ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আজ বিকেলে গান করবে রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারা ও গান্ধর্বলোক অর্কেস্ট্রা। ‘বাংলাদেশের হূদয় হতে’ শিরোনামের এই আয়োজনের সঙ্গে আছে প্রথম আলো ও চ্যানেল আই। এরই মধ্যে ২৭টি দেশ থেকে গান্ধর্বলোক অর্কেস্ট্রার ৮০ জন শিল্পী ঢাকায় এসেছেন। তাঁরা গাইছেন বাংলা গান। পরিবেশনার ঢং আর যন্ত্রানুষঙ্গ একেবারেই পাশ্চাত্যের। সুরের ধারা ও গান্ধর্বলোক অর্কেস্ট্রার শিল্পীরা আজ গাইবেন রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রী চিন্ময়ের গান। এই অনুষ্ঠানটি সবার জন্য। কথা হলো গান্ধর্বলোক অর্কেস্ট্রার এবারের সফরের ব্যবস্থাপক বিলুপ্তি ক্রিস্টিন বারিনাউর সঙ্গে। বাংলাদেশে এবারই তো প্রথম নয়?গান্ধর্বলোকের হয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে এলাম। সুরের ধারার সঙ্গে গান্ধর্বলোকের অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব এবার আমার। আর পরিবেশনায় তো থাকছিই।আপনি জাতিসংঘের হয়ে কাজ করেছেন।হ্যাঁ, তবে আমার শেষ কর্মস্থল ছিল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। আফ্রিকা অঞ্চলে ম্যালেরিয়া কার্যক্রমের সঙ্গে ছিলাম। মায়ের অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দিয়েছি। কিন্তু গান্ধর্বলোকের অনুষ্ঠানের ডাকে ছুটে এসেছি, বাংলাদেশের টান সব সময়ই আলাদা।গান্ধর্বলোক বাংলা গান গায়। আপনারা তো বাংলা বোঝেন না?সেটা কোনো সমস্য নয়। শ্রী চিন্ময়ের চোখ দিয়ে আমরা বাংলাদেশকে চিনেছি বাংলাদেশকে না দেখার আগেই। আমার মায়ের নাম মুক্তি, বোন রেনেটার নাম জাগরি, আমি বিলুপ্তি—এগুলো চিন্ময়ের দেওয়া নাম। তিনি শুধু গান লিখেই তো ক্ষান্ত হননি, তিনি ইংরেজি করে প্রতিটি বাংলা শব্দের অর্থ বুঝিয়ে দিয়েছেন। এই যে শাড়ি পরি, ভালো লাগে বলেই তো পরি। বাংলাদেশ এখন আমার, আমার বোনের দেশও। আপনারা বলেন, চিন্ময়ের গান হূদয়ের দীনতা ঘোচানোর গান।অবশ্যই। গানই পারে সবাইকে এক করতে। চিন্ময় বলতেন: গান গেয়ে যাও, তাতে নিবিড় অন্ধকারেও মনে হবে একটা প্রদীপ জ্বলছে তোমার জন্য। বাংলাদেশ নিয়ে এ রকম উচ্ছ্বাস সবার?উপমহাদেশের জীবনাচার আমরা গ্রহণ করেছি। আমরা বাঙালিদের মতো পোশাক পরছি, ধ্যান করছি, গান গাইছি, সেটা ভালোবেসেই। এই যে বাংলাদেশে গান্ধর্বলোক তৃতীয়বারের মতো অনুষ্ঠান করছে, ঢাকায় অনুষ্ঠান হচ্ছে শুনে সব কাজ ফেলে ছুটে এসেছে এরা। সেটা এই দেশকে, এ দেশের ভাষা বাংলাকে ভালোবেসেই। শেষে এটা বলি, সুরের ধারা রেজওয়ানা চৌধুরী বন্যা আর গান্ধর্বলোকের মধ্যে যে চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে, এতে গান্ধর্বলোকের সদস্যদের চিন্ময়ের জন্মস্থানকে চেনা সহজ হয়েছে। আলীম আজিজ