দেবীর বিদায়, দুর্গোৎসব শেষ
আনন্দ-বেদনার মিশেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় দেওয়া হলো দুর্গতিনাশিনী দুর্গাকে। শেষ হলো বাঙালি হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল বৃহস্পতিবার ভক্তরা সজলচোখে বিদায় দিয়েছেন মাকে, আগামী বছর ফিরে পাওয়ার প্রত্যাশায়।পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের শেষ দিনে গতকাল মণ্ডপে মণ্ডপে দশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়। তারপর সম্পন্ন হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন। রাজধানীর হিন্দুধর্মাবলম্বী ব্যক্তিরা বিকেলে শোভাযাত্রা সহযোগে প্রতিমা বিসর্জন দেন বুড়িগঙ্গায়। এরপর ধর্মীয় রীতি মেনে সেখানে হয় অপরাজিতা পূজা।দশমীর ছুটিতে রাজধানীর পূজামণ্ডপগুলোতে ছিল উপচেপড়া ভিড়। কমবেশি ভিড় আর উৎসাহ-উদ্দীপনা ছিল দেশজুড়ে থাকা অসংখ্য মণ্ডপে। যথারীতি সবখানেই ছিল বিদায়ের সুর। হিন্দুধর্মাবলম্বীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় ঘুরেছেন মণ্ডপে মণ্ডপে। রোগব্যাধি, ব্যর্থতা থেকে মুক্তির মতো ব্যক্তিগত চাওয়া থেকে শুরু করে দেশ-জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করেন তাঁরা। শিশু-কিশোর-তরুণদের আগ্রহ অবশ্য বেশি ছিল ঘুরে ঘুরে শেষবারের মতো ঠাকুর দেখা আর মেলার আনন্দে মেতে ওঠায়। দশমীতে মণ্ডপগুলোর সাজসজ্জায় চোখে পড়ে ভিন্ন দৃশ্য। গতকাল পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। অনেক মণ্ডপে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে ঢাকেশ্বরী পূজামণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। সকাল নয়টা ৫৭ মিনিটের মধ্যে সেখানে দেবীর দশমী বিহিত পূজা সমাপন হয়। দশমীতে মণ্ডপে মণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। দেবী বিসর্জন ঘিরে দশমীর দুপুর থেকেই রাজধানীর পলাশীর মোড়ে ভিড় জমতে থাকে নারী-পুরুষ ও শিশুদের। একপর্যায়ে পলাশীর মোড় থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত তিলধারণের ঠাঁই ছিল না। বুড়িগঙ্গার উদ্দেশে আসতে থাকে একের পর এক দেবীর প্রতিমাবাহী ট্রাক। লাউড স্পিকারে বাজতে থাকে গান। নাচে-গানে মেতে ওঠে হাজারো মানুষ। বিকেল চারটায় বিজয়ার শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় আধা ঘণ্টা দেরিতে। শোভাযাত্রার স্লোগান ছিল, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। শোভাযাত্রা উদ্বোধন করতে গিয়ে মেজর জেনারেল (অব.) সি আর দত্ত সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘উৎসব চলাকালে সারা দেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই।’শোভাযাত্রায় নগরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০টি প্রতিমা ও ৮০টি ট্রাক এসে জড়ো হয় ঢাকেশ্বরী মেলাঙ্গনে। ঢাকেশ্বরী ছাড়াও খিলক্ষেত, ফার্মগেট, লালবাগ, শেরেবাংলা নগর, গাবতলী, নর্দা, মহাখালী, খিলক্ষেত মধ্যপাড়া, ধলপুর, যাত্রাবাড়ী, চকবাজার, তেজগাঁও, আজিমপুর, উত্তরা, গুলশান, জোয়ার সাহারা বাজার, মিরপুর, দারুসসালামসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা প্রতিমা নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। পলাশী মোড় থেকে শোভাযাত্রা বুড়িগঙ্গার ওয়াইজঘাটের উদ্দেশে যাত্রা করে। কেউ ট্রাকে, কেউ রিকশা-ভ্যানে আবার কেউ হেঁটেই বিসর্জনের পথে যাত্রা করেন। নতুন পোশাকে গায়ে-মুখে রং মেখে যে যেভাবে পেরেছেন যোগ দিয়েছেন শোভাযাত্রায়। শোভাযাত্রা জগন্নাথ হল ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে পুরোনো ঢাকার অলিগলি পেরিয়ে ওয়াইজঘাটের বিসর্জনস্থলে মিলিত হয়। বিকেল পাঁচটার পর ওয়াইজঘাট এলাকার বীণাস্মৃতি স্নানঘাটে ঢাকের বাদ্য আর আরতির মধ্য দিয়ে শুরু হয় বিসর্জন। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি সূত্র জানায়, ঢাকা মহানগরের ১৯৯টি মণ্ডপের প্রতিমার মধ্যে ১৩০টি বিসর্জন হয় বীণাস্মৃতি স্নানঘাটে। বাকিগুলো বিসর্জন দেওয়া হয় পোস্তগোলা শ্মশানঘাট ও হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায়। উত্তরার প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয় তুরাগ নদে।এবারের পূজা উদ্যাপন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে উল্লেখ করে সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশে সব উৎসবই জাতীয় উৎসবে পরিণত হয়। দুর্গোৎসবও সে রকম একটি জাতীয় উৎসব। এ উৎসবের শান্তিশৃঙ্খলা রক্ষায় সরকার বিশেষ ব্যবস্থা নেওয়ায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট। সব ধর্মের মানুষের সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকবে বলে আশা করি।’কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, প্রতিমা বিসর্জন উপলক্ষে ওয়াইজঘাট এলাকা মিলনমেলায় পরিণত হয়। এ জন্য এখানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একাধিক দল দায়িত্ব পালন করে। এ ব্যাপারে ঢাকা মহানগর পূজা উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক বাবুল দাস জানান, মধ্যরাত পর্যন্ত বিসর্জন চলবে।রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়: গতকাল বিজয়া দশমীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে হিন্দুসম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে গত রোববার পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শুরু হয়। এ বছর সারা দেশে প্রায় তিন হাজার মণ্ডপে পূজা হয়েছে। হিন্দু পঞ্জিকামতে, এবার দেবী এসেছেন গজে (হাতি) চড়ে, বিদায় নিয়েছেন দোলায়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী হাতিতে এলে সুখ-সমৃদ্ধি বয়ে আনেন। তবে দোলায় যাওয়া প্রাকৃতিক দুর্যোগের বার্তা দেয়।