দেবহাটায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।ওই ছাত্রীর কাকা জানান, তাঁর ভাতিজি উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে। তাঁর ভাতিজিসহ কয়েকজন ছাত্রী গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখে, তাদের শ্রেণীকক্ষ তালাবদ্ধ। এ সময় তাঁর ভাতিজি প্রধান শিক্ষকের কক্ষে যায় চাবি আনতে। কক্ষে ঢোকার পর প্রধান শিক্ষক তাঁকে কুপ্রস্তাব দেন। এতে সে রাজি না হওয়ায় প্রধান শিক্ষক তাকে জাপটে ধরেন। তখন সে চিৎকার দিলে অষ্টম শ্রেণীর এক ছাত্রী প্রধান শিক্ষকের কক্ষে যায়। ওই অবস্থা দেখে সেও চিৎকার দিলে প্রধান শিক্ষক তাঁকে ছেড়ে দেন। এর কিছুক্ষণ পর প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে চলে যান। বিষয়টি অন্য ছাত্রীরা জানার পর প্রতিবাদে তারা ক্লাস বাদ দিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ছাত্রীরা শান্ত হয়।এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের একটি কক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সাবেক সাংসদ মুনসুর আহম্মেদের সভাপতিত্বে এক জরুরি সভা হয়। এতে সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, জানতে চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। ১৫ দিনের মধ্যে ওই চিঠির জবাব দিতে হবে।এ ছাড়া বিষয়টি তদন্তের জন্য ব্যবস্থাপনা কমিটির এক সদস্যকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার থানায় মামলা করেছেন। প্রধান শিক্ষক পলাতক রয়েছেন।