দেখব এবার জগৎটাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা গ্রামের ছেলেমেয়েরা বদ্ধ ঘরে থাকতে চাই না। পৃথিবীর পাঠশালায় আমরাও প্রবেশ করতে চাই। আমরাও চাই জগৎটাকে দেখতে।’গতকাল মঙ্গলবার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষার্থী প্রতীক মজুমদার। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র প্রতীক গ্রামাঞ্চলের ছেলেমেয়েদের ইন্টারনেট ব্যবহার করতে দেওয়ার বিষয়ে অভিভাবকদের নেতিবাচক ধারণা বদলে দেওয়ার আহ্বান জানায়।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আহ্বান জানিয়ে গতকাল ইন্টারনেট উৎসবটি হয় রামগতির আ স ম আবদুর রব সরকারি কলেজ প্রাঙ্গণে। এ ছাড়া গতকাল ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ, নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় ও টাঙ্গাইলের সখীপুর উপজেলার আবাসিক মহিলা কলেজে উৎসব হয়।সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। ওই ১০ জনকে দেওয়া হয় ক্রেস্ট। ১০ জনের মধ্যে সেরা আই-জিনিয়াস পায় মেডেল ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় প্রথম আলোর পক্ষ থেকে একটি স্মারক, একটি ঘড়ি ও মগ।যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি, তাদের জন্য ছিল মজার মজার উপকরণ। এর মধ্যে হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর এবং এক্সপেরিয়েন্স জোনে শিক্ষার্থীদের ভিড় ছিল বেশি। মাঝেমধ্যে স্পট কুইজ প্রাণবন্ত করে রাখে শিক্ষার্থীদের। উৎসব প্রাঙ্গণে ছিল প্রথম আলো, গ্রামীণফোন, নকিয়া, ফেসবুকসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের স্টল। ছিল প্রথমা প্রকাশনের বইয়ের দোকান।রামগতি (লক্ষ্মীপুর): উৎসবের উদ্বোধন করেন আ স ম আবদুর রব সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ইস্রাফীল। শপথবাক্য পাঠ করান আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন, রামগতি আহমদিয়া কলেজের অধ্যক্ষ মো. ছাইদুল হক, গ্রামীণফোনের রামগতি টেরিটরি কর্মকর্তা মোহাম্মদ হোসাইন, প্রথম আলোর রামগতি প্রতিনিধি শাজাহান তালাসী ও প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় কমিটির সদস্য শাকিল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামগতি বন্ধুসভার আহ্বায়ক মো. নাছিম উদ্দিন। উৎসবে রামগতির ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: আ স ম আবদুর রব সরকারি কলেজ, রামগতি আহমদিয়া কলেজ, আবদুল হাদী কলেজ, টাউন আলেকজান্ডার মহিলা কলেজ, আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়, আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চবিদ্যালয়, চরমেহার আজিজিয়া উচ্চবিদ্যালয়, সুলতানা বালিকা উচ্চবিদ্যালয়, চরসেকান্দর শফিক একাডেমি ও চরসীতা তোরাব আলী উচ্চবিদ্যালয়।কেরানীগঞ্জ (ঢাকা): উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষ বলেন, ‘উৎসবের মাধ্যমে ইন্টারনেটের বার্তা গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। প্রথম আলো শুধু সংবাদই ছাপে না, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সহযোগিতা করে থাকে। দেশের ক্রান্তিলগ্নে ও দুর্দিনে অসহায় মানুষের পাশে থাকে।’এর আগে উৎসবের উদ্বোধনের পর শপথবাক্য পাঠ করান নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেরানীগঞ্জের ইউএনও বাবুল মিয়া, গ্রামীণফোনের কর্মকর্তা আয়েশা খাতুন, প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরানীগঞ্জ বন্ধুসভার সদস্য মাহাবুব ফারুক। উৎসবে কেরানীগঞ্জ উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী যোগ দেয়। প্রতিষ্ঠানগুলো হলো: নয়াবাজার ডিগ্রি কলেজ, নয়াবাজার উচ্চবিদ্যালয়, আটিভাওয়াল উচ্চবিদ্যালয়, কলাতিয়া ডিগ্রি কলেজ, কলাতিয়া উচ্চবিদ্যালয়, ইস্পাহানি উচ্চবিদ্যালয়, ওয়েস্টিন কলেজ, শাক্তা উচ্চবিদ্যালয়, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পারজোয়ার কালিন্দি উচ্চবিদ্যালয়, আটি পাঁচদোনা উচ্চবিদ্যালয় ও জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় ওয়েস্টিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শাহানা আক্তার।গোপালগঞ্জ: আই-জিনিয়াস নির্বাচিত হয় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও গোপালগঞ্জ বন্ধুসভার সদস্য প্রবীর সরকার। গত বছর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী চৌধুরী সাদিদ আলম আই-জিনিয়াস নির্বাচিত হয়েছিল। পরে সে সারা দেশের আই-জিনিয়াসদের মধ্যে গ্র্যান্ড মাস্টার নির্বাচিত হয়ে নরওয়েতে যাওয়ার সুযোগ পায়।এর আগে উৎসবের উদ্বোধন করেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ এম এ হাই। বক্তব্য দেন গ্রামীণফোনের খুলনা আঞ্চলিক ব্যবস্থাপক অমিতাভ চন্দ্র দাস, গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আ স ম আবদুল হক, প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক ইসরাত জাহান।উৎসবে গোপালগঞ্জের এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয়, বীণাপাণি সরকারি উচ্চবিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, এম এ রউফ কলেজ ও স্বর্ণকলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।নীলফামারী: ‘লেখাপড়ার পাশাপাশি আমাদের সবাইকে ইন্টারনেটের জগতে ঢুকতে হবে। তবেই সফল হতে পারব আমরা।’ আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর গতকাল এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে নীলফামারীর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোস্তফা কামাল।এর আগে উৎসবের উদ্বোধন করে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মোহাম্মদ আনিছুল ইসলাম চৌধুরী। বৃষ্টি উপেক্ষা করে উৎসবে যোগ দেয় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়, নীলফামারী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, কালেক্টরেট পালিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ছমির উদ্দিন উচ্চবিদ্যালয়, নতুনবাজার উচ্চবিদ্যালয়, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যালয়, মশিউর রহমান ডিগ্রি কলেজ ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের কর্মকর্তা নুরন্নবী সরকার, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান।সখীপুর (টাঙ্গাইল): উৎসব উদ্বোধন করে শপথবাক্য পাঠ করান সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেনুবর রহমান। বক্তব্য দেন, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক হাসান আহমেদ, প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুর, সখীপুর বন্ধুসভার সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলীম মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক নাহিদ মণ্ডল। উৎসবে সখীপুর উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: সখীপুর মুজিব ডিগ্রি কলেজ, সখীপুর আবাসিক মহিলা কলেজ, বড়চওনা-কুতুবপুর কলেজ, সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ, পাহাড়কাঞ্চনপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, সখীপুর পিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয়, সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও বড়চওনা উচ্চবিদ্যালয়। এর মধ্যে আই-জিনিয়াস নির্বাচিত হয় সখীপুর পিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মাহাবুব মুস্তাফা।আজ উৎসব দুই জায়গায়: আজ বুধবার ইন্টারনেট উৎসব হবে ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ও যশোর জিলা স্কুলে।