দেখা মিলল ১২ তারকার
মোহাম্মদ সুজয়, শাফায়েত হোসেন, মাহমুদুল হাসান, সাইদ রাকিব খান, ফয়সাল আহমেদ, মিজানুর রহমান, রাজীব হোসেন, ইব্রাহীম বাবু, নাদিম মাহমুদ, রিপন কুমার দাস, মাশহুদ উদ্দিন আহমদ, মোহাম্মদ মিঠু—এরাই হলো এয়ারটেল রাইজিং স্টারস! গতকাল রোববার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে মিলল এই খুদে তারকাদের দেখা। আগামী নভেম্বরে এই ১২ খুদে ফুটবলার পাড়ি জমাবে ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিকানা ওল্ড ট্রাফোর্ডে। সেখানে পাবে তারা সাত দিনের বিশেষ প্রশিক্ষণ ও স্বপ্নের ফুটবল তারকাদের সান্নিধ্য।গত ৩০ জুলাই থেকে এয়ারটেল শুরু করেছিল এই ১২ ফুটবলারের অন্বেষণ। সঙ্গে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম আলো ছিল সহযোগী। ৬০ হাজার খুদে ফুটবলার নাম নিবন্ধন করেছিল ফুটবল-আকাশের তারা হওয়ার আশায়। সেখান থেকে প্রথমে জেলা পর্যায়ে ডাক পেয়েছিল ১৬ জন করে। পরে ২৫ জন করে উঠে এসেছিল আটটি বিভাগ থেকে। সেই ২০০ জনের মধ্য থেকে গত চার দিন যাচাই-বাছাই করে গতকাল সেরা ১২ জনকে খুঁজে বের করলেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের তিন কোচ—কেভিন ও’কনেল, মাইকেল বেনেট ও মাইকেল ম্যাকক্লিন। তবে কেবল এই ১২ জনকেই সেরা মানতে নারাজ কেভিন। যাচাই-বাছাই শেষে সবাইকে একসঙ্গে জড়ো করে বললেন, ‘তোমরা যারা সেরা ১২তে জায়গা পাবে না, তারা হতাশ হয়ো না। তোমরা তো অনেক কিছু শিখলে এখানে এসে। তোমরাও অনেক ভালো ফুটবলার। যা শিখেছ, তা কাজে লাগাও।’কোচের এমন সান্ত্বনা কি গত পাঁচ সপ্তাহের স্বপ্নভঙ্গের ক্ষত মুছে ফেলতে পারল? উত্তর হয়তো—না! ফলাফল ঘোষণার পর সন্ধ্যার নিবু-নিবু আলোয় অঝোর ধারায় কাঁদতে লাগল অনেকেই। তাদেরই একজন মোনতাসির রহমান। পিরোজপুরের কাউখালী থেকে এসে খালি হাতেই ফেরার দুঃখে কান্নাভেজা কণ্ঠে বলল, ‘খুব কষ্ট হচ্ছে! অনেক আশা করেছিলাম। তবে এখানে এসে অনেক কিছু শিখেছি—এটাও কম না।’তারকাদের একজন মাহমুদুল হাসান। ডাকনাম কিরণ। সত্যিই ও আলো ছড়াল মেঘমেদুর সন্ধ্যায়। বিকেএসপিতে নবম শ্রেণীপড়ুয়া ছেলেটিকে ঘিরে বন্ধুদের তুমুল উল্লাস, শিক্ষকেরাও সেই আনন্দে যোগ দিলেন। ছবি তোলার সময় যখন সবাই গলা ফাটিয়ে চিৎকার করছে, তখন ও ঠোঁট কামড়ে কান্না আটকাতে ব্যস্ত! মাহমুদুল নাকি অনেকক্ষণ কোনো কিছুই বুঝতে পারছিল না, ‘যখন শুনলাম আমার নাম ডাকল, তারপর অনেকক্ষণ কোনো বোধই ছিল না!’চট্টগ্রামের মাশহুদ অবশ্য মুখে হাসি ফুটিয়েই গেল ভিনদেশি কোচদের কাছ থেকে মেডেল নিতে। গত পরশু তিন কোচের একজন নাকি প্র্যাকটিসের সময় খেলা দেখে ওকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। ‘মা-বাবা শুনেছে তোমার খবর?’ মাশহুদ বলল, ‘এখনো ঠিক জানি না। মা-বাবাকে মনে পড়ছে খুব। আমার কোচদের অনেক ধন্যবাদ। আর খুব মনে পড়ছে বড় ভাই মাসুদের কথা। ওর কারণেই আজ আমি এই জায়গায়। সামনে ওর জন্য বড় কিছু করতে চাই।’বড় কিছু করার স্বপ্ন আছে চট্টগ্রামের সপ্তম শ্রেণীপড়ুয়া আশরাফুল ইসলামেরও। প্র্যাকটিস বা ম্যাচ না থাকলেও সারাক্ষণ বল নিয়ে পড়ে থাকতে দেখা গেছে ওকে গত চার দিন। বল নিয়ে নানা কারিকুরিতেও ওস্তাদ। ফলাফল ঘোষণার আগে আরেকবার কারিকুরি দেখাতে ডাকা হলো ওকে। একাধিকবার ব্যর্থ হওয়ার পর পিঠে বল স্থির রেখে জার্সিটা খুলে ফেলল অনায়াসে, বল রইল আগের জায়গায়। এমনিতে এই কাজটা ও একবারেই করে ফেলে। অথচ ফলাফলের আগে লাগল বেশ খানিকটা সময়! বোঝাই যাচ্ছিল, ফলাফলের দুশ্চিন্তা কতটুকু পেয়ে বসেছিল ছেলেটাকে। শুধু ওরই নয়, বাকি সবারই বুকের শব্দ অ্যামপ্লিফায়ার দিয়ে শোনালে আশপাশের এলাকায়ও হয়তো তা শোনা যেত!গতকালের সকালটাও শুরু হয়েছিল গত পরশুর কর্মসূচি দিয়ে। ৫০ জন করে দুটি দলকে প্রশিক্ষণ দিয়ে ছোট ছোট ম্যাচ খেলালেন তিন কোচ। তাতেই হলো যাচাই। তারপর মঞ্চ তৈরি। সেখানে এলেন বিকেএসপির প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামীমা সাত্তার, এয়ারটেলের বিপণন ও বাণিজ্য বিভাগের প্রধান অভয় শেঠ, গত চার দিন ২০০ জন খুদে ফুটবলারের কোচ হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশি কোচেরা। আর ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের তিন কোচ। সেরা ১২ জনের নাম ঘোষণার পর একে একে বাকিদের হাতে তুলে দেওয়া হলো প্রশংসাপত্র। সেটা পেয়েও অনেক খুশি ঝিনাইদহের আবদুল্লাহ টোফেল, ‘এবার পারিনি, সামনে যদি আবার সুযোগ পাই, দেখিয়ে দেব!’