রাজধানীর অন্যতম বইয়ের বাজার হিসেবে পরিচিত নীলক্ষেত এলাকার বাবুপুরা মার্কেটের দৃশ্য। ক্রেতা সেজে এ প্রতিবেদক একটি দোকানে গিয়ে চতুর্থ শ্রেণীর গাইড বই চাইলেন। দোকানি তাঁর হাতে তুলে দিলেন একের ভিতর সব নামে একটি গাইড। পরিচিত একটি প্রকাশনা প্রতিষ্ঠানের গাইড চাইলে দেওয়া হলো একই নামের আরেকটি বই।বিদ্যমান আইন এবং আদালতের রায় অনুযায়ী, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গাইড ও নোটবই নিষিদ্ধ। কিন্তু আইনের নিষেধাজ্ঞা এবং সময়ে সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সত্ত্বেও এমনই নৈমিত্তিক ব্যাপার নিষিদ্ধ নোট-গাইড বইয়ের ব্যবসা। খোদ রাজধানীসহ সারা দেশে এর প্রায়-নির্বিঘ্ন বেচাকেনা চলে।একশ্রেণীর অসাধু প্রকাশক ও ব্যবসায়ী অবৈধ নোট-গাইড ছেপে বাজারে বিক্রি করেন। অভিযোগ রয়েছে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকির অভাবে অসাধু ব্যবসায়ীরা এই অবৈধ কাজ করার সুযোগ পাচ্ছেন। অননুমোদিত শ্রেণীর নোট-গাইডের উৎপাদন, বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া থাকলেও বাস্তবে এর কার্যকারিতা কম।এনসিটিবি ও প্রকাশনা ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, নতুন শিক্ষাবর্ষ শুরুর পরপরই একশ্রেণীর প্রকাশক ও ব্যবসায়ী নোট ও গাইড প্রকাশ করে বাজারে ছাড়েন। বোর্ডের বই পাওয়ার পর এখন শিক্ষার্থী ও অভিভাবকেরা এসব নোট ও গাইড কিনছেন।চড়া দামে শুধু পাসের মন্ত্র: একে তো নিষিদ্ধ, তার ওপর নোট-গাইড বইগুলোর দামও রাখা হচ্ছে ইচ্ছামতো। বইয়ের গায়ে চড়া দাম লিখে যার কাছ থেকে যত পারা যায়, তত টাকায় বিক্রি করা হচ্ছে। বাবুপুরা মার্কেটের দোকানির দেখানো চতুর্থ শ্রেণীর প্রথম গাইড বইটির গায়ে দাম লেখা ছিল ৪০০ টাকা। দর-কষাকষির একপর্যায়ে দোকানি ২৫০ টাকায় নামলেন। পরে বিপণিকেন্দ্রটি ঘুরে দেখা যায়, আরও বেশ কয়েকটি দোকানে রাখা হয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর বিভিন্ন নামের গাইড বই। এ সব দোকানের মধ্যে ছিল বইয়ের দেশ-১, মেহেদী বুক কর্নার, বুকস কর্নার, স্কাই ভিউ, ঢাকা গ্রন্থ বিতান। সেখানে প্রকাশ্যেই সাজিয়ে রাখা হয়েছে নিষিদ্ধ গাইড বই।পাঠ্যবই বাদ দিয়ে সহজে পরীক্ষার বৈতরণী পার হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকেরা এ সব নোট ও গাইডের দিকে ঝুঁকছেন। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করলেও তাদের মেধার বিকাশ হচ্ছে না।গাইড বই কিনতে এসেছিল অষ্টম শ্রেণীর ছাত্র নুরুল ইসলাম। কেন নোট-গাইড পড়ো জিজ্ঞেস করলে তার জবাব: ‘সবকিছু শর্টকাট, এ জন্যই নোট-গাইড পড়ছি।’এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণেই কোচিং, প্রাইভেট এবং নোট-গাইডের সাম্রাজ্য বেড়ে চলছে। যদি বিদ্যালয়গুলো ভালো হয়, তাহলে আর এর প্রয়োজন হওয়ার কথা নয়। তা ছাড়া এখন সৃজনশীল প্রশ্নপদ্ধতি শুরু হয়েছে। এখনো নোট-গাইড থাকলে খুবই ক্ষতি হবে। তাই এখনই নোট-গাইডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’স্কুল-কলেজের শিক্ষার্থীদের স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির প্রথম আলোকে বলেন, ‘অনেক শিক্ষক শিক্ষার্থীদের নোট-গাইড পড়তে বাধ্য করেন। তাঁরা নির্দিষ্ট নোট-গাইডের নামও বলে দেন কেনার জন্য।’অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া সন্তানদের নোট-গাইড কিনে দিয়েছেন এমন আরও কয়েকজন অভিভাবক এ প্রতিবেদককে বলেন, স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না বলেই তাঁরা ছেলেমেয়েদের নোট-গাইড কিনে দিতে এবং কোচিং-প্রাইভেটে পড়াতে বাধ্য হচ্ছেন।আইন অমান্য করে নোট-গাইড প্রকাশ অব্যাহত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির নেতা আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয়, চাহিদা আছে বলেই অনেকে নোট-গাইড ছাপছেন ও কিনছেন।’ ১৯৮০ সালে যে পরিস্থিতি ও চিন্তা থেকে নোট নিষিদ্ধকরণ আইন করা হয়েছিল, এখন সেটা প্রযোজ্য নয় বলেও দাবি করেন তিনি।তদারককারীরা যা বলেন: জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব ব্রজগোপাল ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘নোট-গাইড বন্ধের জন্য আমরা সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে চিঠি দিয়েছি। একই সঙ্গে অভিভাবকদেরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের নিজেদের তো মাঠপর্যায়ে গিয়ে কিছু করার সুযোগ নেই। আমার মতে আইনটি আরও কঠোর করা প্রয়োজন।’একই কথা এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিনের। তিনি বলেন, ‘আমাদের তো সরাসরি কিছু করার অবস্থা নেই। এ জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছি। এখন আবার অনুরোধ করব।’এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মহিবুল হক শনিবার প্রথম আলোকে বলেন, ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগির নোট ও গাইড বই বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।এনসিটিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাবর্ষ শুরুর কিছুদিন আগে থেকেই আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছি। গত ২২ নভেম্বর নিষিদ্ধ নোট, গাইড বই মুদ্রণ, ক্রয় ও বিক্রয় প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ৬৪টি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এবং ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এনসিটিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। বিভাগীয় নগরগুলোর পুলিশ কমিশনার এবং গোয়েন্দা সংস্থার কাছেও চিঠি দেওয়া হয়।’এনসিটিবির আরেকজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সারা দেশে এসব নোট ও গাইড বই বিক্রি হলেও তা উৎপাদিত হয় মূলত ঢাকায়; বিশেষ করে বাংলাবাজার এলাকায়। তাই এ সব জায়গায় নিয়মিত জোরালো অভিযান চালালেই এটা বন্ধ করা সম্ভব।