দেখবেন—কেউ যেন পার না পেয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বাচ্চাটার সামনে ও আমার সঙ্গে এমন করেছে, যে বাচ্চাটাকে আমি একটা রাজকন্যার মতো বড় করতে চেয়েছিলাম। নয় মাস পর শুধু এই বাচ্চাটার সঙ্গে সময় কাটাব বলে এসেছিলাম, ও আমাকে সে সময়টুকু দিল না। আমি আমার বাচ্চাটার জন্য এত দিন থেকেছি।’ রাজধানীর ল্যাবএইড হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতর রুমানা মনজুর এক নিঃশ্বাসে এই কথাটুকু বলে থামলেন। তাঁর নষ্ট হয়ে যাওয়া চোখ থেকে তখন অঝোরে গড়িয়ে পড়ছে জল। নির্যাতনে ক্ষত-বিক্ষত মুখ, আঘাতে অন্ধ হয়ে যাওয়া চোখ—সবকিছু ভুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সেনা কর্মকর্তা মনজুর হোসেনের একমাত্র মেয়ে রুমানা কাঁদছেন তাঁর সাড়ে পাঁচ বছরের একমাত্র মেয়েটির জন্য। রুমানার স্বামী হাসান সাইদ তাঁর চোখ দুটি উপড়ে নিতে চেয়েছিল। তাঁর ঠোঁটের এক পাশ ও নাকের এক পাশ কামড়ে ছিঁড়ে নিয়েছে। রুমানার কপালে আঘাত, গলায় লাল দাগ। তাঁর মাথার কাছে নির্বাক স্বজনেরা। তাঁদের বিস্ময়ের ঘোর এখনো কাটে না। আর একমাত্র মেয়ের দুঃখ-কষ্টে বাবা চোখ মোছেন অনবরত।১৩ জুন ল্যাবএইড হাসপাতালের ৬৬১ নম্বর কেবিনে শুয়ে রুমানা মনজুর এই প্রতিবেদকের কাছে তাঁর ওপর চলা নির্মম নির্যাতনের বর্ণনা দেন। গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে ভেঙে ভেঙে বললেন, ‘ও মাদকাসক্ত ছিল। বিয়ের পর থেকেই নির্যাতন করত। আমি ভাবলাম বিয়ে যেহেতু হয়েছে, মানিয়ে নিই। ধৈর্য ধরেছি। কিন্তু কখনোই ও ঠিক হয়নি। আমি বহুদিন ধরেই পড়ালেখার জন্য বাইরে যেতে চাইছিলাম। বাচ্চাটা বড় হওয়ার পর অনেক বুঝিয়ে-শুনিয়ে রাজি করালাম। কানাডায় গিয়ে আমার পরীক্ষা-ডেডলাইন কোনো কিছু কখনো মাথায় রাখিনি। প্রতিদিন কথা বলেছি। শ্বশুরবাড়ির লোকজন জানত সবকিছুই। তারা ছেলেকে কিছু বলেনি। শুধু মানিয়ে নিতে বলত।’ রুমানা মনজুর জানান, কানাডায় ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় তিনি এমএস করতে গিয়েছিলেন নয় মাস আগে। থিসিস জমা দেওয়ার জন্য তিন মাস সময় পেয়েছিলেন। কোর্স তত্ত্বাবধায়কের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাসের জন্য ঢাকায় আসেন গত ১২ মে। দিন দশেকের মাথায় স্বামী হাসান সাইদ একবার তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে। তারপর ৫ জুন হত্যার চেষ্টা চালায়। রুমানা বলেন, ‘ও যাবার সময় বলে গেছে আমাকে আর প্রাণে বাঁচতে দেবে না।’অসুস্থ, বেদনায় জর্জরিত রুমানার সঙ্গে বেশি দূর কথা এগোয় না। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার আগে প্রথম আলোর সঙ্গে খুব কষ্ট করে থেমে থেমে এটুকু বলেই হাঁপিয়ে ওঠেন রুমানা—বাবা মনজুর হোসেনের বড় আদরের, ভীষণ উজ্জ্বল, শান্ত-সংবেদনশীল মেয়েটি, যিনি কখনো নিজের দুঃখ-কষ্টের কথা কাউকে জানাননি। কিন্তু এবারকার এই নির্যাতন বীভৎসতার সব সংজ্ঞাকে হার মানিয়েছে। ভীষণ চাপা স্বভাবের রুমানা বহুদিন ধরে যে নির্যাতন সয়ে এসেছেন তা এখন সবাইকে জানান। তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেই ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার প্রেসিডেন্ট জে টপি ব্যক্তিগতভাবে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকায় কানাডীয় দূতাবাসে। কানাডার অটোয়ায় বাংলাদেশি দূতাবাসেও তিনি যোগাযোগ করেছেন। রুমানা যেন এই অবস্থাতেও তাঁর লেখাপড়াটা শেষ করতে পারেন, সে জন্য সব রকম সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।রুমানার জন্য একজোট হয়েছেন কানাডা-প্রবাসী বাঙালিরাও। তাঁরা নির্যাতনের বিচার চান। বাংলাদেশি সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তাঁরা দুঃখ করে বলেন, থিসিস জমা না দিয়ে রুমানা মেয়ের কাছে ছুটে এসেছিলেন। রুমানা জানতেন বাংলাদেশে থেকে থিসিসের কাজ করা কতটা কঠিন এবং ব্যয়বহুল। কিন্তু আত্মীয়স্বজন, সহপাঠী কেউ তাঁকে আটকাতে পারল না। এমনকি এমএস করার পরপরই পিএইচডি করার কথা থাকলেও রুমানা তাঁদের বলেছিলেন, একটা বছর তিনি মেয়েকে ছেড়ে থেকেছেন, আরও এক বছরের বিচ্ছেদ তিনি সহ্য করতে পারবেন না।পারবেনই বা কী করে! হাজারো কাজ ফেলে প্রতিদিন এই রুমানাই তো স্কাইপে থেকে মেয়েকে বাড়ির কাজে সাহায্য করেছেন। তীব্র ঠান্ডা উপেক্ষা করে বাড়ির বাইরে বসে ঘণ্টার পর ঘণ্টা স্বামী হাসান সাইদ আর মেয়ে আনুশাহর সঙ্গে কথা বলেছেন। সেই আনুশাহর সামনেই হাসান সাইদ রুমানাকে ক্ষত-বিক্ষত করল।রুমানা মনজুরের বাবা মনজুর হোসেন জানান, তাঁর নাতনি আনুশাহ এই বীভৎসতায় নিস্তব্ধ হয়ে গেছে। ওই দিনের ঘটনা সম্পর্কে উচ্চারণ করতে চায় না একটি কথাও। বহু অনুরোধে পুলিশকে শুধু একটি কথাই বলেছে, ‘বাবা আমার মাম্মাকে অনেক মেরেছে। অনেক রক্ত বেরিয়েছে।’ যন্ত্রণায় কথা বলতে পারছেন না রুমানা, একটি চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে, অন্যটিতেও কিছু দেখতে পান না। রুমানা কি কোনো দিন পারবেন তাঁর চোখ দুটি দিয়ে প্রিয় সন্তানের মুখটুকু দেখতে? এই প্রতিবেদকের সঙ্গে তাঁর শেষ কথা, ‘ও যাওয়ার সময় বলে গেছে, আমাকে আর প্রাণে বাঁচতে দেবে না। দেখবেন কেউ যেন পার না পেয়ে যায়!’