দেলোয়ার ও শিমুল ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলায় সাংসদ নুরুন্নবী চৌধুরীর আরও দুই সহযোগী দেলোয়ার হোসেন ও শিমুলকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির পুলিশ পরিদর্শক খন্দকার আবদুল হালিম এ দুজনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম নজরুল ইসলাম পাঁচ দিন মঞ্জুর করেন। এর আগে তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।গতকাল শনিবার সিআইডি রাজধানীর পৃথক দুটি স্থান থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে।এর আগে সিআইডি সাংসদের ঘনিষ্ঠ সহযোগী মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তারা জানান, ইব্রাহিম খুনের সময় দেলোয়ার ও শিমুল সাংসদ নুরুন্নবীর সঙ্গে সংসদ ভবনেই ছিলেন। গ্রেপ্তার হওয়া মাজহারুল পুলিশকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া সাংসদের গাড়িচালক কামাল হোসেন ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জানান, তিনি ইব্রাহিমকে হাসপাতালে দিয়ে বাসায় চলে যাওয়ার পর দেলোয়ার তাঁকে ফোন করে ঘটনা সম্পর্কে জানতে চান। কামাল আরও বলেছেন, ইব্রাহিমকে চিকিৎসক মৃত ঘোষণার পর সাংসদ হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। ওই সময় দেলোয়ার ও শিমুল তাঁর গাড়িতেই ছিলেন।