দেখতে চাইলে ফিটফাট চলে আসেন সদরঘাট
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান দাবি করেছেন, ‘ঢাকার সদরঘাটের অবৈধ দখলদার উচ্ছেদ করে এর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগে প্রবাদ ছিল, “ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট”। আমি এখন বলতে চাই, “দেখতে চাইলে ফিটফাট চলে আসেন সদরঘাট”।’ আজ বুধবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় খাঁন ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের তিনটি ফেরি ও ছয়টি অয়েল ট্যাংকার হস্তান্তর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রীর দাবি, বিদ্যুত্সহ বিভিন্ন খাতে বর্তমান সরকার গত চার বছরে অনেক উন্নয়ন করেছে। তিনি বলেন, সরকার নৌপথে পণ্য পরিবহন ও মানুষের যাতায়াত সুলভ ও নির্বিঘ্ন করতে ৩৬টি নদীর খননকাজ শেষ করেছে। যাত্রী ও গাড়ি পারাপারের জন্য ১৪টি ফেরি কিনেছে। এর মধ্যে খাঁন ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেড বানিয়েছে তিনটি। আরও পাঁচটি ফেরির অর্ডার দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী, সারাহ বেগম কবরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাইদ এইচ চৌধুরী, খাঁন ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান মো. এনামুল কবির খাঁন প্রমুখ।