দেবীদ্বারে বিএনসিসির প্রশিক্ষণ শিবিরে বখাটেদের হামলা
কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্রশিক্ষণশিবিরে গত বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে বখাটেরা। এ সময় একজন সেনাসদস্যকে মারধর ও একটি মাইক্রোবাস, প্রশিক্ষণ কক্ষের দরজা, জানালা ও বেঞ্চ ভাঙচুর করা হয়। প্রশিক্ষণার্থী ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বিএনসিসি ও কলেজ কর্তৃপক্ষ মামলা করার দায়িত্ব নিতে না চাওয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কাউকে আটক করা হয়নি।প্রশিক্ষণশিবিরের তত্ত্বাবধায়ক মেজর ইলিয়াস গতকাল রাতে প্রথম আলোকে জানান, স্থানীয় প্রশাসন নিরাপত্তা দিতে না পারায় শনিবার (আজ) থেকে প্রশিক্ষণশিবিরের কার্যক্রম প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুজাত আলী কলেজে ময়নামতি সেনানিবাসের চার নম্বর ব্যাটালিয়নের তত্ত্বাবধানে গত সোমবার বিএনসিসির প্রশিক্ষণশিবিরের উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ১৪ জন কলেজছাত্রী আছেন। আগামী সোমবার পর্যন্ত প্রশিক্ষণ চলার কথা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রশিক্ষণ শিবির শুরুর দিন থেকেই স্থানীয় সাদ-আটজন বখাটে প্রশিক্ষণ নিতে আসা ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করছিল। গত বৃহস্পতিবার বিকেলে কলেজ মাঠে ছাত্রীরা ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় দুই বখাটে তাঁদের সঙ্গে খেলতে চাইলে প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে থাকা করপোরাল শিব্রত বখাটেদের বের করে দেন। বখাটেরা করপোরাল শিব্রতকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। বিএনসিসির সদস্যরা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে স্থানীয় সোহাগ, নাদিম, সজীব, মাহফুজ, ফরহাদ ও সাজ্জাদসহ আট-দশজন বখাটে লাঠিসোটা নিয়ে কলেজে প্রবেশ করে। তারা প্রশিক্ষণ কক্ষে প্রবেশের চেষ্টা করলে প্রশিক্ষণ শিবিরের মূল তত্ত্বাবধায়ক মেজর ইলিয়াস ও করপোরাল শিব্রত নিজেদের পরিচয় দিয়ে তাদের আসার কারণ জানতে চান। ক্ষুব্ধ হয়ে বখাটেরা তাঁদের গালমন্দ করতে থাকে। একপর্যায়ে বখাটেরা করপোরাল শিব্রতকে মারধর শুরু করে। শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে কক্ষের ভেতরে নেন। মেজর ইলিয়াস কক্ষের দরজা বন্ধ করে দিলে বখাটেরা দরজা-জানালা ও বাইরে থাকা বিএনসিসির একটি মাইক্রোবাস ভাঙচুর করতে থাকে। এ সময় আতঙ্কিত হয়ে তিনজন ছাত্রী অচেতন হয়ে পড়েন। ভাঙচুরের শব্দ ও ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন কলেজে জড়ো হতে থাকলে বখাটেরা চলে যায়। প্রাথমিক চিকিৎসার পর অচেতন ছাত্রীরা সুস্থ হয়ে ওঠেন।খবর পেয়ে রাতেই দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ ভূঁইয়া ও দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। মেজর ইলিয়াস বলেন, ‘এ ঘটনায় আমরা হতবাক হয়েছি। সেনা কোড অনুযায়ী মামলা করতে আমাদের কিছুটা সমস্যা আছে। কলেজ কর্তৃপক্ষ মামলা করলে সার্বিক সহযোগিতা করতে পারব।’ওসি জাহিদুল ইসলাম জানান, তিনি বিএনসিসির পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর পাঠানো লিখিত অভিযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁর বরাবর না হওয়ায় তিনি এটি মেজর ইলিয়াসের কাছে পাঠিয়ে দিয়েছেন। ওসি বলেন, ‘আমরা একটি জিডি করে বখাটেদের আটকের চেষ্টা করছি।’ ইউএনও মামুনুর রশীদ ভূঁইয়া বলেন, ‘অধ্যক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ মামলা করার কথা।’ তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিবতোষ নাথ বলেন, ‘বিএনসিসিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বিএনসিসিকেই এ ব্যাপারে মামলা করতে হবে।’