দেলোয়ারের মতে, জনমত এখন বিরোধীদের পক্ষে
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকারের পক্ষে কোনো জনমত নেই। সব জনমত এখন বিরোধী দলের পক্ষে। তাই তিনি সভা-সেমিনারে বক্তব্য না দিয়ে এখনই আন্দোলন শুরু করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এ কথা বলেন। খোন্দকার দেলোয়ার সরকারি কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘প্রশাসন-পুলিশ কেউই রক্ষা পাবে না। সরকারের সিদ্ধান্তের বাইরে মতামত প্রকাশ করলে এই সরকার কাউকেই ছাড় দেবে না।’ পাবনার ঘটনার পর যাদের বদলি করা হয়েছে তাদের কারও চাকরি থাকবে কি না সে বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেন। আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের বিএনপির নেতাদের আয়নার মুখ দেখার যে পরামর্শ দিয়েছেন তার উত্তরে খোন্দকার দেলোয়ার বলেন, বিএনপি এখন ক্ষমতায় নেই। তাই তারা নিজেদের চেহারা ক্ষমতার মেকআপ ছাড়াই দেখতে পাবে। কিন্তু ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নেতারা আয়নায় নিজেদের ক্ষমতার মেকআপযুক্ত চেহারা দেখতে পাবে। তিনি ক্ষমতার মেকআপ ছাড়া চেহারা দেখার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।