দেশ ও মাতৃভাষাকে ভালোবাসার আহ্বান এবং মাদক ও মিথ্যাকে ‘না’ বলার শপথের মধ্য দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো এইচএসবিসি-প্রথম আলো নীলফামারী অঞ্চলের ভাষা প্রতিযোগ। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ে আয়োজিত এ উৎসবে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। ভাষা প্রতিযোগ শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই উত্তরের সাত জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় নীলফামারী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। সবার পদচারণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। নীলফামারীতে এবারই প্রথম এই প্রতিযোগের আয়োজন হওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের মাত্রাটা ছিল একটু বেশিই।সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন নীলফামারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহামঞ্চদ আজম। শুভেচ্ছা বক্তৃতা করেন প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান ও প্রথম আলো বন্ধুসভা নীলফামারীর সভাপতি আবদুল হাদী। বক্তারা দেশ ও মাতৃভাষাকে ভালোবাসার আহ্বান জানান। পরে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার ভাগে শিক্ষার্থীদের ৩০ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্ব সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। শিক্ষার্থী পাপিয়া কুণ্ডুর প্রশ্ন ছিল, বাংলা ভাষা কত সালে কোন ভাষা থেকে জন্ম নিয়েছে? মো. সিফাতের প্রশ্ন, নতুন শব্দ বা ভাষা বিকাশে প্রথম আলো কী ভূমিকা পালন করছে? ভাষা বিষয়ে এমন নানা প্রশ্নের জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহামঞ্চদ আজম, তারিক মনজুর ও তাশরিক-ই-হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রাজিব মণ্ডল এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহজাহান আলী। উৎসবে অংশ নিয়ে অভিভাবক আঞ্জুমান আরা বেগম বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছে। পরে নীলফামারী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রাফিয়া প্রথম আলোকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করে। বেলা দেড়টার দিকে ভাষা প্রতিযোগের ফল ঘোষণা করা হয়। নীলফামারী অঞ্চলে সেরাদের সেরা হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার রানী বৃন্দারানী সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র জলেনূর রহমান। বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন নির্বাহী কাজী রেজাউল করিম। পরে বিজয়ী ৬০ জনকে বই, সনদ ও পদক দেওয়া হয়। অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা আতিক ও বাউলশিল্পী সালেহ সংগীত পরিবেশন করেন। মাদক ও মিথ্যাকে ‘না’ বলার শপথ করান বিশ্বজিৎ চৌধুরী।নীলফামারী অঞ্চলের ভাষা প্রতিযোগের মধ্য দিয়ে এইচএসবিসি-প্রথম আলো আঞ্চলিক ভাষা প্রতিযোগ শেষ হলো। আঞ্চলিক ভাষা প্রতিযোগী বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে। জাতীয় ভাষা প্রতিযোগের তারিখ পরে জানানো হবে।