দেলোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সদ্য প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী-সাংসদ, রাজনীতিকসহ সর্বস্তরের মানুষ।অস্ট্রেলিয়া থেকে বড় মেয়ের আসার অপেক্ষায় গতকালের পরিবর্তে আজ শনিবার খোন্দকার দেলোয়ারকে মানিকগঞ্জে তাঁর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।গতকাল শুক্রবার হাইকোর্ট প্রাঙ্গণ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, বায়তুল মোকাররম মসজিদ ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পৃথক জানাজা হয়। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হয়। সেখানে প্রবীণ এই নেতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, শিক্ষকসহ পেশাজীবী বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী-পেশার মানুষ।ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানান। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, চীন, ইরাক, নেপালের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা রয়েছেন। এ ছাড়া ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।গতকাল বেলা সোয়া ১১টায় খোন্দকার দেলোয়ারের মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। সেখানে মরহুমের তৃতীয় জানাজার পর সরকারি, বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শেষ বিদায় জানান। স্পিকার আবদুল হামিদের পক্ষে সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহীদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ ছাড়া আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মরহুম নেতার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পার্লামেন্টস মেম্বারস ক্লাব, সংসদের চিফ হুইপের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।জানাজায় অংশ নেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংসদ রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, ওসমান ফারুক, হাফিজ উদ্দীন আহম্মেদ, চট্টগ্রাম সিটি মেয়র মন্জুর আলমসহ বিভিন্ন দলের সাংসদ ও অবসরপ্রাপ্ত অনেক সরকারি কর্মকর্তা। খোন্দকার দেলোয়ার ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে সরকারি দলের প্রধান হুইপের দায়িত্ব পালন করেন। সপ্তম সংসদে তিনি ছিলেন বিরোধীদলীয় প্রধান হুইপ। গতকাল সকাল ১০টায় খোন্দকার দেলোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, টি এইচ খান, আমিনুল হক, আবদুর রাজ্জাকসহ বিচারপতি, আইনজীবী ও আদালতের কর্মকর্তারা জানাজায় অংশ নেন। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চতুর্থ জানাজা এবং বিকেল সাড়ে পাঁচটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতারাসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী অংশ নেন। এরপর তাঁর মরদেহ বারডেমের হিমঘরে নিয়ে রাখা হয়।দাফন আজ: বিএনপির প্রয়াত এই নেতাকে আজ শনিবার মানিকগঞ্জের খিরাই পাচুরিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শাইরুল কবীর জানান, খোন্দকার দেলোয়ার হোসেনের বড় মেয়ে অস্ট্রেলিয়ায় থাকায় তাঁর অপেক্ষায় দাফনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। খোন্দকার দেলোয়ার গত বুধবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।