দেবোত্তর সম্পত্তিতে প্লট-বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের গোপালটিলা এলাকার ‘গোপাল জিউর আখড়া’ মন্দিরের দেবোত্তর সম্পত্তির প্রায় চার একর জমিতে প্লট তৈরি করা হয়েছে। মন্দির পরিচালনা কমিটির সহায়তায় ছাত্রলীগের কয়েকজন নেতার যোগসাজশে প্লট তৈরি করে তা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অপচেষ্টা ঠেকাতে মন্দির রক্ষা কমিটির আন্দোলন ও প্লটগ্রহীতাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে গত ২১ মার্চ মহানগর পুলিশ ওই এলাকায় ৩৫ ধারা জারি করে। পরে মন্দির পরিচালনা কমিটির এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত ওই স্থানে দুই মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শতবর্ষের ঐতিহ্যবাহী গোপাল জিউর আখড়া প্রতিষ্ঠার পর থেকে বৈষ্ণব দ্বারা পরিচালিত হয়ে আসছিল। ১৯৬২ সালে মন্দিরের বৈষ্ণব কানাইলাল মোহন্ত মারা গেলে মন্দির পরিচালনায় অচলাবস্থার সৃষ্টি হয়। এ অবস্থায় ১৯৬৪ সালে মন্দিরের শিষ্য, ভক্ত ও সুধীজনদের সম্মিলিত উদ্যোগে তিন বছর মেয়াদি একটি কমিটির মাধ্যমে এটি পরিচালনার সিদ্ধান্ত হয়। এমন কমিটির মাধ্যমেই মন্দিরটি পরিচালিত হচ্ছিল। ১৯৯০ সালের পর মন্দির পরিচালনা কমিটি গঠন করা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। এর পর থেকে এক পক্ষ অপর পক্ষকে অবৈধ আখ্যায়িত করে আসছে।সিলেট জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বেশ কয়েকজন নেতা জানান, গোপাল জিউর আখড়া মন্দিরের প্রায় চার একর জায়গা মাস তিনেক আগে ছাত্রলীগের নেতাসহ এলাকার প্রভাবশালী কয়েকজনের নামে বন্দোবস্ত দেয় মন্দির পরিচালনা কমিটি। মন্দিরের যে কমিটি জমি বন্দোবস্ত দেয়, সেই কমিটি অবৈধ।ওই নেতারা জানান, মন্দিরের জায়গায় ১১৮টি প্লট তৈরি করা হয়েছে। প্রতিটি প্লটে তিন শতক জায়গা রয়েছে। প্রতিটি প্লটের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। অথচ এসব প্লট মাত্র তিন লাখ ১৫ হাজার টাকায় হস্তান্তর করা হয়েছে। প্রভাবশালীরা সেই প্লট নিয়ে বর্তমান বাজারমূল্যে বিভিন্নজনের কাছে বিক্রি করছেন বলেও অভিযোগ করেন নেতারা। এই প্রক্রিয়ার সঙ্গে মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রণজিৎ সরকার, ছাত্রলীগের নেতা দেবাংশু দাস ও জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থসহ অনেকেই জড়িত বলে অভিযোগ উঠেছে। যোগাযোগ করা হলে রণজিৎ সরকার নিজেকে মন্দির কমিটির সদস্য পরিচয় দিয়ে বলেন, ‘আমার নামে কোনো প্লট নেই। কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট টাকার বিনিময়ে প্লট দেওয়া হয়েছে। এই টাকায় মন্দিরের উন্নয়নকাজ হবে, এতে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’ দেবাংশু দাস ও পংকজ পুরকায়স্থ দাবি করেন, অবৈধ দখল নয়, নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়েই ১১৮ জন ব্যক্তি প্লট বরাদ্দ নিয়েছেন। এ ক্ষেত্রে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। প্লট বরাদ্দের টাকা দিয়ে মন্দিরের উন্নয়নকাজ করা হবে বলে তাঁরা জানতে পেরেছেন।‘গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন’ সিলেটের সদস্য বিমানচন্দ্র দাশ বলেন, ‘দেবোত্তর সম্পত্তি বিক্রির কোনো বিধান নেই। কিন্তু তথাকথিত মন্দির পরিচালনা কমিটি এবং স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র নামে-বেনামে মন্দিরের প্রায় চার একর জমি বন্দোবস্ত নিয়েছে। এ বন্দোবস্ত বাতিল করে দেবোত্তর সম্পত্তি রক্ষা করতে আমরা স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছি। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিমানচন্দ্র আরও বলেন, বর্তমানে প্রায় দেড় শ পরিবার মন্দিরের জায়গায় ভাড়াটে হিসেবে রয়েছেন। এই ভাড়াটেদের টাকা দিয়েই মন্দিরের সব ব্যয় নির্বাহ করা যায়। তাহলে কেন আবার ওই জমি বরাদ্দ দেওয়া হচ্ছে?’ তবে মন্দির পরিচালনা কমিটির সভাপতি কংকন কুমার রায় বলেন, ‘মন্দির পরিচালনার জন্য একটি বৈধ ও গ্রহণযোগ্য কমিটি রয়েছে। এই কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই প্রায় চার একর জমিতে প্লট তৈরি করে নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্নজনকে বরাদ্দ দেওয়া হয়েছে। এসব টাকা মন্দিরের তহবিলে জমা রয়েছে। এই অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই।’ কংকন কুমার আরও বলেন, ‘প্লট বরাদ্দ দিয়ে যে পরিমাণ টাকা পাওয়া গেছে, তা দিয়ে সুদৃশ্য মন্দির নির্মাণ ও মন্দির পরিচালনা করা হবে। এ নিয়ে মন্দির পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কারও মতবিরোধ নেই। যাঁরা এসব রটাচ্ছেন, তাঁরা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টায় ব্যস্ত। এঁরা মন্দিরের উন্নয়ন চান না।’ সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম জানান, মন্দির পরিচালনা কমিটির এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত ওই স্থানে দুই মাসের স্থিতাবস্থা জারি করেছেন। সেখানে অস্থায়ী পুলিশক্যাম্প স্থাপন করা হয়েছে।