দেনমোহর পরিশোধ মেলা!
বিয়ের একটি অন্যতম বিষয় হচ্ছে দেনমোহর। এই দেনমোহর নাকি মৃত্যুর আগে হলেও স্ত্রীকে পরিশোধ করে দিতে হয়। তাই দেনমোহর পরিশোধের জন্য আজ কুড়িগ্রামে মেলা বসানো হয়েছে—যে মেলায় স্বামীরা তাঁদের স্ত্রীদের মহাধুমধামে দেনমোহর পরিশোধ করেছেন।মেলায় স্বামীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের নিজ নিজ স্ত্রীর হাতে দেনমোহরের টাকা বুঝিয়ে দিয়েছেন। দেনমোহর হিসেবে কেউ কেউ স্ত্রীর নামে জমি লিখে দিয়েছেন। কেউবা দিয়েছেন মূল্যবান সম্পদ।সব মিলিয়ে আজ ৫৪৮ জন স্ত্রীর তিন কোটি ১৭ লাখ নয় হাজার ৯৪ টাকা দেনমোহর পরিশোধ করেছেন তাঁদের স্বামীরা।দেনমোহর পরিশোধ মেলার এ আয়োজন করে স্থানীয় এনজিও মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস)। উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজমাঠে আয়োজিত আলোচনা ও দেনমোহর পরিশোধ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হক।মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক নির্যাতন হ্রাসে স্থায়ীত্বশীল কাঠামো গঠন প্রকল্পের আওতায় উলিপুর উপজেলার ছয়টি ইউনিয়নে উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়। তিন বছরব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ৫৪৮টি দম্পতিকে উদ্বুদ্ধ করা হয়। তাঁরা অঙ্গীকার করেন, তাঁদের পরিবারগুলো থাকবে সব ধরনের নির্যাতনমুক্ত। এরই অংশ হিসেবে তাঁদের স্বামীরা দেনমোহরের টাকা পরিশোধের সিদ্ধান্ত নেন। বাসস।