দেবীদ্বারে বাস-ট্রাক সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৩
কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। উপজেলার বেগমাবাদ এলাকায় মহাসড়কের বাঁকে আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন দেবীদ্বার আলহাজ জুবেইদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শারমিন আকতার রিনা (১৮), বাসের সহকারী আবুল কালাম (৩২) ও বাসযাত্রী আবুল হোসেন (৪৫)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মুরাদনগরের কোম্পানীগঞ্জগামী জনতা পরিবহনের একটি বাস ও কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শারমিন আকতার ও আবুল কালাম ঘটনাস্থলে নিহত হন। ময়নামতির একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আবুল হোসেনের মৃত্যু হয়।আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, দেবীদ্বার উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিত্সা ভর্তি করা হয়েছে।হাসপাতালের চিকিত্সাধীন বাসচালক রাসেল মিয়া জানান, মহাসড়কের ওই বাঁকে ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, লাশগুলোর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।