খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী
দেখে যান, পিরোজপুরের মানুষও সাঈদীর রায় কার্যকর চায়
পিরোজপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত জনতার কাছে জানতে চান, তাঁরা মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় কার্যকর হোক তা চান কি না। এ সময় জনতা সমস্বরে বলতে থাকেন ‘চাই’, ‘চাই’। তখন প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এসে দেখে যান, আপনার প্রিয় যুদ্ধাপরাধী সাঈদীর বাড়ির মানুষও রায় কার্যকর হোক এটা চায়।’ আজ মঙ্গলবার বিকেলে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।জনসভায় শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টার জন্য বিরোধীদলীয় নেতার একদিন বিচার হবে। এখন দেশে যখন উন্নয়ন ও যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে, তখন বিএনপির নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, হরতালের নামে আগুন দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে ও পুলিশকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। অপরদিকে বিরোধীদলীয় নেত্রী বলেছেন, আরও প্রাণহানি হবে।জনসভাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী পিরোজপুর ও জিয়ানগর উপজেলার সংযোগ রক্ষাকারী বলেশ্বর নদীর ওপর শহীদ শেখ ফজলুল হক মনি সেতু, নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাডেমি ভবন ও ছাত্রী নিবাস, ইন্দুরকানি থানা ভবন, স্বরূপকাঠি ফায়ার সার্ভিস স্টেশন ভবন, জেলা রেজিস্ট্রি অফিস ভবন, স্বরূপকাঠি সাব-রেজিস্ট্রি অফিস ভবন, জেলা সরকারি গ্রন্থাগার ও ছয়টি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন। পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ এ কে এম এ আউয়াল প্রমুখ।এর আগে আজ দুপুরে প্রধানমন্ত্রী পটুয়াখালীর দশমিনা উপজেলার খলিসাখালী এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, এক সময় এই দক্ষিণাঞ্চল বাংলাদেশের শস্যভান্ডার ছিল। এখন সেই ঐতিহ্য আর নেই। দক্ষিণাঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। এর অংশ হিসেবে বাঁশবাড়িয়ায় গড়ে তোলা হচ্ছে দেশের বৃহত্ বীজ উত্পাদন খামার। দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পটুয়াখালীর খলিসাখালী এলাকায় যান। এরপর প্রধানমন্ত্রী সরাসরি যান দুমকির পায়রা নদীর পাড়ে। সেখানে চার লেনবিশিষ্ট লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দশমিনা উপজেলার খলিসাখালী এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণের সেবা করতে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে পটুয়াখালীর চারটি আসনেই আমাদের নির্বাচিত করেছেন। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামী নির্বাচনেও আমি আপনাদের সমর্থন চাই।’ শেখ হাসিনা বলেন, ‘আপনাদের দীর্ঘদিনের দাবি দুমকি উপজেলার পায়রা নদীর ওপর চার লেনবিশিষ্ট লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে কুয়াকাটায় আরও তিনটি সেতু নির্মাণাধীন। এর সঙ্গে লেবুখালী সেতু নির্মিত হলে ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কপথে আর কোনো কষ্ট থাকবে না।’ তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। এ ছাড়া রামনাবাদ নদীর মোহনায় তৃতীয় নৌবন্দর নির্মাণ করা হচ্ছে। পর্যটনকেন্দ্র কুয়াকাটার উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামীতে ক্ষমতায় আসতে পারলে এই অঞ্চলের একটি মানুষও গৃহহীন থাকবে না।পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইউসুফ হোসেন হুমায়ুন, আবুল হাসানাত আবদুল্লাহ, হুইপ আ স ম ফিরোজ, আফজাল হোসেন প্রমুখ।