দেলোয়ারের দাবি, মাহমুদুর রহমানের রিমান্ড বেআইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ডকে বেআইনি ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকারের চাপের কারণে বিচারিক হাকিম তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন। মারধর করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার জন্য মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। মাহমুদুর রহমানকে যে বিচারিক আদালতে নেওয়া হয়েছে, সেটাকে নজিরবিহীন আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, আদালতে ম্যাজিস্ট্রেটের পাশে বসেছিলেন মুখ্য ম্যাজিস্ট্রেট। কিন্তু এটি হাইকোর্টের দ্বৈত বেঞ্চ নয়। এমন উদাহরণ নিম্ন আদালতে নেই।মাহমুুদুর রহমানকে গ্রেপ্তারের পর একটি বাহিনীর লোকজন তাঁকে নির্জন জায়গায় নিয়ে যায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, সেখানে মাহমুদুর রহমানকে দিগম্বর করার চেষ্টা করা হয়। সভ্য সমাজে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। তাঁকে সেলের ভেতর ঠিকমতো খাবার দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি।বিগত জোট সরকারের আমলে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশে উত্তরায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মাহমুদুর রহমান এক গোপন বৈঠক করেন। এ ঘটনায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সরকার। বিষয়টির উল্লেখ করে খোন্দকার দেলোয়ার এ মামলার নিন্দা করেন। তিনি বলেন, ‘কোন কালে কোন অফিসারদের নিয়ে তিনি (মাহমুদুর রহমান) বৈঠক করেছিলেন। এখন ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিলে অন্যায় হবে।’ অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ আবার চালুর দাবিও জানান খোন্দকার দেলোয়ার।গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন যে বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন, তা সংসদে উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে খোন্দকার দেলোয়ার বলেন, তিনি (প্রধানমন্ত্রী) কীভাবে ভাবলেন ওনার আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা সংসদে যাব। জেনেশুনেই আমাদের নেত্রী এসব প্রস্তাব দিয়েছেন। সরকার এগুলো বিবেচনায় নিয়ে বাজেটে অন্তর্ভুক্ত করবে বলে আমরা আশা করি। কিন্তু মিথ্যা আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। তারা যে আচরণ করেছে, তারপর সংসদে যাওয়া কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়।