দেবাশীষ সাহাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার বখাটে দেবাশীষ সাহা ওরফে রনি (২২) ও তাঁর দুই সহযোগীকে অভিযুক্ত করে চাঁপা রানী ভৌমিক হত্যা মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী গতকাল রোববার জেলার ৪ নম্বর আমলি আদালতে (বোয়ালমারী-মধুখালী) এ অভিযোগপত্র জমা দেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. খসরুজ্জামান প্রথম আলোকে জানান, ৪ নম্বর আমলি আদালত অভিযোগপত্র আমলে নেওয়ার পর চাঁপা রানী হত্যা মামলাটি জেলা জজকোর্টে চলে আসবে।অভিযোগপত্রে বলা হয়েছে, ‘দেবাশীষ সাহা চাঁপা রানী ভৌমিকের স্কুলপড়ুয়া দশম শ্রেণীর এক মেয়েকে উত্ত্যক্ত করত। এ ঘটনার প্রতিবাদ জানানোয় এবং বিভিন্ন সামাজিক মহলে প্রতিকার চেয়ে আবেদন করায় চাঁপা রানীর ওপর ক্ষিপ্ত হয় দেবাশীষ। সে তার দুই বন্ধু সঞ্জয় রায় ওরফে অপু ও আলমগীর হোসেনের যোগসাজশে পরিকল্পিতভাবে মোটরসাইকেল দুর্ঘটনার আড়ালে চাঁপা রানীকে হত্যা করে।’এ ব্যাপারে চাঁপা রানীর স্বামী স্বপন বিশ্বাস বলেন, ‘হত্যার ৪৬ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়ায় আমরা খুশি। আমরা চাই এ হত্যার বিচার দ্রুত শেষ করে হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, জেলার চাঞ্চল্যকর মামলা হিসেবে চাঁপা রানী হত্যা মামলাটি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।জেলার চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলার মনিটরিং সেলের সদস্য সচিব সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তারেক আহম্মেদ জানান, আগামী বুধবার মনিটরিং সেলের সভা হবে। সভায় চাঁপা রানী হত্যা মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তাব তোলা হবে।এদিকে কাল মঙ্গলবার জেলা জজকোর্টে (অবকাশকালীন) গ্রেপ্তার হওয়া আসামি দেবাশীষের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানিয়েছেন। গত ২৬ অক্টোবর বিকেলে মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখালীর খাদ্যগুদামের সামনে ফরিদপুর চিনিকলের করণিক চাঁপা রানীকে মোটরসাইকেল দিয়ে চাপা দেয় বখাটে দেবাশীষ সাহা। মোটরসাইকেলের পেছনে বসা ছিল দেবাশীষের সহযোগী সঞ্জয় ও আলমগীর। ওই দিন সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপা রানীর মৃত্যু হয়। চাঁপা রানীর ভাই অরুন কুমার ভৌমিক মধুখালী থানায় হত্যা মামলা করলে পুলিশ গত ৩১ অক্টোবর ঝিনাইদহ বাসস্ট্যান্ডের একটি গ্যারেজের সামনে থেকে দেবাশীষকে গ্রেপ্তার করে। দুই দফা পাঁচ দিনের রিমান্ড শেষে দেবাশীষ ফরিদপুর জেলা কারাগারে রয়েছে। কিন্তু তার দুই সহযোগী সঞ্জয় ও আলমগীরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।