দেওয়া-নেওয়ার প্রতিশ্রুতি শামীমের
দুপুর পৌনে ১২টা। সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়ার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন মেয়র পদপ্রার্থী শামীম ওসমান। সঙ্গে কয়েক শ নেতা-কর্মী-সমর্থক। ভোটারদের বলেন, ‘ভোটটা আমাকেই দেবেন। নির্বাচিত হলে আমি আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলব।’গতকাল শুক্রবার এমন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পাওয়ার চেষ্টা করেছেন শামীম ওসমান। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি গণসংযোগ করেন সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে। বিকেল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করেন নারায়ণগঞ্জ শহরের ১৬ নম্বর ওয়ার্ডে।শামীম শহরের ১ নম্বর নিউ চাষাঢ়ার শ্বশুরবাড়ি থেকে সকাল নয়টার পর গাড়িতে করে যান সিদ্ধিরগঞ্জে। পুলপাড়া থেকে তিনি গণসংযোগ শুরু করেন। পশ্চিম মিজমিজি, পাইনাদি, দক্ষিণপাড়া, বাতেনপাড়া হয়ে হীরাঝিল এলাকার সড়কে হেঁটে যাওয়ার সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান ভোটারদের।মিজমিজির রাস্তায় কথা হয় শামীম ওসমানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার নামে অপপ্রচার চালাচ্ছে দু-একটি মিডিয়া। ৩০ অক্টোবরই সবকিছুর জবাব দেওয়া হবে। আমি বিপুল ভোটে বিজয়ী হব।’ সিদ্ধিরগঞ্জের রাস্তাগুলো বেশ সরু, সড়কের অবস্থাও ভালো নয়। দুই পাশের অনেক জায়গায় জলাবদ্ধতা। শামীম ওসমান বলেন, ‘আমি এই এলাকার সাংসদ ছিলাম। অনেক উন্নয়ন করেছি।’ তিনি বলেন, ‘তৃণমূল নেতারা আমাকে সমর্থন দিয়েছেন। দল আমাকে সমর্থন দিয়েছে। নেত্রী আমাকে সমর্থন দিয়েছেন। আশা করি, জয় আমাদের হবেই। আর আইভী শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাবে বলেই আমি বিশ্বাস করি।’দুপুর পৌনে ১২টার দিকে শামীম ওসমান মুখোমুখি হন কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের। এ সময় তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, আইভী নির্বাচনের মাঠে থাকবে না। কারণ, সে আওয়ামী লীগ করে। তাকে ভয় পেয়ে নয়, দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই আমি এসব কথা বলছি।’ সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে করা মামলা সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘দু-একটি গণমাধ্যম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অযথাই আমাকে সন্ত্রাসী বলা হচ্ছে। আমার বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে, সবই ষড়যন্ত্রমূলক।’নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াও ছিলেন শামীম ওসমানের সঙ্গে।বেলা একটায় শামীম ওসমান রওনা হন শহরে নিজ বাসার উদ্দেশে। বিশ্রাম ও খাওয়া সেরে আবার গণসংযোগে বের হন বিকেল সাড়ে তিনটায়। শহরের ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ, বাবুরাইল, বেপারীপাড়া, পাক্কা রোড এলাকায় গণসংযোগ করেন। পালপাড়ায় তিনি একটি উঠান-বৈঠক করেন। রাত নয়টা পর্যন্ত চলে প্রচারণা।শহরে প্রচারণাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীসহ ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। গোয়ালপাড়া, পালপাড়া, নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা এলাকায় গণসংযোগ করেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অপু উকিল। ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতারাও শামীমের পক্ষে প্রচারণা চালান।