঘেঁষে বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাস রাখার জায়গাটি খানাখন্দে ভরা। পানি জমে রয়েছে সেখানে। লোকজনকে এর ওপর দিয়েই চলাচল করতে হয়। ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সীমা জানান, তিনি বাসে কলেজে যাতায়াত করেন। তাঁকে স্ট্যান্ডে নামার পর চরম কষ্ট করতে হয়। বর্ষাকালে গোটা স্ট্যান্ড পানি আর কাদায় ভরে থাকে। কাদা ছিটে কাপড়চোপড় নষ্ট হয়।বাসস্ট্যান্ডের চেইনমাস্টার আবদুস সাত্তার জানান, স্থায়ী টার্মিনাল না থাকায় তাঁদের চরম কষ্ট করতে হয়। এ জন্য প্রতি মাসে তাঁদের বিপুল পরিমাণ ভাড়া গুনতে হয়। এ ছাড়া গাড়ি পার্কিং এবং রাখার চাহিদামতো জায়গা না থাকায়ও কষ্ট করতে হয়। চেইনমাস্টার জানান, জায়গা না থাকায় প্রয়োজন সত্ত্বেও আরও অনেক বাস রাখা সম্ভব হয় না। রশিদ ট্রাভেলসের চালক ফরিদ জানান, স্থায়ী স্ট্যান্ড না থাকায় তাঁদেরও বেশ সমস্যা হয়। রাত যাপনের কোনো ব্যবস্থা না থাকায় বাসের ভেতরেই তাঁরা ঘুমান বলে জানান। গাড়ি পার্কিং করতেও সমস্যা হয় তাঁদের। নিজেদেরও নিরাপত্তা থাকে না বলে জানিয়েছেন বাসের চালক ও কর্মচারীরা। এ ছাড়া এখানে কোনো যাত্রী ছাউনির ব্যবস্থা নেই। যাত্রীদের অপেক্ষা করতে হয় খোলা আকাশের নিচে। স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সালাম জানান, স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় লোকজনের সমস্যা হয়। সরকারিভাবে এখানে বাসস্ট্যান্ড থাকা দরকার বলে মন্তব্য করেন তিনি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার জানান, এখানে স্থায়ী বাসটার্মিনাল নির্মাণ করা প্রয়োজন। সরকারিভাবে জমি অধিগ্রহণ করে টার্মিনাল নির্মাণ করলে সবার সুবিধা হবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান জানান, বাসটার্মিনাল ও যাত্রী ছাউনি নির্মাণ করার কোনো প্রকল্প স্থানীয় সরকারের নেই। জেলা পরিষদ এসব করে থাকে। তারা ইচ্ছে করলে উদ্যোগ নিতে পারে।