দেলু শিকদার ঘরে আগুন ধরিয়ে দিতে বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার মফিজউদ্দিন পসারি (৭২) রাজাকারদের হাতে নির্যাতিত হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, তাঁকে নির্যাতনকারী রাজাকারদের মধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন।সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী মফিজউদ্দিন আজ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এ কথা বলেন। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম ও কফিলউদ্দিন চৌধুরী।জবানবন্দিতে মফিজউদ্দিন বলেন, একাত্তরে তিনি ও ইবরাহিম ওরফে কুট্টি সইজউদ্দিন পসারি মানিক পসারির বাড়িতে কাজ করতেন। ৮ মে সকালে তিনি ও কুট্টি চরে মহিষ চরানোর সময় উত্তর দিকে ধোঁয়া ও আগুন দেখতে পান। তাঁরা মহিষ নিয়ে সইজউদ্দিনের বাড়ির আঙিনায় ফিরে গেলে দেখেন, ১২-১৪ জন পাকিস্তানি সেনা ও ২০-২২ জন রাজাকার আসছেন। রাজাকারদের মধ্যে ছিলেন দেলু শিকদার, দানেশ মোল্লা, সেকান্দার শিকদার, ইউসুফ শিকদার, মমিন, রাজ্জাক। তাঁরা দৌড়ে দক্ষিণ দিকে নদীর দিকে পালাতে গেলে দুজন পাকিস্তানি সেনা তাঁদের ধরে ফেলে। এরপর তাঁদের এক দড়িতে বেঁধে সইজউদ্দিনের বাড়ির সামনে বসিয়ে রাখা হয়।সাক্ষী বলেন, রাজাকাররা সইজউদ্দিনের বাড়ির ভেতরের মালামাল বের করে আঙিনায় রেখে সারা বাড়িতে কেরোসিন তেল ছিটিয়ে দেন। দেলু শিকদার রাজাকারদের তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে বলেন। এরপর রাজাকাররা তাঁদের বেঁধে পারেরহাটের দিকে নিয়ে যেতে থাকে। পথে তারা কুট্টির কাছে মানিক ও সইজউদ্দিন কোথায় আছেন, তা জানতে চান। এ সময় দেলু শিকদার ও সেকান্দার শিকদার পাকিস্তানি সেনাদের উর্দুতে কিছু একটা বলার পর কুট্টির বাঁধন খুলে দেওয়া হয়। এরপর তিনি একটি গুলির আওয়াজ পান এবং ও ‘মা’ বলে চিত্কার শোনেন। পেছনে তাকিয়ে তিনি দেখেন, পাকিস্তানি সেনারা কুট্টিকে লাথি মেরে খালের মধ্যে ফেলে দিচ্ছে।মফিজউদ্দিন আরও বলেন, রাজাকাররা তাঁকে ধরে পারেরহাটে রাজাকার ক্যাম্পে নিয়ে মারধর করেন ও মেরে ফেলার ভয় দেখান। রাজাকারদের মার খেয়ে মফিজউদ্দিনের আঙুল ও ঠোঁট ফেটে যায়; হাঁটু ও কোমরে জখম হয় এবং দাঁত পড়ে যায়। এসব আঘাতের চিহ্ন তাঁর শরীরে এখনো রয়েছে। পরে রাত ১২টার দিকে মফিজউদ্দিন শৌচাগারে যাওয়ার কথা বলে ক্যাম্প থেকে পালিয়ে যান ও মানিক পসারির সঙ্গে দেখা করেন। এরপর তিনি সুন্দরবনে চলে যান এবং মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর পিরোজপুর ফেরেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী জবানবন্দির শেষ পর্যায়ে মফিজউদ্দিনের কাছে জানতে চান, দেলু শিকদার এজলাসে আছেন কি না। জবাবে মফিজউদ্দিন কাঠগড়ায় বসা সাঈদীকে দেখান।জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে বিকেল চারটা পর্যন্ত জেরা করেন। পরে জেরা অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনালের কার্যক্রম ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।