দেড় মাসের মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ
নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৩৩ ধারা অনুসারে বিধি প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলার বিষয়ে ছয় সপ্তাহের মধ্যে বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতেও বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি ও অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।নারীদের উত্ত্যক্ত ও হয়রানি, পর্নোগ্রাফি, ব্লাকমেইলিং, মোবাইল টেক্সিংসহ যৌন অপরাধ থেকে নারী-শিশুদের নিরাপত্তায় বিদ্যমান আইন ও আইনি কাঠামোর বাস্তবায়ন পর্যালোচনায় একটি সমন্বিত সমীক্ষা পরিচালনার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী রিট আবেদনটি করেন। রিটের পক্ষে আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান শুনানি করেন। পরে মোখলেছুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলাগুলো নির্দিষ্ট সময়ে নিষ্পত্তি হয়েছে কি না, না হলে এ ক্ষেত্রে সময় বাড়ানোর জন্য রেফারেন্স পাঠানো হয়েছে কি না, নির্দিষ্ট সময়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে কি না এবং নির্যাতিতদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—সে সংক্রান্ত প্রতিবেদন ছয় সপ্তাহের দাখিল করতে মানবাধিকার কমিশন এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সালমা আলী প্রথম আলোকে বলেন, ধর্ষণসহ নারী নির্যাতন এখন বেড়ে গেছে। ধর্ষণের পর মেরে ফেলার অনেক ঘটনা ঘটেছে। এ জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ২০০০ সালের ওই আইনের ৩৩ ধারায় বিধি প্রণয়নসহ ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষার জন্য রিট আবেদনটি করা হয়। প্রসঙ্গত, আইনের ৩৩ ধারায় বলা হয়, সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করতে পারবে।