দেনমোহর আদায়ে মামলা-মোকদ্দমা
স্ত্রীকে সম্মান বা মর্যাদা প্রদর্শন এবং অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যেই মুসলিম বিয়ের অন্যতম অনুষঙ্গ হিসেবে দেনমোহরের বিধান স্বীকৃত ও প্রচলিত। যেকোনো মুসলিম বিয়েতে দেনমোহর অবশ্যই থাকতে হবে, এমনকি তালাক হয়ে যাওয়া দম্পতির মধ্যে পুনরায় বিয়ে হলেও নতুন করে দেনমোহর নির্ধারিত হতে হবে। দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর জামানতবিহীন ঋণ, স্ত্রীর প্রাপ্য দেনমোহর পরিশোধ করা একজন স্বামীর নৈতিক ও আইনি দায়িত্ব, যেটি থেকে অব্যাহতি লাভের কোনো সুযোগ তাঁর নেই, যদি না স্ত্রী স্বতঃপ্রণোদিত ও পুরোপুরি প্রভাবহীন মনোভাব নিয়ে তা মাফ করে দেন। দেনমোহর পরিশোধের দায় থেকে অব্যাহতি লাভের কোনো সুযোগ একজন স্বামীর না থাকলেও পরিশোধের ‘তাড়া’ থেকে পরিত্রাণ পাওয়ার আইনি সুযোগ কিন্তু তাঁর থাকে, যদি অপরিশোধিত দেনমোহরটি ‘বিলম্বিত’ প্রকৃতির হয়। কারণ, বিলম্বিত দেনমোহর স্ত্রী যখন ইচ্ছা তখন চাইতে পারেন না বা চাইলেও স্বামী তা পরিশোধ করতে বাধ্য নন। আইন মতে, দুটি অবস্থার যেকোনোটি ঘটলেই কেবল বিলম্বিত দেনমোহর চাওয়ার অধিকার স্ত্রীর তৈরি হয়। এক. যদি স্বামীর মৃত্যু হয় বা অন্যভাবে তাঁদের মধ্যকার বৈবাহিক সম্পর্ক ভঙ্গ হয়ে যায়; এবং দুই. যদি স্বামী সালিসি পরিষদ তথা স্ত্রীর বিনা অনুমতিতে পরবর্তী স্ত্রী গ্রহণ করেন। দেনমোহরের উদ্দেশ্য হিসেবে শুরুতে যা বলা হয়েছে তার বাইরে দাম্পত্য সম্পর্ক বলবৎ বা শান্তিপূর্ণ রাখার পেছনেও দেনমোহরের যথেষ্ট ভূমিকা রয়েছে। একজন স্বামী যখন জানবেন যে স্ত্রীকে তালাক দিলেই বিলম্বিত (ধার্যকৃত সমুদয় দেনমোহরের বৃহদাংশই সাধারণত বিলম্বিত থাকে)। যদিও অবাধ্য স্ত্রীর আচরণে দাম্পত্য কষ্টে আছেন, এমন স্বামীদের ক্ষেত্রে এরূপ অবস্থা কাঙ্ক্ষিত নয় কিংবা পারস্পরিক মনের টান না থাকলে বাহ্যিক বাধার চাপে পড়ে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা স্বাস্থ্যকরও নয়, তবুও আমাদের সমাজে খেয়ালি ও স্ত্রী-সন্তানদের প্রতি দায়িত্বহীন এমন কিছুসংখ্যক স্বামীও রয়েছেন, যাঁদের বাহ্যিক চাপ দিয়েই দাম্পত্য জীবনে বেঁধে রাখতে হয়। আবার এমন স্ত্রীও বিরল নয়, যিনি শান্তিপূর্ণ বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে বিভ্রান্তি বা তাৎক্ষণিক লাভের বশবর্তী হয়ে দেনমোহর আদায়ে সচেষ্ট থাকেন এবং সে জন্য স্বামীর ওপর জোরজবরদস্তি এমনকি মামলা করতেও পিছপা হন না। স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে আনীত সব মামলায়ই যে অভিযোগের সত্যতা থাকে তা নয়, দেনমোহরের প্রতি নেশাতুর কোনো কোনো স্ত্রী তা আদায়ের সহজ কৌশল হিসেবেও মামলা করে থাকেন। মনে রাখা প্রয়োজন, দেনমোহর স্ত্রীর আইনত প্রাপ্য অধিকার। এ থেকে তাঁকে বঞ্চিত করা যায় না। দেনমোহর আদায় করার জন্য উপযুক্ত ক্ষেত্র হচ্ছে পারিবারিক আদালত। কিন্তু কখনো কখনো শোনা যায়, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আনীত ফৌজদারি (যৌতুক নিরোধ বা নারী নির্যাতন আইনে) মামলায় স্ত্রী-ফরিয়াদি দেনমোহর পেয়ে গেলে আর মামলা চালাবেন না মর্মে আদালতে আবেদন বা মনোভাব প্রকাশ করছেন এবং আদালতও তখন (কখনো কখনো স্বতঃপ্রণোদিত হয়েও) স্বামী-আসামিকে দেনমোহর পরিশোধ করার চাপ দিচ্ছেন। এমনও নাকি ঘটছে যে আত্মসমর্পণ করা স্বামী-আসামিকে দেনমোহর পরিশোধে অক্ষমতা বা অস্বীকৃতি জানানোর দরুন জামিন না দিয়ে হাজতে রাখা হচ্ছে কিংবা আগের তারিখে প্রদত্ত জামিন পরের তারিখে বাতিল করা হচ্ছে দেনমোহর পরিশোধ করতে ব্যর্থতা বা অস্বীকৃতি জানানোর দরুন। এটা নিঃসন্দেহে স্বামী-আসামির প্রতি বিচারিক অন্যায়, কারণ ঠিক সে সময়ে দেনমোহর পরিশোধে তিনি হয়তো বাধ্য ছিলেন না। প্রদেয় দেনমোহর ‘বিলম্বিত’ প্রকৃতির হওয়া সত্ত্বেও আত্মসমর্পণকারী স্বামী-আসামিকে জামিন না পাওয়ার বা প্রাপ্ত জামিন বাতিল হয়ে যাওয়ার আশঙ্কায় আগেভাগেই তা পরিশোধ করে ফেলতে হচ্ছে নিজের অন্যবিধ ক্ষতি স্বীকার করেও। এর বাস্তব পরিণতি দাঁড়ায় অব্যর্থ বিবাহ বিচ্ছেদ। কারণ, যেসব বিষয় নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য বিরোধ বা মতভেদ তৈরি হয়েছিল তা হয়তো একসময় মিটে যেত, দেনমোহর পরিশোধের ভাবনায় স্বামীই হয়তো মিটমাটে এগিয়ে আসতেন। কিন্তু মামলায় পড়ে দেনমোহর যেহেতু পরিশোধ করেই ফেলেছেন, সেহেতু স্ত্রীকে তালাক দিলেও নতুন কোনো দায় বহন করতে হবে না বিধায় তালাকের চিন্তাটি সহজেই তাঁর মাথাচাড়া দিয়ে ওঠে। এমনও হয় যে আদালত কর্তৃক দেনমোহরের টাকা আদায় হয়ে যাওয়ার পর দাম্পত্য সম্পর্কও টিকে থাকল এবং টাকা হাতে আসায় স্বাভাবিক নিয়মে স্ত্রী তা খরচও করে ফেললেন। কিন্তু পরে যদি তাঁদের মধ্যে সত্যি সত্যি বিচ্ছেদ হয়ে যায়, তা হলে ওই স্ত্রীকে খালি হাতেই স্বামীর বাড়ি ছাড়তে হবে। অথচ, স্বামীর বাড়ি থেকে চলে আসতে বাধ্য হওয়া একজন স্ত্রী যদি জানতেন যে তাঁর দেনমোহরের দাবি এখনো বিদ্যমান আছে, তা হলে তা তাঁর মনে বিশাল নিরাপত্তাবোধ তৈরি করত। অর্থাৎ, যদি ধরেও নেওয়া হয় যে দেনমোহরের সহজপ্রাপ্তি নিশ্চিত করার জন্যই ফৌজদারি আদালত তা আদায়ে হস্তক্ষেপ করছেন, কিন্তু পরিণতিতে তা একই দিকে যেমন দাম্পত্য বিচ্ছেদে সহায়ক হয়ে ওই স্ত্রীকেই অধিকতর অসহায় করে দিচ্ছে, তেমনি শাস্তি ছাড়াই অপরাধেরও দায়মুক্তি ঘটাচ্ছে। কারণ, যে দেনা (দেনমোহর) স্বামী এমনিতেই পরিশোধ করতে বাধ্য, তা দিয়ে তিনি তাঁর শাস্তি মওকুফ করে নিতে পারছেন; দেনমোহর পরিশোধ করায় অপরাধ সংঘটনের দায়যুক্ত ফৌজদারি মামলাটিকে মাঝপথে অকার্যকর করে দেওয়ার ফলাফল তো তা-ই। দেনমোহর যদি ‘তলবি’ প্রকৃতির হয়ে থাকে বা ঘটনার পরিপ্রেক্ষিতে তা তলবি হিসেবে পরিণত হয়, তা হলে ভিন্ন কথা এবং সে ক্ষেত্রেও তা আদায়ের জন্য আলাদা পারিবারিক আদালত রয়েছে। এমনও দেখা যাচ্ছে, একই স্ত্রীর দায়ের করা ফৌজদারি ও পারিবারিক মামলা সমসাময়িক কালের এবং পারিবারিক মামলায় প্রদত্ত স্ত্রী-বাদীর দাবিকৃত প্রাপ্যতা যাচাইয়ের ক্ষেত্রে স্বামী-বিবাদী এসে ফৌজদারি আদালতেই সব দাবি শোধ করে ফেলার দাবি করছেন। পারিবারিক আদালতকে তখন বাড়তি জটিলতা নিষ্পত্তি করতে হয় এবং সংশ্লিষ্ট ফৌজদারি আদালত যদি দেনমোহর আদায়ে নিজেকে জড়িত না করতেন, তা হলে সেটি ঘটত না। যৌতুক দাবি বা নির্যাতনের অভিযোগে আনীত ফৌজদারি মামলায় আদালতের কাজ হচ্ছে অপরাধ সংঘটিত হয়েছিল কি না তা যাচাই করা, দাবি-দাওয়া আদায় করা নয়। আর অভিযুক্তকে জামিন দেওয়ার ক্ষেত্রেও বিবেচ্য বিষয় হবে জামিন নিয়ে গিয়ে স্ত্রী-ফরিয়াদি বা তাঁর সাক্ষীদের ওপর প্রভাব খাটাবে কি না সেটি; দেনমোহর আদায় করার সামর্থ্য বা ইচ্ছা তাঁর আছে কি না, সেটি নয়। ফৌজদারি আদালত যদি এটা প্রতিপালন করেন, তা হলে সব দিক দিয়েই সুবিধা হয়। লেখক সিনিয়র সহকারী জজ, গাইবান্ধা