দেখায় সুদর্শন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ সবুজ। অন্য সবার চেয়ে ক্যাম্পাসে তাঁকে একটু আলাদা লাগে। এর রহস্য জানতে চাইলে সবুজ জানান, চুল আর ত্বকের নিয়মিত যত্ন নেন তিনি। এ জন্য প্রায়ই যান ধানমন্ডির ২৭ নম্বর সড়কে পারসোনা এডামসে।তরুণ-যুবাদের জন্য বিশেষায়িত রূপচর্চাকেন্দ্র বাড়ছে নগরে। এগুলোয় গেলে দেখা যায়, চোখেমুখে নানা উপকরণ দিয়ে রূপচর্চা করিয়ে নিচ্ছেন কেতাদুরস্ত পুরুষেরা। কেউ আবার চুলে করিয়ে নিচ্ছেন রং। কেউ বা করাচ্ছেন পিয়ার্সিং। এমনকি ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর, স্পাও করিয়ে নিচ্ছেন যুবকেরা। পারসোনা এডামসে চুলের কাট দিতে এসে ফেসিয়াল করাতে বসে পড়েছেন ইকবাল আহম্মেদ। তিনি বলেন, ‘একটু টিপটপ থাকার চেষ্টা আর কি।’পুরুষের রূপচর্চা সম্পর্কে পারসোনা এডামসের নির্বাহী মিজানুর রহমান জানান, এখানে যাঁরা আসছেন, তাঁদের বেশির ভাগই চুল কাটা, চুলে রং করা, চুলের স্টাইল পাল্টানো কিংবা চুলের অন্য যত্ন নিতে আসেন। হেয়ারোবিক্সের বিউটি কনসালট্যান্ট তানজিমা শারমিন বলেন, ত্বকের যত্নে আজকাল অনেক পুরুষ ফেসিয়ালের প্রতি বেশি আগ্রহী হচ্ছেন।সুপার কাট স্যালন অ্যান্ড কিডস কর্নারের পরিচালক খালেদ মোহাম্মদ আলী বলেন, পুরুষের রূপচর্চাকেন্দ্রগুলোয় সাধারণত যেসব সেবা দেওয়া হয়, তার মধ্যে রয়েছে—চুল কাটা, চুলে রং করা, হাত ও পায়ের নখের যত্ন, ফেসওয়াশ, বডি ম্যাসাজ, কান ফোঁড়ানো, লোমকূপের ময়লা পরিষ্কার, ট্যাটু লাগানো, বিয়ের সাজ, পার্টি সাজ ও স্টুডিও সাজ। ১০০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে এসব কাজ করানো যাবে।নিয়মিত সেবা নিতে সদস্য হলে অনেক রূপচর্চাকেন্দ্রে পাওয়া যায় বিশেষ ছাড়। যেমন, পারসোনা এডামসে ১০০ টাকা দিয়ে সদস্য হলে যেকোনো সেবায় ১০ শতাংশ ছাড় দেওয়া হয়। তবে এই ছাড়ের মাধ্যমে টাকা কম রাখা হয় না। ছাড়ের টাকা গ্রাহকের নামে জমা হতে থাকে। নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ জমা হলে তার বিনিময়ে গ্রাহক একটি সেবা নিতে পারেন। সুপার কাট স্যালন অ্যান্ড কিডস কর্নারেও ৫০০ টাকা দিয়ে সদস্য হলে সব সেবায় ১০ শতাংশ ছাড় পাওয়া যায়। একইভাবে মেনস কেয়ারে ৩০০ টাকা দিয়ে সদস্য হলে ১০ শতাংশ ছাড় পাওয়া যায় তাদের সব রকমের সেবায়।মেলে বরের সাজপুরুষের জন্য বিশেষায়িত প্রায় সব রূপচর্চাকেন্দ্রে বরের সাজের জন্য আলাদা প্যাকেজ রয়েছে। পারসোনা এডামসে এক দিনের প্যাকেজ ছয় হাজার ৮০০ টাকা, আর দুই দিনের প্যাকেজ সাত হাজার ৫০০ টাকা। ‘ফেস ওয়াশ’-এ প্যাকেজের খরচ হয় তিন হাজার টাকা। হেয়ারোবিক্সের বিয়ের প্যাকেজ তিনটি—এক, দুই ও তিন দিনের। এসব প্যাকেজের খরচ তিন হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত। সুপার কাট স্যালন অ্যান্ড কিডস কর্নারের বিয়ের প্যাকেজ তিনটি—এক, দুই ও তিন দিনের। প্যাকেজ খরচ তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। মেনস কেয়ারের বিয়ের প্যাকেজ তিনটি—এক, দুই ও তিন দিনের। প্যাকেজ খরচ দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। লালমাটিয়ার মেনস কেয়ার স্যালনের কর্ণধার দীপক রায় জানান, রূপচর্চাকেন্দ্রে এসে বরের সাজ নেওয়ার বিষয়টি জনপ্রিয় হচ্ছে।যেখানে সেবাপারসোনা এডামস রয়েছে ধানমন্ডির ২৭ নম্বর সড়ক, গুলশান, উত্তরা ও বনানীর ১১ নম্বর সড়কে। বনানীতে আরও আছে রেড বিউটি স্যালন। মিরপুর সড়কের পাশের ধানমন্ডির মমতাজ প্লাজায় রয়েছে ফেস ওয়াশ। একই সড়কের হোসেন প্লাজার দ্বিতীয় তলায় রয়েছে হেয়ারোবিক্স। সুপার কাট স্যালন অ্যান্ড কিডস কর্নারের সেবাকেন্দ্র রয়েছে লালমাটিয়া, মোহাম্মদপুর, মহাখালী ও ধানমন্ডিতে। এ ছাড়া ধানমন্ডির ১৫ নম্বর সড়কের কেয়ারি প্লাজা ও লালমাটিয়া সি-ব্লকের মোস্তফা প্যালেসে রয়েছে মেনস কেয়ার স্যালন।