দেলোয়ারপুত্র পবনের বন্ধু শোভন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে মঙ্গলবারের ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আকতার হামিদ পবনের বন্ধু শোভনকে গ্রেপ্তার করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নজরুল ইসলামের নেতৃত্বে কলাবাগানের লেকসার্কাসের ১০৬ বশিরউদ্দিন রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে শোভনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ শোভনের ব্যবহূত একটি জিপ জব্দ করেছে। এ ছাড়া একই বাড়ি থেকে পবনের ব্যবহূত একটি গাড়িও জব্দ করা হয়।পুলিশ জানিয়েছে, খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শোভনের জিপটি ব্যবহূত হয়। পুলিশ আরও জানিয়েছে, গত মঙ্গলবার গুলশানের বিএনপির কার্যালয়ের সামনে থেকে আটক জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা প্রদীপ সাহার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কলাবাগানের বশিরউদ্দিন রোডের এই বাড়িতে তারা অভিযান চালায়। গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত পুরো দলটিকেই শনাক্ত করেছে বলে জানিয়েছে । আজ রোববার ঢাকা মহানগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ককটেল হামলার সময় পবনসহ মোট ছয়জন উপস্থিত ছিলেন। পবন ছাড়া বাকিরা হলেন শোভন, মিরপুরের দুই যুবক, নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক ও সোনাইমুড়ি ছাত্রদলের সাবেক সেক্রেটারি প্রদীপ। ঘটনার আগের দিন পবন ফারুক ও প্রদীপের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ফারুক ও প্রদীপ মোটরসাইকেলযোগে গুলশান যান। গুলশানে শোভন পবনকে নিয়ে আগেই উপস্থিত ছিলেন; এ ছাড়া ছিল মিরপুরের দুই যুবক। তাদের সঙ্গে ছিল শোভনের লাল জিপটি। ফারুক ও প্রদীপ গুলশানে পৌঁছে অপেক্ষারত শোভনের সঙ্গে দেখা করেন। এরপর ফারুক প্রদীপকে বলেন, ‘একটু পরেই একটা সিন ক্রিয়েট হবে।’ কথাটি বলেই ফারুক শোভনের গাড়িতে গিয়ে বসেন। মিরপুরের দুই যুবক শোভনের গাড়ির পেছনে বসে। এ সময় এ দুজন গাড়ির দরজা খুলে বিএনপির কার্যালয়ের দিকে পরপর দুটি ককটেল ছুড়ে মারে। ককটেল মারার পরেই শোভন, ফারুক ও মিরপুরের দুই যুবক গাড়ি নিয়ে পালিয়ে যান। মোটরসাইকেল নিয়ে প্রদীপও তাঁদের অনুসরণ করার চেষ্টা করেন, কিন্তু কার্যালয়ের সামনে অপেক্ষারত বিএনপির কর্মীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ প্রদীপকে রিমান্ডে নিলে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে গতকাল কলাবাগানের লেকসার্কাসের বশিরউদ্দিন রোড থেকে শোভনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জব্দ করা হয় হামলায় ব্যবহূত শোভনের লাল জিপটি ও দেলোয়ারপুত্র পবনের গাড়ি। পুলিশ মিরপুরের সেই দুই যুবকের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে।