দেলোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন, কাল দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী-সাংসদ, রাজনীতিকসহ সর্বস্তরের মানুষ। কাল মানিকগঞ্জের খিরাই পাচুরিয়ায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।আজ শুক্রবার হাইকোর্ট প্রাঙ্গণ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, বায়তুল মোকাররম মসজিদ ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পৃথক জানাজার মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শোক বইয়ে স্বাক্ষর করে দেলোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কূটনীতিকেরাও। এর আগে সকালে, কেন্দ্রীয় শহীদ মিনারে খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।এদিকে অস্ট্রেলিয়া থেকে বড় মেয়ের আসার অপেক্ষায় শুক্রবারের পরিবর্তে কাল শনিবার দেলোয়ার হোসেনকে মানিকগঞ্জে তাঁর নিজ বাড়িতে সমাহিত করা হবে। আজ বেলা সোয়া ১১টার দিকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ারের মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। মরহুমের তৃতীয় জানাজার পর শুরু হয় শ্রদ্ধা নিবেদন। সরকারি দল, বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান।এর আগে সকাল ১০টায় খোন্দকার দেলোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, টি এইচ খান, আমিনুল হক, আবদুর রাজ্জাকসহ বিচারপতি, আইনজীবী ও আদালতের কর্মকর্তারা তাঁর জানাজায় অংশ নেন। পরে আইনজীবী সমিতির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দেওয়া হয়।দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চতুর্থ জানাজা শেষে খোন্দকার দেলোয়ারের মরদেহ বারডেমের হিমঘরে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৫টা ২০ মিনিটে মরদেহ দলীয় কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে ৫টা ৩০ মিনিটে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুনরায় দেলোয়ারের মরদেহ বারডেমের হিমঘরে নেওয়া হয়। উল্লেখ্য, খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আরমানিটোলা মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।এদিকে যুক্তরাজ্যের হাইকমিশনার স্টেফান ইভান্স খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, তাঁর রাজনৈতিক দূরদৃষ্টি, অভিজ্ঞতা ও বিচক্ষণতা বিএনপি তথা বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল।