দেয়াল ভেঙে শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরল প্রথম শ্রেণীর ছাত্র জোবায়ের আহমদ (৮)। আজ মঙ্গলবার রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে নির্মাণাধীন শ্রেণীকক্ষের দেয়াল ভেঙে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে একই শ্রেণীর আরও দুই শিশু।আহত এইচ এম উল্লাসকে (৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশরাফুল হককে (৮) কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্র জানায়, সকাল সাড়ে নয়টায় স্কুলে ১৫ মিনিটের বিরতিতে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে থাকে। একপর্যায়ে ওই তিন ছাত্র স্কুলের উত্তরপাশে নির্মাণাধীন শ্রেণীকক্ষে ঢুকে। এ সময় তারা দেয়ালের সঙ্গে থাকা একটি রশির ধরে ঝুলতে থাকলে তাদের ওপর দেয়ালটি ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হয় তারা। চিত্কার শুনে স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা ১১টার দিকে জোবায়ের মারা যায়।ঘটনার পরপর ছুটি ঘোষণা করে স্কুলের শিক্ষকেরা হাসপাতালে ছুটে যান। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে নিহত ও আহত ছাত্রদের স্বজনদের ভিড় জমে যায়। সন্তানের মৃত্যুতে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন জোবায়েরের বাবা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।আহত আশরাফুল হক জানায়, সে দেয়ালের পাশে দাঁড়িয়েছিল আর জোবায়ের ও উল্লাস রশি বেয়ে দেয়ালে উঠছিল। এ সময় দেয়ালটি ভেঙে তাদের ওপর পড়ে।জোবায়েরের বাবা মনিরুজ্জামান বলেন, তিনি দুই সন্তান ও স্ত্রী নিয়ে দক্ষিণ বনশ্রীতে থাকেন। জোবায়ের তাঁর ছোট সন্তান। বড় মেয়ে একই স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ে। সকাল ১০টার দিকে তাঁর মেয়ে ফোন করে দুর্ঘটনার খবরটি দেয়। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ শ্রেণীকক্ষটির চারপাশে কোনো ব্যারিকেড দেয়নি। এতে তাদের চরম অবহেলা আছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিলেও স্বজনদের পরামর্শে তিনি তা বাতিল করেছেন। এখন তাঁর কোনো অভিযোগ নেই বলে জানান। আহত উল্লাসের চাচাতো ভাই আসাদুর রহমানও কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন।প্রধান শিক্ষক এমদাদুর রহমান বলেন, ‘শ্রেণীকক্ষের সংকট থাকায় চার মাস আগে পাঁচটি নতুন শ্রেণীকক্ষ নির্মাণ শুরু হয়। এক মাস আগে নয় ফুট লম্বা করে চারদিকে দেয়াল তোলা হয়। ওই শ্রেণীকক্ষের আশপাশে যেতে শিক্ষার্থীদের মৌখিকভাবে নিষেধ করা হয়েছিল। শিক্ষার্থীরা যাতে ওই দিকে না যায়, সে জন্য ক্লাস শিক্ষক ও চারজন বুয়াকে দায়িত্বও দেওয়া হয়েছে। তা ছাড়া এক মাস আগে নির্মাণ করা একটি দেয়াল সহজেই ভেঙে পড়বে, তা-ও ভাবা যায় না। এতে শিক্ষক, বুয়া, ঠিকাদার ও শ্রমিকদের অবহেলা আছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। তার পরও স্কুলের প্রধান হিসেবে এ দায় আমার।’খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মহিতুল ইসলাম বলেন, রশিটি জব্দ করা হয়েছে। তবে তা দেয়ালে কীভাবে এল, তা জানা যায়নি। থানায় কেউ অভিযোগ করলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।