দেওয়ানি ও ফৌজদারি আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচারকাজের দীর্ঘসূত্রতার কারণে অনেক বিচারপ্রার্থী সুবিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এতে আদালতে মামলাজট তৈরি হচ্ছে। ব্যাহত হচ্ছে বিচারকাজ। দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে কিছু সমস্যা থাকায় এমনটি হচ্ছে। তাই আইন দুটি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ২২তম বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেছেন। আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে সমন জারি করতে হবে। বিচারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকার আরও কিছু পদক্ষেপ নিচ্ছে। এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হচ্ছে। এ জন্য আইন দুটিতে সংশোধন আনা হবে। তিনি বলেন, অনেক ফৌজদারি ও দেওয়ানি মামলা জমে আছে, যেগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে শেষ করা যায়।বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের দ্বারা প্রভাবিত হয়ে বিনা কারণে বিচারকাজ মুলতবি করবেন না। আবার যেটি মুলতবি করা দরকার, সেটি মুলতবি না করার প্রবণতা ত্যাগ করতে হবে। বিচার বিভাগের কিছু অসাধু কর্মচারীর কারণে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হয় বলে তিনি মন্তব্য করেন।বিচারপতি নাজমুন আরা সুলতানা উচ্চ আদালতে নারী বিচারপতি নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিচারপতি হওয়ার মতো যথেষ্ট যোগ্য নারী এ দেশে আছেন।