দেশ আজ মহাসংকটে: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দেশ আজ মহাসংকটে। ‘মহাদুর্নীতিবাজ ও জালিম’ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।আজ মঙ্গলবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে রাজনৈতিক নেতাদের সম্মানে ১৮ দলের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এ কথা বলেন। ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, এই সরকার ক্ষমতা থেকে বিদায় নিলে মানুষ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। আগামী দিনে ১৮-দলীয় জোট ক্ষমতায় এলে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সরকারের হাত থেকে রক্ষা পেতে এই রমজানে আল্লাহর কাছে সবাইকে দোয়া করার আহ্বানও জানান তিনি।ইফতারের আগে এলডিপির চেয়ারম্যান অলী আহমদও শুভেচ্ছা বক্তব্য দেন। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, আবদুল মঈন খান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান এবং ১৮ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।