দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রখ্যাত সংবাদ পাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ শুক্রবার এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আমাদের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, যা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ভেসে আসা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর আমাদের মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার জন্য জীবনমরণ লড়াইয়ে উত্সাহিত করেছে। এর পাশাপাশি তার কণ্ঠ বাংলাদেশের জনগণকে উজ্জীবিত করেছে। তার কণ্ঠে আকাশবাণীর সংবাদ পরিক্রমা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতা অর্জনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কয়েকবার দেখা হওয়ার কথা স্মরণ করেন। তিনি তার বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।উল্লেখ্য, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি রোডের বাসভবনে পরলোকগমন করেন। বাসস