নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় আট মাসের মাথায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের একাংশ দেবে গেছে। এ কারণে হলের ক্যাফেটেরিয়া ও আহারকক্ষের দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে।শহীদ মসিয়ূর রহমান হলের দ্বিতীয় ও তৃতীয় তলার ছাত্র মিলনায়তন ও টেলিভিশনকক্ষের দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের আওতায় হল দুটির বর্ধিতকরণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুটি হল নির্মাণকাজের জন্য ১৪ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার টাকা ব্যয় ধরা হয়। কিন্তু নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণে পরিপত্র অনুযায়ী কাজ শেষ করা যায়নি। এ জন্য মসিয়ূর রহমান হলের চারতলা ভবন নির্মাণ করা হলেও আনুষঙ্গিক বেশ কিছু কাজ হয়নি। শেখ হাসিনা হল দোতলা হওয়ার কথা থাকলেও এর অনেক কাজই বাকি রয়েছে। নতুন প্রকল্পে এই কাজগুলো শেষ করার কথা। বর্তমানে শেখ হাসিনা হলে ৮৬ জন ছাত্রী ও শহীদ মসিয়ূর রহমান হলে ৩৮০ জন ছাত্র অবস্থান করছেন।২০১০ সালের ৩০ জুন কাজ শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবাসিক হল দুটির ভবন হস্তান্তর করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের পদ্মা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট লিমিটেড ও ঢাকার নির্মাতা প্রকৌশল লিমিটেড। এই নির্মাণকাজের বিশেষজ্ঞের দায়িত্বে ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বাস্তবায়নের দায়িত্বে ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।সরেজমিনে একদিন: সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শেখ হাসিনা হলের ক্যাফেটেরিয়া ও আহারকক্ষের পশ্চিম পাশ এক ফুটের মতো দেবে গেছে। ভবনের দেয়ালে অসংখ্য বড় বড় ফাটল দেখা যায়।হলে অবস্থানরত কয়েকজন ছাত্রী জানান, কয়েক মাস আগে হঠাৎ করে হলের একাংশ দেবে গিয়ে ক্যাফেটেরিয়া, আহারকক্ষসহ বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দেয়। ভেঙে পড়তে পারে—এই আশঙ্কায় তাঁরা ক্যাফেটেরিয়া ও আহারকক্ষের দিকে যান না।শহীদ মসিয়ূর রহমান হলে গিয়ে দেখা যায়, চারতলাবিশিষ্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার দক্ষিণ অংশের ছাত্র মিলনায়তন এবং টেলিভিশনকক্ষের দেয়ালের মাঝ বরাবর ফাটলের সৃষ্টি হয়েছে। গোসলখানার ছাদ ও দেয়াল পানিতে ভেজা রয়েছে। কয়েকজন ছাত্র জানান, দেয়াল চুইয়ে কক্ষের ভেতরে বৃষ্টির পানি ঢোকে। ড্যাম হয়ে দেয়াল ও ছাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ইতোমধ্যে দেয়ালে নোনা লেগেছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ: গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিআরটিসির পরিচালক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠায়। চিঠিতে হল দুটির সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে তিন সদস্যের বিশেষজ্ঞ দল সরেজমিনে পরিদর্শন করে গত ২৪ মে তদন্ত প্রতিবেদন দাখিল করে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগও এ ব্যাপারে পৃথক তদন্ত প্রতিবেদন দেয়।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ভবনের অবকাঠামোগত নকশার ত্রুটির কারণে হল দেবে যাওয়া ও ফাটলের সৃষ্টি হয়েছে। তদন্ত দলের সদস্য শামসুল হুদা প্রথম আলোকে বলেন, প্রকল্প পরিচালকের দপ্তর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে নির্মাণকাজের বিশেষজ্ঞ নিয়োগ করা হয়। ভবনের যাবতীয় কাজের দায়িত্ব তাদের ওপর দেওয়া হয়। প্রকল্প পরিচালক হিসেবে কাজটি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব ছিল নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয় কি না, তা দেখা। তাই বর্তমান অবস্থার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কম দায়ী নয়।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তদন্ত দলের সদস্য আবদুর রউফ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের মাটি খুবই নরম। মাটি পরীক্ষা করে নকশা দেওয়া হয়েছিল। মূল ভবনে তেমন ক্ষতি হয়নি। সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।শহীদ মসিয়ূর রহমান হলের তৃতীয় ও চতুর্থ তলা নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট লিমিটেডের প্রকৌশলী আজমল হক সরকার প্রথম আলোকে বলেন, হস্তান্তরের এক বছরের মধ্যে ভবনে কোনো সমস্যা দেখা দিলে সেটির দায়ভার বহন করার নিয়ম রয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ত্রুটির কথা জানায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতার কারণে ঠিকমতো কাজ হয়নি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শামসুল হুদার অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, কাজ বাস্তবায়নের দায়িত্ব ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। তিনি দাবি করেন, নির্মাণকাজ দেখভালের কর্তৃত্ব পুরোপুরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছিল না। তাই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি: শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনাপ্রধানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, হলের ওই অবস্থার কারণে নতুন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।