বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশ এখন চলছে অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা। এ সরকারের উপদেষ্টারা বাংলাদেশ নাকি ভারতের নাগরিক—তা বোধগম্য নয়।রাজধানীর রূপসী বাংলা হোটেলে আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠেয় খালেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আজ বেলা একটায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে জি নাইন। খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সাংবাদিক শফিক রেহমানের লিখিত ও সম্পাদিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে ওই অনুষ্ঠান আয়োজন করেছিল জি নাইন। রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের লেখা ও সম্পাদনায় ওই বইগুলোর মোড়ক উন্মোচন করার কথা ছিল খালেদা জিয়ার। বইগুলোর মধ্যে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ওপর বাংলা ও ইংরেজি ভাষায় লেখা দুটি করে চারটি বই এবং বিভিন্ন সময়ে নানা বিষয়ে শফিক রেহমানের নিজের লেখা থেকে সংকলন করে একটি বই—মোট পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করার কথা ছিল। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাতিলের কারণ সম্পর্কে তিনি বলেন, সরকারের উচ্চ কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থার নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।